রাশিদুন খিলাফত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাশিদুন খিলাফত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২১ মে, ২০২৩

খিলাফত পর্ব-৫০ : খিলাফত ব্যবস্থার বেদনাদায়ক বিলুপ্তি


আলী রা. যখন আহত অবস্থায় ছিলেন তখন তাঁকে মুসলিমরা প্রশ্ন করেছিলো, আমরা কার বাইয়াত নিব? আমরা কি হাসান রা.-এর কাছে বাইয়াত নিব? উত্তরে আলী রা. বলেছিলেন, না, তা আমি বলবো না। রাসূলুল্লাহ্ সা. তোমাদেরকে যেমন খলীফা নির্ধারণ না করে রেখে গিয়েছিলেন আমিও তেমনি রেখে যাব।

মহান আল্লাহ্ যদি তোমাদের কল্যাণ চান তাহলে তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠতম, তাঁর খলীফা নির্ধারণে তিনি তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিবেন, যেমন রাসূলুল্লাহ্ সা.-এর পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির খলীফা নির্বাচনে তিনি তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছিলেন। এটাই সঠিক পদ্ধতি। মুসলিমদের নেতা মুসলিমরাই ঠিক করবে। যার ব্যাপারে বেশিরভাগ মুসলিম একমত হবেন তিনিই হবে রাষ্ট্রের দায়িত্বশীল ও রাসূল সা.-এর খলিফা।

আলী রা.-এর ইন্তিকালের পর হাসান রা. তাঁর জানাযার নামাযে ইমামতি করলেন। রাজধানীতে তাঁকে দাফন করা হলো। ধারণা করা হয়, এই কথাই সর্বাধিক বিশুদ্ধ। হাসান রা. ও হুসাইন রা. আলী রা.-এর লাশের সাথে শত্রুরা অসম্মান করতে পারে এই ভেবে লাশ দাফন করা হয় গোপনে। তাই আলী রা.-এর কবর নিয়ে একটি ধুম্রজাল রয়েছে।

তিনটি মত আছে এই বিষয়ে। ১. কুফায় দাফন করা হয় ২. রাতের আঁধারে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ফাতিমা রা.-এর কবরের পাশে দাফন করা হয়। ৩. মদিনায় পাঠানোর সময় লাশবাহী উট হারিয়ে যায়। সেটা আফগানিস্তানের মাজার-ই-শরিফে পৌঁছে যায়। সেখানে দাফন করা হয়। তবে সর্বাধিক যুক্তিযুক্ত মত হলো আলী রা.-এর কবর কুফায়। কুফা ও আফগানিস্তানে আলী রা.-এর মাজার অবস্থিত।

দাফন-কাফন ও সংশ্লিষ্ট বিষয়াদি সমাপ্ত করার পর সর্বপ্রথম কায়স ইবন সা'দ রা. হযরত হাসান রা.-এর সম্মুখে এলেন এবং বললেন, আপনার হাত প্রসারিত করুন। আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ্ সা.-এর সুন্নাত বাস্তবায়নের মর্মে আমি আপনার হাতে বায়'আত করবো। তাঁর এই কথার ওপরে কুফার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যান। উপস্থিত কেউই এর বিরোধীতা বা ভিন্ন কোনো প্রস্তাব দেননি। তারপর কায়স ইবনে সা'দ স্বতঃস্ফূর্তভাবে তাঁর হাতে বায়'আত করেন। এরপর অন্যান্য লোকজন তাঁর হাতে বায়'আত করে।

হযরত হাসান রা. খলীফা হিসেবে কাজ শুরু করেন। কায়স ইব্ন সা'দ ছিলেন আযারবাইজানের গভর্নর। তাঁর অধীনে ছিল চল্লিশ হাজার লড়াকু যোদ্ধা। তারা সকলে আমৃত্যু হযরত আলী রা.-এর প্রতি আনুগত্যের শপথ করেছিল। হাসান রা. দায়িত্ব নেয়ার পর থেকেই মুয়াবিয়া রা.-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য চাপ তৈরি হচ্ছিল। এদিকে মুয়াবিয়া রা. আলী রা.-এর শাহদাতের খবর শোনার পর থেকে কুফা দখলের প্রস্তুতি শুরু করেছিলেন। হাসান রা. সবসময় গৃহযুদ্ধের বিরুদ্ধে ছিল। আলী রা.-এর সাথে সবকয়টি যুদ্ধে অংশ নিলেও তিনি প্রায় সবক'টি যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।

এখানেও তাই ঘটেছিল। শুরা সদস্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেও তিনি যুদ্ধের জন্য সিদ্ধান্ত নিচ্ছিলেন না। অবশেষে মুয়াবিয়া রা.-এর তৎপরতায় তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কায়স ইবনে সা'দের নেতৃত্বে সিরিয়া যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। কায়স রা.-এর অবর্তমানে আজারবাইজানের নতুন গভর্নর করা হয় উবায়দুল্লাহ্ ইব্‌ন আব্বাস রা.-কে। বিশাল বাহিনী নিয়ে যখন হাসান রা. রওনা হলেন তখন মাদায়েনে সেনাপতি কায়স রা. ইন্তেকালের গুজব তৈরি হয়। এতে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়।

এমনিতেই ব্যক্তিগতভাবে হাসান রা. যুদ্ধ বিরোধী ছিলেন এবং একইসাথে যখন তাঁর নিজের সৈন্যদের মধ্যে বিশৃঙ্খল লক্ষ করলেন, তখন মীমাংসায় রাযী করানোর জন্যে মুআবিয়া রা.-এর নিকট চিঠি লিখলেন। মু'আবিয়া রা. তখন সৈন্যবাহিনী নিয়ে যাত্রা করে এসে পথিমধ্যে অবস্থান করছিলেন। মু'আবিয়া রা. তাঁর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আবদুল্লাহ্ ইব্‌ন আমীর ও আবদুর রহমান ইব্‌ন সামুরাকে প্রেরণ করলেন। তারা হাসান রা.-এর সাথে সাক্ষাত করলেন। তারা খিলাফত থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে হাসান রা. যত ধন- সম্পদ চাইবেন তার সবই প্রদানের প্রস্তাব করলেন।

হাসান রা. এই শর্তে খিলাফতের দাবী পরিত্যাগে রাজি হলেন যে, তাঁকে কুফার বায়তুলমাল থেকে পঞ্চাশ লক্ষ দিরহাম দেওয়া হবে, আবজারাদ অঞ্চলের খাজনা তিনি গ্রহণ করবেন এবং হযরত আলী রা.-এর প্রতি কোনো নিন্দাবাদ যেন তাঁর কানে না আসে। মু'আবিয়া রা. যদি এসব শর্তে রাজি হন তাহলে তিনি মু'আবিয়া রা.-এর পক্ষে খিলাফতের পদ ছেড়ে দিবেন এবং তাতে মুসলমানদের পরস্পরের রক্তপাত বন্ধ হবে। শেষ পর্যন্ত তাঁরা এই শর্তে মীমাংসা ও আপোষরফা করলেন এবং মু'আবিয়া রা. একক খলীফা হিসেবে স্বীকৃতি পেলেন।

হাসান রা. ও মুয়াবিয়া রা.-এর মধ্যে চুক্তি লিখিত না হওয়ায় এর সঠিক শব্দগুলো পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে যা জানা যায় তা হলো,
১. মুয়াবিয়া রা.-কে হযরত আলী (আ.)’র বিরুদ্ধে মিথ্যাচার, অপবাদ ও প্রচারণা বন্ধ করতে হবে।
২. জামাল ও সিফফিনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোকে অর্থ সাহায্য দিতে হবে।
৩. মুয়াবিয়া রা. কোনো ব্যক্তিকেই (খেলাফতের জন্য) নিজের উত্তরসূরি মনোনীত করতে পারবেন না। পরবর্তী খলিফা নির্ধারিত হবে শুরা কর্তৃক নির্বাচিত।
৪. মুয়াবিয়া রা.-এর মৃত্যুকালে হাসান রা. জীবিত থাকলে খেলাফতের উত্তরসূরি হবেন হাসান রা.।

হযরত হাসান রা.-এর ভাই হযরত হুসাইন রা. এই সিদ্ধান্তের সমালোচনা করেন এবং তিনি এই মীমাংসা মেনে নেন নি। সেনাপতি কায়স রা.-ও এই মীমাংসা ও আপোষরফা মেনে নিতে অস্বীকার করেন। ফলে তিনি হাসান রা. এবং মু'আবিয়া রা. উভয়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেন এবং তার অনুগত সৈন্যদেরকে নিয়ে পৃথক সেনা দল গঠন করেন। কেন্দ্রীয় সরকার থেকে পৃথক হয়ে যান।

অবশ্য অল্প কিছুদিন পরে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং খলিফা মু'আবিয়া রা.-এর প্রতি আনুগত্য প্রকাশ করে তাঁর হাতে বায়'আত করে। খলীফা হিসেবে মু'আবিয়া রা.-এর প্রতি হযরত হাসান রা. আনুগত্যের এই ঘটনা ঘটে ৪১ হিজরী সনে। এজন্যে এই বছরটি 'ঐক্যের বছর' নামে প্রসিদ্ধ। যেহেতু এই বছর খলীফারূপে মু'আবিয়া রা.-এর পক্ষে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

মু'আবিয়া রা.-এর পক্ষে হযরত হাসান রা.-এর খিলাফতের দায়িত্ব অর্পণের ঘটনাটি ঘটেছিল ৪১ হিজরী সনের ৫ই রবিউল আউয়াল তারিখে। এটা মোটামুটি বিশুদ্ধ মত। এই ব্যাপারে কিছু ভিন্নমতও আছে। তারপর মু'আবিয়া রা. কুফা প্রবেশ করেন। তাঁর হাতে সকলে বায়'আত সম্পন্ন হবার পর তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। ইবনে জারির উল্লেখ করেন, আমর ইবনুল আস রা. মু'আবিয়া রা.-কে ইঙ্গিতে বলেছিলেন, যেন হযরত হাসান রা.-কে ভাষণের সুযোগ দেওয়া হয় এবং ভাষণের মাধ্যমে তিনি যেন প্রকাশ্যে সবাইকে জানিয়ে দেন যে, সবাই যেন এখন থেকে মুয়াবিয়া রা.-এর আনুগত্য করে।

মু'আবিয়া রা. হযরত হাসান রা.-কে ভাষণ দানের অনুরোধ করলেন। হযরত হাসান রা. ভাষণ দানের জন্যে দাঁড়ালেন। ভাষণে তিনি আল্লাহ্ প্রশংসা, গুণগান ও রাসূলুল্লাহ্ সা.-এর প্রতি দরূদ শরীফ পাঠের পর বললেন-

//“হে লোক সকল! আমাদের প্রথম ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সা.-এর মাধ্যমে আল্লাহ্ তাআলা আপনাদেরকে সত্য পথের দিশা দান করেছেন। আর আমাদের শেষ ব্যক্তি দ্বারা আপনাদেরকে রক্তপাত থেকে রক্ষা করেছেন। এ বিষয় অর্থাৎ শাসন ক্ষমতার একটি মেয়াদ নির্ধারিত রয়েছে। আর দুনিয়া হলো কূপের থেকে পানি তোলার বালতি সদৃশ। কখনো এর হাতে কখনো ওর হাতে।

মহান আল্লাহ্ তাঁর নবীকে সা. বলেছেন, আমি জানি না, হয়ত এটি তোমাদের জন্যে এক পরীক্ষা এবং জীবনের এই ক্ষমতা ভোগ কিছুকালের জন্যে। (সূরা ২১, আম্বিয়া : ১১১)।//

হযরত হাসান রা.-এর এতটুকু কথায় মু'আবিয়া রা. রেগে গেলেন এবং তাঁকে বসে যেতে নির্দেশ দিলেন। তাঁকে আর বক্তব্য দিতে দেননি। বক্তব্য প্রদানের অনুমতি দেয়ার ইঙ্গিত করায় তিনি আমর ইবনুল আস রা.-কেও ভর্ৎসনা করলেন এবং বিষয়টি আজীবন তাঁর মনে অক্ষুণ্ণ ছিল। আল্লাহ্ই ভাল জানেন।

ঐদিন থেকেই বুঝা গিয়েছে মুয়াবিয়া রা. যে চুক্তি করেছেন সেই চুক্তি সংরক্ষণ হবে না। আমরা ইতিহাস থেকে দেখতে পাই মুয়াবিয়া রা. কর্তৃক এই চুক্তিগুলোর মধ্যে ২ নং ছাড়া কোনোটাই বাস্তবায়ন হয়নি। ইমাম হাসান তিনবার বিষপ্রয়োগের শিকার হলেন। প্রথম দুইবার সুস্থ হলেও তৃতীয়বারে তিনি শহীদ হন।

প্রায়ই জুমুআর খুতবায় আলী রা.-এর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও অভিশম্পাত করা হতো। এর বিরুদ্ধে কথা বলায় হুজর বিন আদি রা.-কে হত্যা করা হয় মুয়াবিয়া রা.-এর নির্দেশে। একই ঘটনায় আলী রা.-এর ভাই আকিল রা.-কেও হত্যা করার চেষ্টা করেন। তিনি এক গুহায় মৃত্যবরণ করলে মুয়াবিয়া রা.-এর সৈন্যরা তাঁর মাথা কেটে মুয়াবিয়া রা.-এর কাছে পাঠিয়ে দেয়। মুয়াবিয়া রা. আকিল রা.-এর মাথা সিরিয়ার রাস্তায় রাস্তায় প্রদর্শনী করেন। এরপর বন্দি থাকা আকিল রা.-এর স্ত্রীর কাছে তা প্রেরণ করেন।

মুয়াবিয়া রা. নিজেকে ইসলামের প্রথম বাদশাহ হিসেবে দাবি করতেন। এর আগেও উমার রা.-এর খিলাফতকালে এই আচরণের জন্য তাকে বেত্রাঘাত করতে উদ্যত হয়েছিলেন। মুয়াবিয়া রা. তার জীবদ্দশায় তারই পুত্র ইয়াজিদকে খেলাফতের উত্তরসূরী হিসেবে ঘোষণা করেন এবং নেতাদের কাছ থেকে ইয়াজিদের পক্ষে বাইয়াত আদায় করেন। ৪র্থ শর্ত কার্যকর করার সুযোগ ছিল না কারণ তার আগেই হাসান রা. শাহদাতবরণ করেন। হাসান রা.-এর শাহদাতের ব্যাপারে উমাইয়াদের অনেকে দায়ি করলেও সুনির্দিষ্ট প্রমান হাজির করতে পারে নি।

ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন না। শুরা দ্বারা খলিফা নির্বাচনের ব্যাপার হলে তার নির্বাচিত হওয়ার সুযোগ হতো না। তিনি ইসলামের বেসিক জ্ঞান, ইনসাফ ও আদল তো দূরের কথা তিনি নামাজ ছেড়ে দিতেন। মদ পান করতেন ও প্রেমাসক্ত কবিতা লিখতেন।

হাসান বসরি রহ. চার কারণে মুয়াবিয়া রা. এর শাসনকে প্রশ্নবিদ্ধ মনে করতেন। ১. খলিফা আলী রা.-এর বিরুদ্ধে বিদ্রোহ তথা হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ। ২. হুজর বিন আদি রা.-কে খুন ৩. জিয়াদ বিন আবিহকে নিজের পিতার ঔরশভুক্ত করে নেওয়া (যা হারাম করা হয়েছে সূরা আহজাবের ৫ নং আয়াতে)। ৪. নিজের মদ্যপায়ী সন্তানের অনুকূলে খলিফা হিসেবে বাইয়াত নেওয়া।

মু'আবিয়া রা.-এর সাথে হযরত হাসান রা.-এর সমঝোতা চুক্তি সম্পন্ন হবার পর এক ব্যক্তি হযরত হাসান রা.-কে সম্বোধন করে বললো, 'আপনি মু'মিনদের চেহারায় কালিমা লেপন করেছেন। অথবা লোকটি বলেছে, 'হে মু'মিনদের মুখে কালিমা লেপনকারী ব্যক্তি!' উত্তরে তিনি বললেন, 'মহান আল্লাহ তোমকে দয়া করুন, আমাকে দুঃখ দিও না । কারণ নবী করীম সা.-কে স্বপ্নে দেখানো হয়েছিল যে, তাঁর মিম্বরে বানূ উমাইয়ার লোক বসেছে। এতে তিনি মনঃক্ষুণ্ণ হলেন। তখন নাযিল হল- 'আমি অবশ্যই আপনাকে কাওসার দান করেছি। (সূরা-১০৮, কাওসার-১)। অর্থাৎ জান্নাতের কাওসার দান করেছি।

তখন আরো নাযিল হল, আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে আপনি কি জানেন? মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (সূরা-৯৭, কাদর : ১-৩)। এর দ্বারা আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ সা.-কে বললেন, হে মুহাম্মদ! আপনার পরে বনু উমাইয়া গোত্র খিলাফতের অধিকারী হবে। এর বিনিময়ে আপনাকে কাওসার ও লাইলাতুল কদর দান করা হয়েছে। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেন।

আবূ আরিফ বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইমাম হাসান রা.-এর প্রেরণ করা অগ্রবর্তী সেনাদলে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। আমরা ছিলাম সংখ্যায় ১২,০০০। সিরিয়াবাসীদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ পরিচালনার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা 'মাসকান-ই-মুসতামীতীন' নামক স্থানে অবস্থান করছিলাম। ইমাম হাসান রা. উমাইয়াদের সাথে সন্ধি স্থাপন করেছেন এই সংবাদ যখন আমাদের নিকট পৌঁছে তখন মনে হচ্ছিল যে, ক্ষোভে-দুঃখে আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। পরে হযরত হাসান রা. যখন কুফায় ফিরে এলেন তখন আবু আমির সাঈদ নামে আমাদের এক লোক তাঁকে সম্বোধন করে বললো,

'হে মু'মিনদেরকে লাঞ্ছিতকারী! আপনাকে সালাম।' হযরত হাসান রা. বললেন, //হে আবু আমির! এমন কথা বলো না। আমি মু'মিনদেরকে অপমানিত ও লাঞ্ছিত করি নি বরং রাজত্বের লোভে মু'মিনদেরকে হত্যা করাকে ঘৃণা করেছি।//

যাই হোক শহর-উপশহরগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মুআবিয়া রা. কুফায় এলেন এবং সেখানে একটি ভাষণ দিলেন। এ সময়ে সর্বত্র তাঁর প্রতি একক আনুগত্য ঘোষণা করা হল। প্রচণ্ড সাহসী আরব সেনাপতি কায়স ইব্‌ন সা'দও তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করলেন। যদিও শুরুতে তিনি মু'আবিয়া রা.-এর বিরুদ্ধাচরণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ওই বছরই মু'আবিয়া রা. সর্বত্র একক আনুগত্য অর্জন করেন।

এরপর ইমাম হাসান রা., তাঁর ভাই ইমাম হুসাইন রা., তাঁদের অবশিষ্ট ভাইয়েরা এবং তাঁদের চাচাত ভাই আব্দুল্লাহ্ ইবনে জা'ফর ইরাক থেকে মদীনায় চলে এলেন। মূলত এই কারণেই আলী রা.-এর কবরের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এসব ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে খুলাফায়ে রাশিদার দুঃখজনক ও বেদনাদায়ক পরিসমাপ্তি ঘটে। 

১৮ মে, ২০২৩

খিলাফত পর্ব-৪৯ : আলী রা.-এর যেভাবে শহীদ হলেন

সাইত্রিশ হিজরিতে খারেজিদের বিরুদ্ধে নাহরাওয়ানের যুদ্ধের পর আলী রা. দেখলেন তাঁর সেনাবাহিনী যথেষ্ট ক্লান্ত ও পরিশ্রান্ত। তারা আর যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত নন। আলী রা. পরিস্থিতি অনুধাবন করে সিরিয়ায় অভিযান চালানোর পরিকল্পনা স্থগিত করলেন। তিনি ইসলামী রাষ্ট্র নিয়ন্ত্রণে সময় দিয়েছেন। এরপর থেকে তাঁর শাহদাত পর্যন্ত তাঁকে আর যুদ্ধে জড়াতে হয়নি। এর মধ্যে সিরিয়া ছাড়া বাকী অংশ আলী রা.-এর অধীনে ছিল। 

তবে আলী রা. দমে গেলেও দমে যাননি মুয়াবিয়া রা.। তাঁর যুক্তি ছিল আমর ইবনুল আস রা. ও আবু মুসা আশয়ারি রা.-এর সালিশ অনুসারে তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। আলী রা. সালিশ অস্বীকার করে চুক্তি ভঙ্গ করেছেন। আদতে এটা সঠিক ছিল না। আমর রা. ও আবু মুসা রা. ঐক্যমতে পৌঁছান নি। আমর রা. নিজ ঘোষণায় মুয়াবিয়া রা.-কে খলিফা ঘোষণা করেছিলেন। 

যাই হিজরি আটত্রিশ সনে মুয়াবিয়া রা. মিশর দখল করার জন্য আমর ইবনুল আস রা.-কে পাঠান। তখন আলী রা.-এর পক্ষে মিশরের গভর্নর ছিলেন মুহাম্মদ ইবনে আবু বকর। মুয়াবিয়া রা.-এর কাছে তিনি উসমান হত্যাকারী হিসেবে সাব্যস্থ ছিলেন। আমর ইবনুল আস মিশর দখল করেন এবং খুবই নির্মমভাবে মিশরের গভর্নর মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করেন। একই বছর তাঁর মা আসমা বিনতে উমাইস রা.-ও মৃত্যুবরণ করেন। মুহাম্মদ বিন আবু বকর জন্মের কয়েকবছর পর তাঁর পিতা আবু বকর রা. ইন্তেকাল করেন। 

এরপর থেকেই তিনি আলী রা.-এর স্নেহে ও তত্ত্বাবধানে বড় হন। তিনি আলী রা.-এর ছেলের মতোই ছিলেন। খলিফা আলী রা. অত্যন্ত কষ্ট পেয়েছেন। সিরিয়া থেকে মিশর কাছে হওয়ায় মুয়াবিয়া রা.-এর জন্য আক্রমণ সহজ হয়েছে। অন্যদিকে কুফা থেকে মিশর অনেক দূরের হওয়ায় আলী রা. যথাসময়ে সাহায্য পাঠাতে পারেন নি। 

মুয়াবিয়া রা. ক্রমাগত ইসলামী রাষ্ট্রের সকল দিকেই হামলা চালিয়েছেন। তবে মিশর ছাড়া অন্য কোথাও উল্লেখযোগ্য সাফল্য পাননি। ৪০ হিজরিতে আলী রা.-এর শাহদাতের কিছু দিন পূর্বে মুয়াবিয়া রা. মক্কা-মদিনা দখল করার জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। বুসরের নেতৃত্বে মুয়াবিয়ার বাহিনী মক্কা ও মদিনায় হত্যাকাণ্ড চালায়। আলী রা. জারিয়াহ'র নেতৃত্বে একদল বাহিনী প্রেরণ করলে বুসর পালিয়ে যায়। এরপর আলী রা ও মুয়াবিয়া রা.-এর মধ্যে পত্র বিনিময় হয়। সিরিয়া ও মিশরে মুয়াবিয়া রা. কর্তৃত্ব স্বীকার করে নেন আলী রা.। বিনিময়ে বাকী অংশে হামলা করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন মুয়াবিয়া রা.। 

সাইত্রিশ সালে নির্মূল হওয়া চরমপন্থী খারেজি গোষ্ঠীর তিনজন প্রতিশোধ নিতে অঙ্গীকারাবদ্ধ হয়। তারা হলো- ১. আবদুর রহমান ইবন আমর ওরফে ইবন মুলজিম ২. বারক ইব্‌ন আবদুল্লাহ তামীমী এবং ৩. আমর ইব্‌ন বকর তামীমী। এরা তিনজন একত্রিত হয়ে নাহরাওয়ানে আলীর হাতে তাদের ভাইদের নিহত হওয়ার ঘটনা আলোচনা করে অনুশোচনা ব্যক্ত করে বলে- এরাই যখন মারা গেল, তখন আমাদের বেঁচে থাকার সার্থকতা কি? তারা তো আল্লাহর সন্তুষ্টির পথে কোন নিন্দুকের নিন্দার ভয় করতো না। আমরা যদি জীবনের ঝুঁকি নিয়ে এসব পথভ্রষ্ট নেতাদের হত্যা করি, তাহলে সারা দেশের মানুষ এদের জুলুম থেকে নাজাত পাবে। তেমনি আমাদের নিহত ভাইদের প্রতিশোধও গ্রহণ করা হবে। 

তখন ইবনে মুলজিম বললো, আমি আলী ইবন আবূ তালিবের দায়িত্ব নিলাম। বারক বললো, আমি মু'আবিয়ার দায়িত্ব নিলাম। আমর ইব্‌ন বকর বললো, আমি আমর ইবনুল আসের দায়িত্ব নিলাম। এরপর তিনজন শপথের মাধ্যমে অঙ্গীকার করলো যে, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের লোককে হত্যা করা থেকে ক্ষান্ত হবে না। হয় তার শত্রুকে হত্যা করবে, না হয় নিজে নিহত হবে। এরপর তারা নিজ নিজ তলোয়ারে বিষ সংযোগ করলো এবং হত্যাকাণ্ড ঘটাবার জন্যে রমযানের সতের তারিখ দিন ধার্য করলো। যে যাকে হত্যা করার দায়িত্ব নিল সে যে শহরে থাকে সে দিকে তারা রওনা হয়ে গেল।

ইব্ন মুলজিম কূফা গিয়ে পৌঁছলো। সে তার উদ্দেশ্য গোপন রেখে অবস্থান করতে থাকে। কুফায় তার নিজ সম্প্রদায়ের যেসব খারিজী বসবাস করতো তাদের কাছেও সে তার উদ্দেশ্য গোপন রাখে। একদিন বনু রাবাবের কতিপয় লোকের এক বৈঠকে ইব্ন মুলজিম বসে আছে। বৈঠকে তারা নাহরাওয়ানের যুদ্ধে নিজেদের নিহত ব্যক্তিদের স্মরণে আলোচনা করছিলেন। এক পর্যায়ে ঐ গোত্রের এক মহিলা তথায় উপস্থিত হয়। মহিলার নাম কিতাম বিনত শাজানাহ্ । নাহরাওয়ানে তার পিতা ও ভাই নিহত হয়। মহিলাটিও আলোচনায় যোগ দেয়। ইবনে মুলজিম মহিলাটিকে পছন্দ করে ও কিছুদিন পর বিয়ের প্রস্তাব দেয়।  

মহিলাটি তিন হাজার দিরহাম, একজন খাদেম, একজন দাসী ও আলী রা.-কে হত্যার শর্তে প্রস্তাবে সম্মত হয়। ইব্‌ন মুলজিম সকল শর্ত মেনে নেয়। প্রথম তিনটি তখনই আদায় করে এবং শেষেরটি সম্পর্কে জানায় যে, আমি এ শহরে কেবল আলীকে হত্যা করার উদ্দেশ্যেই এসেছি। উভয়ের মধ্যে বিয়ে হয়ে যায় এবং একত্রে বসবাস করে। মহিলা আলীর হত্যা ত্বরান্বিত করতে ইবন মুলজিমকে উত্তেজিত করতে থাকে। সে তার নিজের রাবাব গোত্রের ওয়ারদান নামক এক ব্যক্তিকে আলীর হত্যার কাজে সহযোগী হিসেবে ইবন মুলজিমের সাথী বানিয়ে দেয়। ইবনে মুলজিম শাবিব নামের একজনকেও তার সঙ্গী করে।

ইবনে মুলজিম তার সাথীদেরকে ১৭ রমজান শুক্রবার রাতে হামলা চালাবার কথা জানায়। তাদেরকে সে আরও জানালো যে, আমার আরও দুই সঙ্গী আছে যারা এই একই সময়ে মু'আবিয়া ও আমর ইবন আসের উপর হামলা করবে। নির্ধারিত সময়ে তারা তলোয়ার সজ্জিত হয়ে যেই দরজা দিয়ে আলী রা. মসজিদে প্রবেশ করেন সেই দরজার কাছে গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে আলী রা. তাঁর কক্ষ থেকে বেরিয়ে মসজিদে রওনা হন। আসার পথে লোকদের ঘুম থেকে জাগাবার জন্যে আস্-সালাত আস্-সালাত শব্দে আহ্বান করেন। মসজিদে ঢুকার প্রাক্কালে প্রথমে শাবীব তার তলোয়ার দিয়ে আঘাত করে। কিন্তু সে আঘাত আলীর গায়ে না লেগে মসজিদের প্রাচীরে লাগে। এরপর ইব্‌ন মুলজিম আলীর মাথার উপরিভাগে আঘাত করে। তখন আলীর মস্তক থেকে রক্ত প্রবাহিত হয়ে দাড়ি ভিজে যেতে থাকে।

শব্দ শুনে মুসলিমরা দ্রুত এগিয়ে আসে। ইবনে মুলজিম সাথে সাথেই ধরা পড়ে। ওয়ারদান পালিয়ে যাবার সময় হাযরা মাওতের এক লোক তাকে ধরে ফেলে ও হত্যা করে। শাবীব পালিয়ে যেতে সক্ষম হয়। লোকে চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। সালাতে ইমামতি করার জন্যে আলী জা'দাতা ইব্‌ন হুবাইরা ইব্‌ন আবূ ওহাবকে নির্দেশ দেন। তিনি ফজরের সালাতে ইমামতি করেন। আলীকে তার গৃহে নিয়ে যাওয়া হয়। এরপর আবদুর রহমান বন্দি অবস্থায় ইব্ন মুলজিমকে তাঁর সামনে হাযির করেন। আলী রা. বললেন, হে আল্লাহর দুশমন! তুমি এ কাজ কেন করলে? 

সে বললো, আমি চল্লিশ দিন যাবত এ তরবারি ধার দিয়েছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট লোক এ তরবারির আঘাতে নিহত হয়। আলী রা. বললেন, আমি দেখছি এর দ্বারা তোমাকে হত্যা করা হবে এবং তুমিই হবে সৃষ্টি জগতের নিকৃষ্টতম লোক। এরপর আলী সবাইকে লক্ষ্য করে বললেন, আমি যদি মারা যাই, তবে কিসাস হিসেবে তাকে হত্যা করবে। আর যদি বেঁচে যাই তা হলে আমিই সিদ্ধান্ত নিব, তার ব্যাপারে কি করা যায়। এ সময় জুনদুব ইব্‌ন আবদুল্লাহ্ আলী (রা)-কে জিজ্ঞেস করেন, আপনার যদি মৃত্যু হয়ে যায়, তা হলে আমরা কি হাসানের নিকট বায়'আত গ্রহণ করবো? 

তিনি বললেন, আমি তোমাদেরকে আদেশও করছি না, নিষেধও করছি না। এ ব্যাপারে কি করবে তোমরাই ভালো জান। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আলীর মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তিনি বারবার কালেমায়ে তাওহীদ পড়তে থাকেন। এরপর তিনি তাঁর দুই ছেলে হাসান ও হুসাইনকে ডেকে উপদেশ দেন, সকল ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবে, সালাত কায়েম করবে। যাকাত আদায় করবে, ক্রোধ নিবারণ করবে, সেলায়ে রেহেমী রক্ষা করবে, মূর্খদের ব্যাপারে ধৈর্যধারণ করবে, দীনের গভীর জ্ঞান অর্জন করবে, দৃঢ়তার সাথে কাজ করবে, কুরআনের হিফাজত করবে, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবে, ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করবে, নির্লজ্জতা থেকে দূরে থাকবে। 

এরপর আলী রা. সবার উপস্থিতিতে অসিয়ত করতে থাকেন। 

//বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এটা আলী ইব্ন আবু তালিবের ওসিয়ত। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ্ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ তাঁর বান্দা ও তাঁর রাসূল। তিনি তাঁকে হিদায়াত ও দ্বীনে হকসহ পাঠিয়েছেন যাতে অন্যান্য সকল দীনের উপর একে জয়ী করতে পারে। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্যে নিবেদিত। তাঁর কোন শরীক নেই, এটা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং আমিই সর্বপ্রথম তাঁর কাছে আত্মসমর্পণ করছি। 

হে হাসান! আমি তোমাকে, আমার সকল সন্তানকে ও যাদের কাছে আমার এ ওসিয়ত লিপি পৌঁছবে সকলের কাছে আমার উপদেশ রইল, তোমাদের প্রতিপালককে ভয় করে চলবে। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। ছিন্নভিন্ন হয়ে থেকো না।

আমি আবুল কাসিম সা.-কে বলতে শুনেছি যে, সালাত ও সিয়ামের ব্যাপকতার তুলনায় নিজেদের মধ্যে ঐক্য ও সুসম্পর্কের গুরুত্ব অনেক বেশী। তোমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের অধিকারের প্রতি যত্নবান থাকিও। তাদের অধিকার প্রদান পূর্বক সম্পর্ক রক্ষা করবে। আল্লাহ তোমাদের হিসাব সহজ করে নিবেন। ইয়াতীমদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাদের খোরাক বন্ধ করো না। তোমরা বেঁচে থাকতে যেন তারা ধ্বংস হয়ে না যায়। প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা তাদের অধিকারের ব্যাপারে তোমাদের নবীর ওসিয়ত রয়েছে। তিনি প্রতিবেশীর ব্যাপারে সর্বদা অসিয়ত করতেন। এমনকি আমাদের মনে হতে লাগলো যে, হয়তো তিনি প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন। 

পবিত্র কুরআনের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এমন যেন না হয় যে, কুরআন অনুসরণে অন্যরা তোমাদের চেয়ে এগিয়ে যাবে। সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ। তোমাদের প্রতিপালকের ঘর সম্পর্কে আল্লাহকে ভয় করো। যতদিন জীবিত থাকো, তোমাদের থেকে যেন তা খালি না হয়। রমজান মাসের ব্যাপারে আল্লাহকে ভয় কর। কেননা এ মাসের সিয়াম জাহান্নামের আগুন থেকে ঢালস্বরূপ রক্ষা করবে। আল্লাহর পথে জান-মাল দিয়ে জিহাদ করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। যাকাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা যাকাত আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে। 

তোমাদের নবীর যিম্মীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের সম্মুখে যেন তাদের উপর অত্যাচার না হয়। তোমাদের নবীর সাহাবীগণের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা রাসূলুল্লাহ্ তাদের সম্পর্কে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন। ফকীর ও মিসকীনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাদেরকে তোমাদের সমাজের অন্তর্ভুক্ত করে রেখো। তোমাদের অধীনস্থ দাস-দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা, তাঁর জীবনের সর্বশেষ উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন : আমি দুই শ্রেণীর দুর্বলদের ব্যাপারে সদয় হতে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তারা হলো, নারী ও দাস-দাসী। 

আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করো না, এ মনোভাব তোমাদেরকে তাদের ক্ষতি থেকে রক্ষা করবে যারা তোমাদের আক্রমণ করতে চায় কিংবা যারা তোমাদের উপর বিদ্রোহ করতে চায়। মানুষের সাথে সদালাপ করো। মহান আল্লাহ্ তোমাদেরকে সে আদেশই করেছেন। সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ত্যাগ করো না। যদি ত্যাগ করো, তা হলে নিকৃষ্ট লোকদের হাতে নেতৃত্ব চলে যাবে। তখন তোমরা দু'আ করবে, কিন্তু সে দু'আ কবুল হবে না। পারস্পরিক সম্পর্ক রক্ষা করবে এবং একে অপরের জন্যে অর্থ-সম্পদ ব্যয় করবে। কারও দোষ-ত্রুটি অন্বেষণ করা, সম্পর্ক ছিন্ন করা ও অনৈক্য সৃষ্টি করা থেকে সাবধান থাকবে। ভালো কাজে ও তাকওয়ামূলক কাজে একে অপরের সহযোগিতা করো। পাপ কাজে ও সীমালংঘনমূলক কাজে কারও সহযোগিতা করো না। আল্লাহকে সদা-সর্বদা ভয় করবে। তিনি কঠিন শাস্তি দানকারী।

আহলে বাইতের কোনো ক্ষতি করা থেকে আল্লাহ্ তোমাদেরকে রক্ষা করুন। তোমাদের নবী করীম তোমাদের উপর হিফাজতের দায়িত্ব অর্পণ করে গেছেন। আমি তোমাদেরকে মহান আল্লাহর দায়িত্বে রেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।// 

এরপর তিনি সকল কথা বন্ধ করে কেবল কালেমা পড়তে থাকেন। এক পর্যায়ে তাঁর নির্ধারিত নিঃশ্বাস শেষ হয়ে যায়। তাঁর দুনিয়ার জীবনের অবসান ঘটে। তাঁর ইন্তিকালের তারিখ চল্লিশ হিজরী সনের রমযান মাস।

ইন্তিকালের পর আলী রা.-কে তাঁর দুই ছেলে হাসান ও হুসাইন এবং আবদুল্লাহ ইব্ন জা'ফর গোসল করায়। হাসান রা. জানাযা নামাযের ইমামতি করেন। দাফনের পর আলী রা.-এর বিচার অনুসারে ইবনে মুলজিমকে শিরচ্ছেদ করে হত্যা করেন হাসান রা.। 

ওই নির্ধারিত দিনে মুয়াবিয়া রা.-কে হত্যা চেষ্টা করা হয়। তিনি আহত হন, এর মধ্যেই লোকেরা ঐ চরমপন্থীকে ধরে ফেলে। আমর ইবনুল আস একইদিন অসুস্থ থাকায় তিনি মসজিদে যান নি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ইমামতি করতে যান খারিজা ইব্‌ন আবূ হাবিবা। চরমপন্থী খারিজাকে হত্যা করে আমর ইবনুল আস মনে করে। লোকজন তাকে ধরে ফেলে।  



১৭ মে, ২০২৩

খিলাফত পর্ব-৪৮ : আলী রা.-এর বিরুদ্ধে খারিজিদের বিদ্রোহ


হযরত আলী রা. যখন আবূ মূসা আশ'আরীকে প্রয়োজনীয় সৈন্যসহ দুমাতুল জানদালে শালিস করতে পাঠালেন তখন খারিজীরা তাদের তৎপরতা বৃদ্ধি করে দেয়। তারা শালিসের এই বিষয়কে ইসলাম বিরুদ্ধ হিসেবে সাব্যস্ত করে। তারা আলী রা.-এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং প্রকাশ্যভাবে তাকে কাফির বলে আখ্যায়িত করে।

আলী রা. ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনকে বিনা বাধায় চালাতে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিরুদ্ধ মতের মানুষের ওপর আঘাত না হেনেছে। আলী রা. তার ওপর আরোপিত সকল অভিযোগ খন্ডন করেছেন। ফলশ্রুতিতে তাদের প্রায় তিন ভাগের একভাগ নিজেদের ভুল বুঝতে পেরে খারিজি মতামত প্রত্যাখ্যান করেছে।

তাদের মধ্য থেকে দুই ব্যক্তি যুর'আ এবং হারকূস আলী রা.-এর কাছে এসে বলতে লাগলেন, আল্লাহ্ ছাড়া অন্য কারও হুকুম নেই। আলীও বললেন, আল্লাহ্ ছাড়া অন্য কারও হুকুম নেই। হারকূস বললো, আপনি নিজের কৃত গুনাহ থেকে তওবা করুন এবং আমাদের সঙ্গে থেকে শত্রুর (মুয়াবিয়া রা.) বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করুন।

আলী রা. বললেন, আমি তো তোমাদের থেকে তাই চেয়েছিলাম কিন্তু তোমরাই তো অস্বীকার করলে। এখন তাদের ও আমাদের মধ্যে একটা লিখিত চুক্তিপত্র হয়েছে। আর চুক্তির ব্যাপারে মহান আল্লাহ্ ইরশাদ করেন,- তোমরা অংগীকার পূর্ণ করো যখন পরস্পর অংগীকার কর (নাহল : ৯১)।

হারকূস বললো, এ সালিশি চুক্তি একটি পাপ, এর থেকে আপনার তওবা করা উচিত। আলী রা. বললেন, এটি পাপ নয় বরং বলা যায় এটা একটি দুর্বল মত। আমরা মুসলিমদের রক্তপাত বন্ধ হোক তা চেয়েছি। যুরআ বললো, হে আলী! আপনি যদি সালিশ মানা ত্যাগ না করেন তাহলে আমরা আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনায় আপনার বিরুদ্ধে লড়াই করবো। আলী বললেন, তুমি ধ্বংস হও! তুমি কি আমাকে লাশ মনে করেছো। মনে রেখ, তোমার দেহ মাটিতে আচ্ছন্ন হয়ে যাবে। যুরআ বললো, সেটাইতো আমার কাম্য।

আলী বললেন, তুমি যদি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকতে তাহলে দুনিয়া থেকে বিদায়কালে প্রশান্তি লাভ করতে। কিন্তু আফসোস! শয়তান যে তোমাদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে ফেলেছে। এরপর তারা উভয়ে সেখান থেকে দর্পভরে চলে যায় এবং জনগণের মধ্যে এসব কথা নিয়ে প্রচার প্রপাগান্ডা করতে থাকে। আলী রা. যখন মসজিদে খুতবা দিতে থাকেন তখন তারা শোরগোল করে খুতবায় বাধার সৃষ্টি করতো, গালাগাল দিতো এবং কুরআনের আয়াত পড়ে কটাক্ষ করতো। এখানে উল্লেখ্য যে, খারিজিরা প্রায় সবাই কুরআন মুখস্ত জানতো। কথায় কথায় কুরআনের দলিল দিতো। তাদেরকে অক্ষরবাদী বলা যায়। তারা কুরআনের শাব্দিক অর্থ গ্রহণ করতো। এজন্য আল্লাহর রাসূল সা. বলেছেন তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে (অর্থাৎ অন্তরে) প্রবেশ করবে না।

খারিজীদের এ দলটি ভ্রান্তির ঘোর অন্ধকারে নিমজ্জিত হলো। কথায় ও কাজে তারা অত্যন্ত রুষ্ট ও রুক্ষ্ম। আলোচনা শেষে তারা ঐকমত্যে পৌঁছে যে, মুসলমানদের এ এলাকা ছেড়ে মাদাইন শহরে চলে যাবে। তাদের পরিকল্পনা হলো, মাদাইন শহর তারা দখল করে সেখানে নিরাপত্তা দুর্গ তৈরি করবে। সেখান থেকে বসরা ও অন্যান্য স্থানে তাদের মতাদর্শের যে সব লোকজন ছড়িয়ে-ছিটিয়ে আছে তাদেরকে সংবাদ দিয়ে এখানে জড়ো করবে।

এই পরিকল্পনা যখন প্রায় চূড়ান্ত তখন যাইদ ইব্‌ন হাসান তাঈ বললো, তোমরা মাদাইন দখল করতে পারবে না, সেখানে দুর্ধর্ষ সেনাবাহিনী আছে। তাদেরকে তোমরা কিছুতেই পর্যুদস্ত করতে পারবে না। তারা তোমাদেরকে তাড়িয়ে দিবে। বরং আমার পরামর্শ হলো, তোমরা তোমাদের সকল সাথী বন্ধুদেরকে নাহরে জাওখার পুলের কাছে সমবেত হতে বলো। যাইদ আরও বললো, কুফা থেকে তোমরা দলবদ্ধভাবে বের হয়ো না; বরং একজন একজন করে হও। যাতে কেউ এই পরিকল্পনাটি বুঝতে না পারে। এ পরামর্শ সকলের পছন্দ হলো।

খারিজিরা বসরা ও অন্যান্য স্থানে তাদের অনুসারীদের নিকট পত্রসহ লোক পাঠালো যেন তারা দ্রুত নাহরে গিয়ে সমবেত হয়। এরপর তারা পর্যায়ক্রমে একে একে বের হয়ে যায়। কেউ যাতে তাদের উদ্দেশ্য জানতে পেরে বাধা দিতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখে। নিজেদের পিতা-মাতা, মামা-খালাসহ সকল পর্যায়ের আত্মীয়দের পশ্চাতে ফেলে এই সুধারণা নিয়ে তারা পৃথক হয়ে যায় যে, এর দ্বারাই আসমান যমীনের প্রতিপালক তাদের উপর সন্তুষ্ট হবেন। বস্তুত এটা ছিল তাদের চরম মূর্খতা এবং ইলম ও জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক।

খারিজিরা একত্রিত হয়ে ডাকাতি ও লুটপাট শুরু করে। এর মূল কারণ হলো তারা আলী রা.-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য রসদ জমা করতে চেয়েছিল। তারা সমাজে ফিতনা-ফ্যাসাদ বিস্তার করছে, খুন-রাহাজানিসহ নানা প্রকার হারাম কাজ করে চলছে। শুধু তাই নয়, তারা রাসূলুল্লাহ্ -এর সাহাবী আবদুল্লাহ ইব্ন খাব্বাবকেও তারা হত্যা করেছে।

বসরার নিকটবর্তী একটি গ্রামে হযরত খাব্বাব ইবনুল আরাত রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ রা. বসবাস করতেন। তিনি ছিলেন একজন আলেম ও মর্যাদাবান ব্যক্তিত্বের অধিকারী। নিয়মিত ডাকাতির অংশ হিসেবে খারেজিরা তাকে আটক করে কর্কশ ভাষায় জানতে চাইলো, কে তুমি? তিনি বললেন, আমি আল্লাহর রাসূলের সাহাবী হযরত খাব্বাবের পুত্র আব্দুল্লাহ। খারেজিদের সরদার বললো, মনে হচ্ছে আমরা আপনার মনে ভয় ধরিয়ে দিয়েছি? তিনি বললেন, হ্যাঁ সত্যিই।

খারেজিরা বললো, ভয়ের কিছু নেই। আমাদেরকে শুধু আল্লাহর রাসূলের কোনো একটি হাদীস শুনিয়ে দিন। আব্দুল্লাহ রা. বললেন, আমি আমার পিতার নিকট হতে শুনেছি, রাসূল সা. ইরশাদ করেছেন, এমন একটি ফেতনা আসছে, যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে উত্তম হবে। আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তির চেয়ে উত্তম হবে। যখন সেই ফেতনায় লিপ্ত লোকদের সম্মুখে পড়বে, তখন আল্লাহর নিহত বান্দা হয়ো, হত্যাকারী হয়া না।

খারেজিরা তখন বললো, আমরা এই হাদীসের ব্যাপারেই জানতে চেয়েছিলাম। আচ্ছা, আপনি আবু বকর ও ওমর রা. সম্পর্কে কি বলেন? আব্দুল্লাহ ইবনে খাব্বাব রা. তাদের প্রশংসা করলেন। খারেজিরা তখন বললো, উসমান রা. এর শাসনামলের প্রথম দিকের দিনগুলো কেমন ছিল? তখন হযরত আব্দুল্লাহ ইবনে খাব্বাব রা. বললেন, তিনি শুরুতেও সত্যের উপর ছিলেন এবং শেষেও সত্যের উপর ছিলেন। খারেজিরা তখন বললো, আলীর ব্যাপারে আপনার মন্তব্য কি?

আব্দুল্লাহ ইবনে খাব্বাব রা. বললেন, আলী রা. দ্বীন সম্পর্কে অধিক অবগত। তিনি দ্বীনের ব্যাপারে অধিক সতর্ক ও দ্বীনের বাস্তবায়নকারী। এ কথা শুনে খারেজিরা ক্ষেপে গেল। তারা বলতে লাগলো, আরে তুমি তো নফসের গোলাম হয়ে গেছ। তুমি বিভিন্ন ব্যক্তির নামকে মাপকাঠি বানিয়ে নিয়েছ। কেউ অপরাধ করেছে এটা মনে হলেই খারিজিরা তাকে নফসের গোলাম বলে কাফির সাব্যস্ত করতো। তাকে হত্যা করা বৈধ মনে করতো।

তারা বললো, আল্লাহর কসম! তোমাকে এমনভাবে হত্যা করবো, যেভাবে আজ পর্যন্ত হয়তো কাউকে হত্যা করা হয় নি। এরপর খারেজিরা আব্দুল্লাহ রা. ও তার স্ত্রীকে নদীর তীর ধরে নিয়ে যেতে থাকে। যখন খারেজিরা আব্দুল্লাহ বিন খাব্বাব রা. ও তার স্ত্রীকে নিয়ে যেতে থাকে তখন তাদের সাথে করে এক অমুসলিমের শূকর যাচ্ছিল। এক খারেজি তরবারি দিয়ে সেটিকে মেরে ফেলে।

এই দৃশ্য দেখে তার সাথে থাকা এক খারেজি রেগে গিয়ে বলতে লাগলো, তুমি অমুসলিম অধিবাসীর শূকর হত্যা করেছ কেন? যখন সেখানে শূকরের মালিক আসলো। তারা তখন তাকে শূকরের মূল্য দিয়ে আপদ বিদায় করলো। হযরত আব্দুল্লাহ রা. এই ঘটনা দেখে ভাবলেন, তাদের মধ্যে হয়তো কিছুটা মানবতাবোধ আছে। তাই তিনি তাদেরকে বললেন, তোমাদেরকে আমি এই শূকরের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিষের নাম বলবো? খারেজিরা বললো, তা কি? তিনি তখন বললেন, আমার জীবন। আমি কখনো নামাজ কাজা করি নি। কখনো কোনো গুনাহ করি নি।

খারেজিরা তা শুনে মুখে কুলুপ এঁটে বসে রইলো। একটু সামনে যাওয়ার পর একটি খেজুর গাছ চোখে পড়লো। তারা তখন আব্দুল্লাহ রহ. কে সেটার সাথে বাঁধলো। তখন সেই গাছ থেকে পড়ে যাওয়া খেজুর একজন খারেজি মুখে নিল। তখন সাথে সাথে অন্য খারেজি ব্যক্তি রেগে গিয়ে বললো, তুমি জিম্মি ব্যক্তির খেজুর কেন মুখে নিলে? মূল্য না দিয়ে তুমি এটা কি করে হালাল মনে করলে? শেষে বাধ্য হয়ে লোকটি মুখ থেকে খেজুর ফেলে দিল।

আব্দুল্লাহ রা. এই দৃশ্য দেখে বলতে লাগলেন, যদি তোমরা বাস্তবেই এতটা পরহেজগার হয়ে থাক, তাহলে তোমাদের থেকে আমার কোনো ভয় নেই। কিন্তু খারেজিরা তাদের ইচ্ছা পরিবর্তন করলো না। তারা আরো অগ্রসর হয়ে হযরত আব্দুল্লাহ বিন খাব্বাব রা. কে নদীর তীরে তরবারি দিয়ে হত্যা করলো।

আব্দুল্লাহ রা.-কে হত্যার পর খারেজিরা তার স্ত্রীকে হত্যা করতে উদ্যত হলো। তিনি তখন চিৎকার দিয়ে বলতে লাগলেন, “তোমরা আল্লাহকে ভয় করো। আমি তো একজন নারী!” কিন্তু খারেজিদের পাষাণ হৃদয় গলনো না। তারা নির্মমভাবে তাকেও হত্যা করলো। এরপর পাষণ্ড খারেজিরা তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেললো। এমন হৃদয়বিদারক ঘটনা দেখে এক খারেজি তওবা করে মুসলমানদের এই ঘটনা জানিয়ে দিল।

এই হৃদয়বিদারক ঘটনা আলী রা.-এর পৌঁছলে আলী রা. এবং মুসলিমরা ঘাবড়ে যায়। মুসলিমদের জান-মালের ব্যাপারে খারিজিদের মারাত্মক হুমকি হিসেবে দেখা হয়। বিষয়টা আলী রা.-এর জন্য খুবই উদ্বেগের খবর হিসেবে দেখা দেয়। এমনিতেই আলী রা. সংকটে ছিলেন কারণ সালিশ ব্যর্থ হয়। আমর রা. ও আবু মূসা রা. ঐক্যমতে পৌঁছতে পারেননি। এমতাবস্থায় খারিজিরা ডাকাতি, খুন ও রাহাজানি শুরু করেছিল।

আলী রা. শুরার সাথে পরামর্শ করে খারিজীদের বিরুদ্ধে মুকাবিলা করার সিদ্ধান্ত নেন। আলী রা. নিজে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন। তিনি সকলকে নিয়ে দু'রাকআত সালাত আদায় করেন। সালাত শেষ হলে তিনি যাত্রা আরম্ভ করেন। একটানা চলে প্রথমে পাদ্রী আবদুর রহমানের গির্জা এবং তারপরে পাদ্রী আবূ মূসার গির্জা অতিক্রম করে ফোরাত উপকূলে উপনীত হন। সেখানে এক জ্যোতিষীর সাথে তাঁর সাক্ষাৎ হয়।

জ্যোতিষী হযরত আলী রা.-কে দিবসের একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ করে বলে ঠিক ঐ সময়ে আপনি যাত্রা করবেন। ঐ সময় ব্যতীত অন্য সময়ে যাত্রা করলে বিপদে পড়ার আশংকা আছে। কিন্তু আলী রা. জ্যোতিষীর প্রদর্শিত সময় বাদ দিয়ে ভিন্ন সময়ে যাত্রা করেন এবং আল্লাহ্ তাঁকে বিজয় দান করেন ।

এ প্রসঙ্গে আলী বলেন, আমি চেয়েছি লোকে যাতে বুঝতে পারে যে, জ্যোতিষীর বাণী ঠিক না। আমার আরও আশংকা ছিল যে, বিজয় হলে মূর্খ লোকেরা বলবে- জ্যোতিষীর বাণী অনুসরণ করায়ই বিজয় সম্ভব হয়েছে। হযরত আলী আম্বারের উপকণ্ঠে প্রবেশ করেন এবং কাইস ইব্‌ন সা'দকে সম্মুখে মাদাইন পাঠিয়ে দেন। তাকে মাদাইনের প্রশাসক সা'দ ইব্ন মাসউদ (আবদুল্লাহ ইবন মাসউদের ভাই)-এর সাথে সাক্ষাৎ করে মাদাইনের সৈন্যদের সাথে মিলিত হওয়ার সংবাদ দেওয়ার নির্দেশ দেন।

সকল দিক থেকে সৈন্যরা এসে আলী রা.-এর কাছে একত্রিত হয়। এখান থেকে তিনি খারিজীদের নিকট সংবাদ পাঠিয়ে জানান যে, তোমাদের যে সব লোক আমাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে আমাদের হাতে অর্পণ করো। আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিব। এরপরে তোমাদের সাথে আমাদের আর কোন সংঘর্ষ নেই। আগের চুক্তি বহাল থাকবে।

এর জওয়াবে তারা আলী রা.-কে জানাল, আমরা সকলে মিলে তোমাদের ভাইদের হত্যা করেছি। শুধু তাই নয়, তাদের ও তোমাদের হত্যা করা ন্যায়সংগত বলে আমরা বিশ্বাস করি। তখন কাইস ইব্ন সা'দ অগ্রসর হয়ে তারা যে ভয়াবহ কাজে জড়িয়ে পড়েছে এবং যে মহা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সে বিষয়ে তাদেরকে উপদেশ দিলেন। কিন্তু তার উপদেশে কোন কাজ হলো না । এরপর আবূ আইয়ূব আনসারীও তাদেরকে ভয়-ভীতি ও দুঃখময় সংবাদ শুনান। কিন্তু তার কথায়ও তাদেরকে প্রভাবিত করলো না।

এরপর আমীরুল মু'মিনীন আলী রা. তাদের কাছে গেলেন। তিনি তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। তারপর সাবধান করলেন, সতর্কবাণী উচ্চারণ করলেন, ভয় দেখালেন ও ভীতি প্রদর্শন করলেন। তারপরে বললেন, তোমরা এমন একটি বিষয়ে আমার উপর অসন্তুষ্টি প্রকাশ করছো, যে বিষয়ের দিকে তোমরাই আমাকে আহ্বান জানিয়েছিলে আর আমি তা করতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। কিন্তু তোমরা তা গ্রহণ করনি।

কেননা তোমাদের প্রবৃত্তি এমন একটি বিষয়কে তোমাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে যার উপর ভিত্তি করে তোমরা মুসলমানদের হত্যা করছো। আল্লাহ কসম! ঐ যুক্তিতে যদি একটি মুরগীও হত্যা কর সেটিও মহান আল্লাহ নিকট মহাপাপ হিসেবেই গণ্য হবে। মুসলমানদের হত্যা করা তো অনেক দূরের ব্যাপার। এ কথার কোন জওয়াব তারা দিতে পারেনি। বরং তাদের লোকদের জানিয়ে দিল যে, ওদের সাথে কোন আলোচনা করো না, কোন কথা বলো না। তার বদলে মহান আল্লাহর দিদার লাভের জন্যে প্রস্তুত হয়ে যাও। চলো চলো, জান্নাতের দিকে চলো। তারা অগ্রসর হয়ে যুদ্ধের জন্যে সারিবদ্ধ হলো এবং হামলা করার প্রস্তুতি নিল। আলী রা. ও তাঁর সংগীদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়।

অপরদিকে হযরত আলী রা. তাঁর সৈন্য বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। আবু আইয়ুব আনসারী রা.-কে দিয়ে একটি নিরাপত্তা পতাকা স্থাপন করেন এবং খারিজীদের উদ্দেশ্যে এই ঘোষণা দিতে বলেন যে, যারা এই পতাকার নিচে এসে দাঁড়াবে তারা নিরাপদ। যারা কুফা অথবা মাদাইনে চলে যাবে তারাও নিরাপদ। তোমাদের মধ্যে যারা আমাদের ভাইদের হত্যা করেছে তারা ছাড়া অন্য কারও সাথে যুদ্ধ করার আমাদের প্রয়োজন নেই। এ ঘোষণা দেওয়ার পর খারিজীদের মধ্য হতে বহু সংখ্যক লোক ফিরে আসে। বাকীরা আলী রা.-এর দিকে অগ্রসর হলো। তখন আলী তার অশ্বারোহী বাহিনীকে সম্মুখে রাখলেন, তাদের কাছে রাখলেন তীরন্দাজ বাহিনী আর পদাতিক বাহিনী রাখলেন অশ্বারোহীদের পশ্চাতে, এরপর তিনি তাঁর সৈন্য বাহিনীকে নির্দেশ দিলেন, ওরা . তোমাদের উপর হামলা শুরু না করা পর্যন্ত তোমরা সংযত থাকবে।

খারিজিরা তাকবির ধ্বনি দিয়ে আক্রমণ চালালো। তীরন্দাজ বাহিনী তাদের মুকাবিলা করলো। এরা তাদের মুখের উপর তীর ছুঁড়তে লাগলো। পদাতিক বাহিনীও বর্শা ও তলোয়ার নিয়ে দ্রুত ঝাঁপিয়ে পড়লো। এভাবে ত্রিমুখী আক্রমণ চালিয়ে খারিজীদের সমূলে বিনাশ করে দেয়। তাদের মৃতদেহগুলো অশ্বের খুরের নিচে পড়ে থাকে। যুদ্ধে খারিজীদের নেতৃবৃন্দ যথা : আবদুল্লাহ্ ইব্‌ন ওহাব, হারকূস ইবন যুহাইর, শুরাইহ্ ইবন আওফা ও আবদুল্লাহ্ ইব্‌ন সাখবুরাহ্ সুলামী সবাই নিহত হয়। এ যুদ্ধে আলীর দলের মাত্র সাত ব্যক্তি শহীদ হন।

যুদ্ধ শেষে আলী শত্রুদের লাশের ভিতর দিয়ে হেঁটে যান এবং বলেন ধিক তোমাদের! সে-ই তোমাদের ক্ষতির মধ্যে ফেলেছে, যে তোমাদের ধোঁকা দিয়েছে। সাথীরা জিজ্ঞেস করলো, আমীরুল মু'মিনীন! কে তাদেরকে ধোঁকা দিয়েছে? তিনি বললেন, শয়তান ও নফসে আম্মারা(কুপ্রবৃত্তি)। এগুলো এদেরকে ভবিষ্যতের মিথ্যা আশা দিয়ে প্রতারিত করেছে এবং পাপ কাজকে আকর্ষণীয় পুণ্যের কাজ হিসেবে দেখিয়েছে এবং এরাই বিজয় লাভ করবে বলে সুসংবাদে মাতিয়ে রেখেছে। শত্রুদের থেকে প্রাপ্ত অস্ত্র ও আসবাবপত্র হযরত আলী রা. সৈন্যদের মধ্যে বণ্টন করে দেন।

ইউনুস ইব্ন আবূ ইসহাক ইসমাঈলের সূত্রে হুব্বাতুল উরানী থেকে বর্ণনা করেন যে, নাহরাওয়ানের যুদ্ধ শেষে সৈন্যরা যখন ফিরে আসছিল তখন লোকজন বলতে লাগলো, হে আমীরুল মু'মিনীন! সেই আল্লাহর প্রশংসা যিনি খারিজীদের মূলোৎপাটন করে দিয়েছেন। তিনি বললেন, কখনও না, আল্লাহর কসম! তারা অবশ্যই পুরুষ লোকের পৃষ্ঠদেশে এবং মেয়ে লোকের রেহেমে বিদ্যমান আছে। যখন এ দুই ধারা থেকে তারা বেরিয়ে আসবে তখন যার সাথেই তার সাক্ষাৎ হবে তার উপর প্রাধান্য বিস্তারের জন্যে সে ফিৎনা সৃষ্টি করতে থাকবে— এর ব্যতিক্রম হবে না ।

খারিজিরা খুব বেশি ইবাদত করতো। ইউনুস রহ. আরো বলেন, আবদুল্লাহ্ ইবন ওহাব রাসিবী, এতো অধিক ইবাদত ও সিজদা করতো যে, তার সিজদার স্থানসমূহের চামড়া শুকিয়ে গিয়েছিল। লোকে তাঁকে ফুল-বায়্যিনাত উপাধিতে ভূষিত করে। আলীর কাছে জিজ্ঞেস করা হয় যে, খারিজীরা মুশরিক কি না? তিনি বললেন, শির্ক থেকে বাঁচার জন্যেই তো তারা আলাদা হয়েছে। জিজ্ঞেস করা হলো, তা হলে কি তারা মুনাফিক ? তিনি বললেন, - মুনাফিকরা আল্লাহর ইবাদত খুব কমই করে থাকে। আবার জিজ্ঞেস করা হলো, হে আমীরুল মু'মিনীন! তবে তাদের অবস্থানটা কি? আলী রা. বললেন, তারা আমাদের ভাই। আমাদের বিরুদ্ধে ওরা বিদ্রোহ করেছে, হত্যা করেছে। সেই বিদ্রোহের কারণেই আমরা তাদের বিরুদ্ধে লড়েছি।

৮ এপ্রি, ২০২৩

খিলাফত পর্ব-৪৭ : আলী রা.-এর শাসনামলে খারেজি সমস্যা

 


আলী রা. ব্যাপক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। উটের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধের পর আরেকটি বড় পরীক্ষা ছিল 'খারেজি সমস্যা'। সিফফীনের ঘটনার পরে হযরত আলী সিরিয়া থেকে প্রত্যাবর্তন করে কুফায় চলে আসেন। তিনি যখন কুফায় প্রবেশ করেন, তখন তাঁর বাহিনীর একটি অংশ পৃথক হয়ে যায়। কারও মতে তাদের সংখ্যা ছিল ছয় হাজার, কারও মতে বার হাজার। কারও মতে বার হাজারের কম। এরা হযরত আলীর পক্ষ ত্যাগ করে পৃথক হয়ে যায় এবং তাঁর বিরুদ্ধে কতিপয় অভিযোগ এনে তাঁর প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়।

আলী রা. কুফার মসজিদে দাঁড়িয়ে ভাষণ দিলে মসজিদের এক কোনায় ‘লা হুকমা ইল্লা লিল্লাহ’ ‘আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না’ স্লোগানে তারা মসজিদ প্রকম্পিত করে তুলে। তারা আলী রা.-কে উদ্দেশ্য করে বলে যে, আপনি বিচার ব্যবস্থা মানুষের হাতে তুলে দিয়েছেন! অথচ বিচারের মালিক হচ্ছেন আল্লাহ্। আপনি সূরা আন‘আমের ৫৭নং আয়াত (ان الحكم الا لله) ‘আল্লাহ ব্যতীত কারো ফায়সালা গ্রহণযোগ্য নয়’-এর হুকুম ভঙ্গ করেছেন। আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য আপনি মুশরিক হয়ে গেছেন ইত্যাদি। তাদের মতে আলী, মু‘আবিয়া, আমর ইবনুল আসসহ সালিশ সমর্থনকারী সকল সাহাবী কুফরী করেছেন এবং কাফের হয়ে গেছেন। অথচ সত্য হ’ল, মানুষের বিচারের জন্য মানুষকেই বিচারক হতে হবে। আর বিচার হবে আল্লাহর আইন অনুসারে।

আলী রা. তাদের কাছে গেলে তারা তাঁকে তিরস্কার করে বলতে থাকে মহান আল্লাহ্ আপনাকে যে জামা পরিধান করিয়েছিলেন, আপনি সে জামা খুলে ফেলেছেন। যে উপাধিতে মহান আল্লাহ্ আপনাকে ভূষিত করেছিলেন আপনি সে উপাধি প্রত্যাহার করেছেন। এরপর আপনি আরও অগ্রসর হয়ে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে সালিস নিযুক্ত করেছেন। অথচ মহান আল্লাহ্ ব্যতীত আর কারও ফয়সালা করার অধিকার নেই।

আমীরুল মু'মিনীন আলী রা. পবিত্র কুরআনের একটি কপি এনে সবার সম্মুখে রাখলেন। এরপর তিনি হাতের আংগুল দ্বারা পবিত্র কুরআনের ওপর টোকা মেরে বললেন, ওহে কুরআন! তুমি লোকদেরকে তোমার কথা জানাও। উপস্থিত লোকজন আলীকে বললো, হে আমীরুল মু'মিনীন! আপনি পবিত্র কুরআনের কপির কাছে এ কি জিজ্ঞেস করছেন? ও তো কাগজ আর কালি ছাড়া আর কিছু নয়। আমরা তো ওর মধ্যে যা দেখি তা নিয়ে কথা বলছি। তা হলে এরূপ করায় আপনার উদ্দেশ্য কি?

তিনি জবাবে বললেন, তোমাদের ঐসব সাথী যারা আমার থেকে পৃথক হয়ে অবস্থান নিয়েছে, তাদের ও আমার মাঝে মহান আল্লাহর কিতাব রয়েছে। মহান আল্লাহ তাঁর কিতাবে একজন পুরুষ ও একজন নারীর ব্যাপারে বলেছেন,
তাদের উভয়ের মধ্যে বিরোধ আশংকা করলে তোমরা তার (স্বামীর) পরিবার হতে একজন ও তার (স্ত্রীর) পরিবার হতে একজন সালিস নিযুক্ত করবে; তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন (নিসা : ৩৫)।

সে ক্ষেত্রে হযরত মুহাম্মদ-এর সমস্ত উম্মতের রক্ত ও সম্মান একজন নারী ও একজন পুরুষের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। তাই তো আমি তো রক্তপাত বন্ধ করে সালিশি পন্থায় অগ্রসর হয়েছি।

তারা আমার উপর আরও অভিযোগ এনেছে যে, আমি মু'আবিয়াকে যে চুক্তিপত্র লিখে দিয়েছি, তাতে লিখেছি আলী ইবনে আবূ তালিব। আমিরুল মুমিনিন লিখি নি। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইব্‌ন আমর যখন নিজ কওমের সাথে সন্ধিপত্র লেখেন, তখন আমরা তথায় উপস্থিত প্রথমে লেখলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সুহাইল আপত্তি জানিয়ে বললো, আমি বিসমিল্লাহির রাহমানির রাহীম লিখতে রাজি নই। রাসূলুল্লাহ সা. বললেন, তা হলে কীভাবে লিখবো? সুহাইল বললো, লিখবো বিছমিকা আল্লাহুম্মা। রাসূলুল্লাহ্ বললেন, তাই লিখ। সুহাইল সেভাবেই লিখল। রাসূলুল্লাহ্ বললেন, এখন লিখ- 'এই সন্ধিপত্র, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সম্পাদন করলেন। সুহাইল বলল, আমি যদি জানতাম যে, আপনি আল্লাহর রাসূল, তা হলে তো আপনার সাথে আমার কোন বিরোধই থাকতো না । অবশেষে লেখা হলো, এই সন্ধিপত্র যা আবদুল্লাহর ছেলে মুহাম্মদ কুরাইশদের সাথে সম্পাদন করলেন।

মহান আল্লাহ্ বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ্ ও আখিরাতকে ভয় করে তাদের জন্যে রাসূলুল্লাহ্ -এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ (আহযাব : ২১)। আমি তো রাসূল সা.এর পন্থাই অনুসুরণ করেছি।

এরপর হযরত আলী তাদের সাথে আলোচনা করার জন্য আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাসকে প্রেরণ করেন। আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাস তিনদিন পর্যন্ত সেখানে তাদের সাথে আলোচনা ও মত বিনিময় করেন। অবশেষে তাদের মধ্য থেকে চার হাজার লোক তওবা করে ফিরে আসে। ইব্‌ন আব্বাস এদেরকে হযরত আলী রা.-এর কাছে কুফায় নিয়ে আসেন। অবশিষ্ট লোকদের কাছে হযরত আলী বার্তা পাঠিয়ে জানান যে, তোমরা আমাদের ও অন্যদের কর্মনীতি দেখেছ। কাজেই তোমরা যেথায় ইচ্ছা অবস্থান কর। উম্মতে মুহাম্মাদীর মধ্যে ঐক্য ও সংহতি পুনঃ প্রতিষ্ঠিত হোক। আর তোমাদের ও আমাদের মধ্যে এই সিদ্ধান্ত থাকলো যে, তোমরা অন্যায়ভাবে কারও রক্তপাত ঘটাবে না। ডাকাতি, রাহাজানি করবে না এবং যিম্মীদের উপর অত্যাচার চালাবে না । যদি এর কোনটিতে লিপ্ত হয়ে পড়ো তবে তোমাদের বিরুদ্ধে আমরা কঠিন যুদ্ধে অবতীর্ণ হবো। আল্লাহ্ বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না (আনফাল : ৫৮)।

খারেজীরা নিজেদের এই নির্বুদ্ধিতাকে ধর্মীয় গোঁড়ামিতে রূপ দান করে এবং মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। আলী (রা.) তাদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ব্যাপারে আমরা তিনটি সিদ্ধান্ত নিয়েছি। ১. তোমাদেরকে মসজিদে আসতে আমরা নিষেধ করব না ২. রাষ্ট্রীয় সম্পদ হ’তে আমরা তোমাদের বঞ্চিত করব না ৩. তোমরা আগে ভাগে কিছু না করলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না।

প্রথমে দলত্যাগকারীদের মূল সংখ্যা ছিল আট হাজার। এরা প্রায় সবাই ছিল কারী (হাফিজে কুরআন)। তাদের দাওয়াতে অন্যান্য লোক এসে তাদের পথ গ্রহণ করায় সংখ্যা বেড়ে ১৫/১৬ হাজারে উন্নীত হয়। ইবনে আব্বাস তাদের সাথে আলোচনা করার ফলে তাদের থেকে ৪/৫ হাজার লোক ফিরে আসে এবং অবশিষ্টরা স্ব-মতে বহাল থাকে। ইতিহাসে এই লোকদের খারেজি বলা হয়ে থাকে। খারেজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা নিজেদের দল ছাড়া বাকীদের তাকফির করে। অর্থাৎ কাফির ঘোষণা করে।

শাব্দিক অর্থে ‘খারেজী’ শব্দটি আরবী ‘খুরূজ’ (الخروج) শব্দ হ’তে এসেছে, যার অর্থ ‘বের হওয়া বা বেরিয়ে যাওয়া’। বহুবচনে ‘খাওয়ারিজ’ ব্যবহৃত হয়। পারিভাষিক খারেজী হ’ল- ‘এমন ব্যক্তি বা দল যে বা যারা এমন হক ইমামের (শাসক) বিরুদ্ধে বিদ্রোহ করে, যাকে লোকেরা ইমাম হিসাবে স্বীকার করে নিয়েছে। ইবনু হাযম আন্দালুসী (রহ.)-এর সংজ্ঞা অনুযায়ী ‘খারেজী বলতে প্রত্যেক এমন সম্প্রদায়কে বুঝায় যারা চতুর্থ খলীফা আলী (রা.)-এর বিরুদ্ধে বিদ্রোহকারীদের মতামত কিংবা তাদের রায় অবলম্বনকারী, তা যেকোন যুগেই হোক না কেন’।

তাকফির করা ছাড়াও খারেজীদের আরো কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে রাসূল সা. যা বলেছেন :
‘আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি যে, শেষ যামানায় এমন একদল মানুষের আবির্ভাব হবে, যারা হবে কমবয়স্ক এবং যাদের বুদ্ধি হবে স্বল্প। ভাল ভাল কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। তাদের ঈমান গলার নিচে পৌঁছবে না। (বুখারী- ৫০৫৭)

১- বয়স কম।
২- প্রজ্ঞা, বুদ্ধি ও হিকমাহ থাকবে না।
৩- উত্তম কথা বলবে, হক কথা বলবে।
৪- তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তারা কিছু অংশ মানবে কিছু মানবে না।

আবূ সা’ঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি, ভবিষ্যতে এমন সব লোকের আগমন ঘটবে, যাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে, তাদের সওমের তুলনায় তোমাদের সওমকে এবং তাদের ‘আমালের তুলনায় তোমাদের ‘আমালকে তুচ্ছ মনে করবে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে (অর্থাৎ অন্তরে) প্রবেশ করবে না। এরা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বেরিয়ে যায়। (বুখারী-৫০৫৮)
এখানে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়।

৫- তাদের সালাত ও সিয়াম সুন্দর হবে। তারা ইবাদতে খুব নিষ্ঠাবান হবে।
৬- তারা কুরআন পাঠকারী হবে, তবে কুরআন বুঝতে তারা সক্ষম হবে না। ইলমগত দৈন্যতা থাকবে।

আবূ সা’ঈদ (রা.) থেকে বর্ণিত, একবার রাসূল সা. কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। তখন এক ব্যক্তি এসে বললো, হে মুহাম্মাদ! আল্লাহকে ভয় করুন। ইনসাফ করুন। তখন তিনি বললেন, আমিই যদি নাফারমানী করি তাহলে আল্লাহর আনুগত্য করবে কে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর উপর আমানতদার বানিয়েছেন আর তোমরা আমাকে আমানতদার মনে করছ না। তখন এক ব্যক্তি তাঁর নিকট তাকে হত্যা করার অনুমতি চাইল। [আবূ সা’ঈদ (রাঃ) বলেন] আমি তাকে খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ) বলে ধারণা করছি। কিন্তু নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিষেধ করলেন।

অতঃপর অভিযোগকারী লোকটি যখন ফিরে গেল, তখন নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ ব্যক্তির বংশ হতে বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে তারা কুরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। দ্বীন হতে তারা এমনভাবে বেরিয়ে পড়বে যেমনি ধনুক হতে তীর বেরিয়ে যায়। তারা ইসলামের অনুসারীদেরকে (মুসলিমদেরকে) হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা হতে বাদ দেবে। আমি যদি তাদের পেতাম তাহলে তাদেরকে আদ জাতির মত অবশ্যই হত্যা করতাম। (বুখারী- ৩৩৪৪)

ইবনে তাইমিয়্যাহ বলেনঃ খারেজীদের সবচেয়ে মারাত্মক যে দোষ মহানবী (সা) বর্ণনা করেছেন তা হলো তারা ইসলাম পন্থীদের হত্যা করবে, এবং মূর্তিপূজকদের ছেড়ে কথা কথা বলবে। (মাজমূ’, ২৮/৫২৮) ইমাম কুরতবী বলেনঃ তারা মুসলিমদের কাফির সাব্যস্ত করে যখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের রক্ত তখন তারা হালাল মনে করবে, আর ঐ দেশের কাফির জনশক্তিকে ছেড়ে দেবে। (আল মুফহিম, ৩/১১৪)

৭- তাদের আদব জ্ঞান থাকবে না। যার তার ভুল ধরবে অযথা। সবসময় নিজেদের মতকে সহীহ মনে করবে। অন্যদের বাতিল মনে করবে।
৮- তারা ইসলামের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। মুরশিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য থাকবে না।

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শেষ যমানায় এ উম্মাতের মধ্যে একটি সম্প্রদায় আবির্ভূত হবে, যারা কুরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তাদের চিহ্ন হবে মুণ্ডিত মাথা। ইবনে মাজাহ- ১৭৫

৯- তাদের অনেকের মাথা মুন্ডানো থাকবে।

মহানবী (সঃ) বলেছেনঃ এরা এমন হবে যে মানুষদের বিস্মিত করাবে, এবং তারা নিজদের নিয়েই গর্ব বোধ করবে। (আহমাদ, ১২৯৭২, আলবানী হাদীসকে সাহীহ বলেছেন)।

১০- তাদের মধ্যে ইবাদতের অহংকার থাকবে।

আল্লাহর রাসূলের ভাষা অনুসারে এখানে প্রায় দশটি বৈশিষ্ট্য পাওয়া যায়। এখানে কিছু ভালো গুণ রয়েছে। এর মানে এই না যে আমরা ভালো গুণগুলো অর্জন করবো না। ইসলামের পক্ষে থাকা সত্ত্বেও নির্বুদ্ধিতা ও গোঁড়ামীর ফলে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়।

খিলাফত পর্ব-৪৬ : আলী রা. হেরে গেলেন বিশ্বাসভঙ্গ ও নিন্দনীয় কূটচালের কাছে

 


হেরে যাওয়ার মুহূর্তে মুয়াবিয়া রা. ও আমর ইবনুল আস রা. বুদ্ধি করে বর্শার আগায় কুরআন গেঁথে যুদ্ধ থামিয়ে দিল। অথচ যতক্ষণ তাদের শক্তি ছিল ততক্ষণ তারা কোনো সমঝোতায় তারা রাজি ছিল না। তাদের প্রস্তাব ছিল দুইটি হয় আলী রা.-কে ক্ষমতা ত্যাগ করে মুয়াবিয়া রা.-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুবা আম্মার রা., মুহাম্মদ ইবনে আবু বকর রা. ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. সহ মিশরের গোত্রপ্রধানদের তাদের হাতে তুলে দিতে হবে।

তারা এদের হত্যা করবে। যেটা আলী রা. মোটেই সঠিক বলে মনে করেননি। কারণ প্রসিদ্ধ এসব সাহাবী যদিও উসমান রা.-এর বিভিন্ন পদক্ষেপ ও মারওয়ান ইবনে হাকামের অসদাচরণের বিরুদ্ধে ভূমিকা রেখেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন কিন্তু তারা উসমান রা.-কে হত্যা করেননি বা করতে চাননি। এদের মধ্যে মুহাম্মদ ইবনে আবু বকর রা. শুধুমাত্র উসমান রা.-এর সাথে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন। বাকীরা তাও করেননি। বিশৃঙ্খলার মধ্যে সন্ত্রাসী কেউ কেউ উসমান রা.-কে হত্যা করে ফেলে, যাদের শনাক্ত করা যায় নি।

যাই হোক, সিফফিনের যুদ্ধে যখন মুয়াবিয়া রা. পরাজিত হওয়ার দ্বারপ্রান্তে তখন তারা কৌশল করে যুদ্ধ বন্ধ করে সমঝোতার প্রস্তাব দেয়। সমঝোতা কীভাবে হবে এই নিয়ে দীর্ঘ আলোচনা চলতে থাকে। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও নীতিমালা লিখিত হওয়ার পর উভয় পক্ষ সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হয়। আলোচনায় নির্ধারণ হয় যে, আলী রা. ও মু'আবিয়া রা. নিজ নিজ পক্ষ হতে একজন করে বিচারক নিযুক্ত করবেন। বিচারকদ্বয় ঐকমত্য হয়ে এমন একটি ব্যবস্থা খুঁজে বের করবেন, যা সমস্ত মুসলমানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সে মতে মু'আবিয়া রা. তার পক্ষ হতে আমর ইব্ন আসকে বিচারক নিয়োগ করেন। হযরত আলী রা. তাঁর পক্ষ হতে আবদুল্লাহ ইব্ন আব্বাস রা.-কে নিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু মুয়াবিয়া রা. তা মানতে রাজি হন নাই।

আলী রা. আরো কিছু নাম প্রস্তাব করলেও মুয়াবিয়া রা. তা মানতে রাজি ছিলেন না। মুয়াবিয়া রা. নিজ দলের সেকেন্ড কমান্ডারকেই বিচারক হিসেবে মেনে নিলেন। অথচ আলী রা.-কে নিজ প্রস্তাবনায় বিচারক নিতে দিচ্ছিলেন না। আলী রা. বিরক্ত হয়ে তার সঙ্গীদের বললেন তোমরা যা ইচ্ছা তা করো! অবশেষে আশ'আছ ইব্‌ন কাইস রা. আবু মুসা আশআরী রা.-এর নাম প্রস্তাব করেন। এবার মুয়াবিয়া রা. ওনাকে আলী রা.-এর বিচারক মানতে রাজি হন।

আবু মুসা আশাআরি রা. কোনো দলের লোক ছিলেন না। তিনি ফিতনার ভয়ে তাঁর দায়িত্ব ছেড়ে দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। মুয়াবিয়া রা. তার দলের পক্ষ থেকে জানিয়েছেন। আমরা এ কাজে আবূ মূসা আশ'আরী রা. ব্যতীত অন্য কাউকে নিয়োগ করতে রাজী নই। অথচ কথা ছিল উভয় পক্ষ নিজ নিজ পক্ষের বিচারক নির্ধারণ করবে। আলী রা. বাধ্য হয়ে আবু মূসা আশআরি রা.-কে নিজ পক্ষের বিচারক মানতে রাজি হন।

এই সময় আহনাফ রা. হযরত আলীকে সম্বোধন করে বললো, আপনি নিশ্চিতভাবে প্রতারিত হতে যাচ্ছেন। জড় পাথরের ন্যায় এক ব্যক্তিকে আপনার বিচারক নিয়োগ করা হচ্ছে। প্রতিপক্ষের সাথে বুঝাপড়া করতে সক্ষম হবে। কাজেই আমাকে যদি আপনি বিচারক নিয়োগ করতে নাও চান, তবে আমাকে অন্তত দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হিসেবে নিযুক্ত করুন। তাদের যে কোন মারপ্যাচ আমি বুঝতে ও কাটিয়ে উঠতে সক্ষম হবো, কিন্তু আমি আপনার পক্ষে যে প্যাচ দিব তা যদি ওরা খুলতে সক্ষম হয় তবে সাথে সাথে অনুরূপ কিংবা তার চেয়ে অধিক সূক্ষ্ম আরো প্যাঁচ দিয়ে তাদেরকে কাবু করে ফেলবো। কিন্তু বিপরীত পক্ষ থেকে আবু মূসা আশআরি রা.-কে ছাড়া অন্য কাউকে মানতে রাজি ছিল না।

অবশেষে আবূ মূসা আশ'আরীই আলী রা.-এর পক্ষে বিচারক নিযুক্ত হলেন। ঐ সময় তিনি দূরে নির্বাসন জীবন-যাপন করছিলেন। তাকে নিয়ে আসার জন্যে দূত প্রেরণ করা হলো। দূত তাকে সংবাদ জানালো যে, জনগণ যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছে। এ সংবাদ শুনে তিনি বলে উঠলেন 'আল-হামদুলিল্লাহ'। কিন্তু এরপরই যখন জানানো হলো যে, আপনাকে বিচারক নিযুক্ত করা হয়েছে, তখন তিনি বললেন- “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।' দূতগণ তাকে নিয়ে এসে হযরত আলীর কাছে হাজির করলেন। অতঃপর উভয় পক্ষের মধ্যে নিম্নলিখিত চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রথমে লেখা হয়, এই চুক্তিপত্র যা আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবূ তালিব কর্তৃক সম্পাদিত হলো। এটুকু লেখা হলে আমর ইব্ন আস রা. প্রতিবাদ করে লেখককে বলেন, আমীরুল মু'মিনীন শব্দ লেখা যাবে না। শুধু আলী ও তার পিতার নাম লিখুন। তিনি আপনাদের আমীর হতে পারেন। আমাদের আমীর নন। মুয়াবিয়া রা. বলেন, আলী যদি আমীরুল মু'মিনীন হয়, তাহলে তো আমরা তার সাথে যুদ্ধই করতাম না। অথচ তারা যুদ্ধের আগে বলেছিল আলী রা.-কে নেতা মানতে তাদের কোনো সমস্যা নেই। শুধু কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে হবে।

আহনাফ রা. বললেন, তা হবে না। আমীরুল মু'মিনীন লেখতেই হবে। আলী রা. সমঝোতার স্বার্থে এটাও মেনে নিলেন। হযরত আলী রা. বললেন, আমীরুল মু'মিনীন শব্দটি কেটে দাও এবং শুধু আলী ইবন আবূ তালিব লিখ। এ কথা বলে তিনি হুদাইবিয়ার সন্ধির ঘটনা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। সে দিন সন্ধি পত্রে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' লেখা হলে পবিত্র মক্কাবাসীরা আপত্তি করে বলেছিল 'মুহাম্মদুর রাসূলুল্লাহ্' লেখা যাবে না, বরং লেখতে হবে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ।

এরপর চুক্তিপত্রে লেখা হলো, এই চুক্তিপত্র আলী ইবনে আবূ তালিব ও মু'আবিয়া ইবনে আবূ সুফিয়ানের পারস্পরিক সম্মতিক্রমে লিখিত হলো। আলী রা. ইরাকবাসী ও তাদের সমর্থক মুসলমানদের পক্ষ হতে বিচারক নিযুক্ত করলেন। আর মু'আবিয়া সিরিয়াবাসী ও তার অনুগামী মু'মিন মুসলমানদের পক্ষ হতে বিচারক নিয়োগ করলেন। আমরা অবশ্যই মহান আল্লাহর হুকুম ও তাঁর কিতাবের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো। আমরা তাই বাঁচিয়ে রাখবো যা আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন এবং তাই খতম করবো যা আল্লাহ্ পাক খতম করে দিয়েছেন। বিচারকদ্বয় অর্থাৎ আবূ মূসা আশ'আরী ও আমর ইবনুল আস মহান আল্লাহর কিতাবে যা পাবে সে অনুযায়ী ব্যবস্থা নিবে। আর যদি মহান আল্লাহর কিতাবে পাওয়া না যায়, তবে সুন্নাতে রাসূলের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করবে। যা আমাদের মাঝে ন্যায়-নীতির মাধ্যমে ঐকমত্য সৃষ্টি করবে ও বিভক্তি এনে দিবে না ।

এরপর উভয় বিচারক তাদের নিজেদের ক্ষেত্রে ও পরিবারবর্গের জন্যে আলী, মু'আবিয়া এবং উভয়ের সৈন্যবাহিনীর নিকট থেকে নিরাপত্তার অঙ্গীকার ও প্রতিশ্রুতি গ্রহণ করে। তারা আরও প্রতিশ্রুতি নেয় যে, সকল উম্মত তাদেরকে বিচার কাজে সহযোগিতা করবে। দুই পক্ষের সকল মু'মিন মুসলমান চুক্তি অনুযায়ী চলতে বাধ্য থাকবে। আগামী রমাদান মাস পর্যন্ত বিচারের সময় নির্ধারণ করা হয়। তবে বিচারকদ্বয় যদি প্রয়োজন মনে করেন এবং একমত হয়ে সময় আরও কিছু বাড়াতে চান, তা পারবেন।

হিজরী ৩৭ সালের সফর মাসের ১৩ তারিখ বুধবারে এ চুক্তিনামা লেখা হয়। সিদ্ধান্ত হয় যে, সালিস বিচারের জন্যে আলী রা. ও মুআবিয়া রা. রমজান মাসে 'দুমাতুল জানদাল' নামক স্থানে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যেক বিচারকের সাথে নিজ নিজ পক্ষের চারশ করে লোক থাকবে। আগামী রমজানে যদি দুমাতুল জানদালে বিচারকদ্বয় বসতে না পারেন, তা হলে পরের বছর যে কোন সময় তারা আরাহ্ নামক স্থানে বসে সালিসির কাজ সম্পন্ন করবেন।

চুক্তিপত্র লেখা শেষ হলে আশআছ ইবনে কাইস তা জনগণের সামনে পড়ে শুনান এবং উভয় পক্ষের কাছে পেশ করেন। এরপর লোকজন নিজ নিজ পক্ষের মৃতদের কবর দেওয়ার কাজ শুরু করেন। একেক কবরে পঞ্চাশ করে লাশ দাফন করা হয়। এ যুদ্ধে আলী রা.-এর হাতে সিরিয়ার বহু সৈন্য বন্দী হয়। যুদ্ধক্ষেত্র ত্যাগের প্রাক্কালে তিনি এদেরকে মুক্ত করে দেন। এদের সমপরিমাণ বা তার কাছাকাছি সংখ্যক ইরাকী সৈন্যও মু'আবিয়া রা.-এর হাতে বন্দী হয়। সিরীয় বন্দীদের হত্যা করা হয়েছে ধারণা করে মু'আবিয়া এদেরকে হত্যা করার উদ্যোগ নেন। কিন্তু তারা যখন মুক্ত হয়ে ফিরে আসলো তখন মু'আবিয়াও এদেরকে ছেড়ে দেন।

উভয় পক্ষের শর্ত অনুযায়ী রমজান মাসে উভয় বিচারক দুমাতুল জানদালে উপস্থিত হয়। হযরত আলী রা. রমযান মাসের শুরুতে শুরাইহ্ ইব্‌ন হানীর নেতৃত্বে চারশ' অশ্বারোহীর সাথে আবূ মূসা আশ'আরী রা.-কে প্রেরণ করেন। প্রখ্যাত তাফসীরকারক আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে সবকিছু পর্যবেক্ষণের দায়িত্ব দিয়ে একই সাথে পাঠান। অপর দিকে মু'আবিয়া রা.-ও সিরিয়ার চারশ অশ্বারোহী সংগে দিয়ে আমর ইবনে আসকে প্রেরণ করেন।

উভয় দল দুমাতুল জানদাল নামক স্থানে একত্রিত হয়। এ স্থানটি কুফা ও সিরিয়া থেকে সমান দূরত্বে অবস্থিত। সালিস কার্য দেখার জন্যে মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তথায় উপস্থিত ছিলেন। যেমন আবদুল্লাহ্ ইবন উমর রা., আবদুল্লাহ ইবন যুবাইর রা., মুগীরাহ্ ইবন শু'বাহ্ রা., আবদুর রহমান ইবন হারিছ রা., আবদুর রহমান ইবন আবদে ইয়াগুছ যুহরী এবং আবূ জাহাম ইবন হুযাইফাহ।

এরপর বিচারকদ্বয় মুসলমানদের মধ্যে শান্তি-নিরাপত্তা পুনঃ প্রতিষ্ঠার উপায় নির্ধারণকল্পে সংলাপ শুরু করে। অবশেষে তারা এই সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছে যে, তারা দুজনেই আলী রা. ও মু'আবিয়া রা.-কে অপসারণ করবে। তারপরে খলীফা নির্বাচনের বিষয়টি মুসলমানদের মতামতের উপর ছেড়ে দিবে। মুসলিমগণ একমত হয়ে ইচ্ছা করলে এ দুজনের মধ্যে যিনি অধিক যোগ্য তাকে অথবা এ দু'জকে বাদ দিয়ে তৃতীয় কাউকে খলীফা নির্বাচিত করবে। আবূ মূসা আশ'আরী এ পদের জন্যে আবদুল্লাহ ইবন উমরের নাম প্রস্তাব করলে আমর ইবনে আস রা. নিজের পুত্রের নাম উল্লেখ করে বলেন, আমার পুত্র আবদুল্লাহকেই খলীফা মনোনীত করুন। সেও তো ইলম, আমল ও সত্য সাধনায় আবদুল্লাহ ইবন উমর ইবনে খাত্তাবের কাছাকাছি। জবাবে আবু মূসা বলেন, কিন্তু তুমি যে তাকে ফিতনার মধ্যে তোমার সাথে কাজে লাগিয়েছ। এতদসত্ত্বেও সে একজন সত্যপন্থী লোক কীভাবে হবে?

আমর ইবনুল আস বলেন, খিলাফতের এ পদ এমন লোককেই দেওয়া উচিত যার মাড়ির দাঁত আছে যা দিয়ে সে নিজেও খেতে পারে, অপরকেও খাওয়াতে পারে (অর্থাৎ অভিজ্ঞ)। কিন্তু ইবনে উমরের মধ্যে কিছুটা উদাসীনতার ভাব আছে। ইবন যুবাইর তাকে বললেন, তিনি অত্যন্ত বিচক্ষণ ও সজাগ। ইবনে উমর বললেন, না, আল্লাহর কসম! আমি এ পদের জন্য যোগ্য না।

ইবনে উমরের এই বক্তব্যের পর আমর ইবনুল আস রা. আবূ মূসা আশআরি রা.-এর দৃষ্টি আকর্ষণ করে মু'আবিয়াকে খলীফা বানাবার প্রস্তাব দেন। কিন্তু আবূ মূসা তা মেনে নিতে অস্বীকার করেন। এরপর তিনি নিজ পুত্র আবদুল্লাহ্ ইবনে আমরকে খলীফা পদের জন্যে প্রস্তাব রাখেন। কিন্তু আবূ মূসা এ প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

অবশেষে তারা এই সিদ্ধান্তে একমত হয় যে, তারা দু'জনেই মু'আবিয়া ও আলীকে পদচ্যুত করে খলীফা নির্বাচনের ভার জনগণের উপর ছেড়ে দিবে। তারা পরামর্শের ভিত্তিতে নিজেদের পছন্দ মত কাউকে খলীফা নির্বাচিত করবে। এরপর বিচারকদ্বয় জনগণের সামনে আসেন। আমর ইবনুল আস আবূ মূসাকে বললেন, আপনি অগ্রসর হোন এবং যে ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি তা লোকদের অবহিত করুন।

আবূ মূসা জনসম্মুখে এসে প্রথমে মহান আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ্ সা.-এর ওপর দুরূদ পড়েন। এরপর তাদের উদ্দেশ্যে বলেন, হে জনমণ্ডলী! আমরা দুজনে এ উম্মতের কল্যাণের বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করেছি। মুসলমানদের এই দুঃখজনক বিভক্তি দেখে সংশোধনের একটি পথ ছাড়া অন্য কোন উপায় খুঁজে পাইনি। আমি ও আমর একটি বিষয়ে একমত হয়েছি। তা হলো, আমরা আলী ও মু'আবিয়াকে অপসারণ করবো এবং নিষ্পত্তির বিষয়টি শূরার ওপর ছেড়ে দিব। মুসলিম উম্মাহ্ যাকে পছন্দ করে তাকেই নিজেদের শাসক বানাবে। সুতরাং আমি আলী ও মু'আবিয়াকে তাদের পদ থেকে অপসারণ করলাম।

এ ঘোষণা দিয়ে তিনি স্থান ছেড়ে একটু সরে দাঁড়ান। আমর ইবনুল আস রা. এসে ঐ স্থানে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করে বললেন, এই ব্যক্তি এতক্ষণে যা কিছু বলেছেন, আপনারা তা শুনেছেন। তিনি তাঁর লোককে (আলীকে) অপসারণ করেছেন। তদ্রূপ আমিও তাকে অপসারণের ঘোষণা দিলাম। কিন্তু আমি আমার লোক মু'আবিয়াকে স্বপদে বহাল রাখলাম। কারণ তিনি খলীফা উসমান ইব্ন আফফানের নিকটাত্মীয় এবং তাঁর খুনের বিচারপ্রার্থী। আর এই পদের জন্যে তিনি যোগ্যতম ব্যক্তি।

আমর ইবনুল আসের বিশ্বাসভঙ্গ দেখে মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে পড়েন আবু মুসা আশআরী রা.। এদিকে সালিশে জয়লাভ করে মুয়াবিয়ার লোকেরা উল্লাসধ্বনি দিতে লাগলো। আর আলীর পক্ষের লোকেরা বিক্ষোভে ফেটে পড়লো। ইবন জারীর লিখেছেন, হযরত আলীর একজন কমান্ডার শুরাইহ্ ইব্‌ন হানী আমর ইবনে আসের ওপর হামলে পড়েন এবং তাকে বেত্রাঘাত করেন। আমরের এক ছেলে কাছেই দাঁড়িয়ে ছিল, সে বাধা দিতে গেলে তাকেও বেত্রাঘাত করেন। আবূ মূসা রা. আমর ইবনুল আস রা.-কে প্রতারক বলে অত্যন্ত কঠিন ভাষায় সমালোচনা করেন। প্রতি উত্তরে ইবন আসও আবূ মূসাকে অনুরূপ কড়া কথা বলেন। নতুন করে আবার ফিতনা শুরু হয়। সালিশ পণ্ড হয়ে গেল।

দুমাতুল জান্দাল থেকে দুই পক্ষ নিজ নিজ রাজধানী ফিরে গেল। আমর ইবনুল আস ও তার সংগীরা মু'আবিয়ার কাছে পৌঁছে তাকে মুয়াবিয়া রা.-এর বানানো খিলাফতের রাজকীয় মুকুট পরিয়ে দেয়। খুলাফায়ে রাশেদিন কখনোই কায়সার ও কিসরার মতো মুকুট পরতেন না। এদিকে আবু মুসা লজ্জায় আলী রা.-এর কাছে যাননি। তিনি মক্কায় চলে যায়।

আলী রা. সব শুনে ধৈর্য ধরার সিদ্ধান্ত নিলেন। মুয়াবিয়া রা.-এর বিরুদ্ধে পুনরায় অভিযান চালানোর পরিকল্পনা করেননি। এই দিন থেকে মূলত ইসলামী রাষ্ট্র দুইভাগে ভাগ হয়ে যায়। আলী রা. বুঝলেন যুদ্ধ থামিয়ে সালিসের ব্যবস্থা করা ছিল মূলত মুয়াবিয়া রা. ও আমর রা.-এর কূটকৌশল ও বিশ্বাসহীনতা। তারা কুরআনের দোহাই দিয়ে এই বিশ্বাসভঙ্গ করেছেন। আলী রা. নৈতিকতা, চুক্তি রক্ষা, জনগণের রায় ও পেশী শক্তি সব বিষয়ে জয়লাভ করেছেন। কিন্তু পরাজিত হয়েছেন বিশ্বাসভঙ্গ ও কূটচালের কাছে, যা মুসলিম ভাইদের থেকেই সংঘটিত হয়েছে।

বর্শার আগায় কুরআন লাগিয়ে যুদ্ধ থামানো ছিল তাদের বিশ্বাসভঙ্গের অংশ। তারা আসলে কুরআন থেকে সমাধান নিতে চাননি। তারা যেটা চেয়েছেন তা হলো পরাজয় থেকে বাঁচা ও আমীরুল মু'মিনিন আলী রা.-এর সৈন্যদের মধ্যে বিভেদ ঘটানো। বর্শায় কুরআন গেঁথে নেয়ার আগে আমর রা. মু'আবিয়া রা.-কে বললেন, আমি একটি বুদ্ধি ঠিক করেছি যা বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের সমন্বিত হওয়ার অধিক সুযোগ সৃষ্টি করতে এবং ওদের বিভক্তি বাড়িয়ে দিবে। বস্তুত তাই হয়েছে। নিশ্চিত বিজয়ী হওয়া যুদ্ধ থামিয়ে সন্ধি করায় আলী রা.-এর দলের মধ্য থেকে একদল প্রান্তিক লোক বের হয়ে যায় এবং আলী রা.-এর বিরুদ্ধাচরণ করে। যারা খারেজি হিসেবে পরিচিত।

অন্যদিকে আলী রা. পুরো যুদ্ধেই উদারতার পরিচয় দিয়েছেন। তিনি তাদেরকে বুঝানোর জন্য প্রায় আট মাস সময় নিয়েছেন। মুয়াবিয়া রা.-এর কাছে যখন পানির দখল ছিল তখন মুয়াবিয়া রা. আলীর দলকে পানি নিতে দেয়নি। অথচ আলী রা. যখন যুদ্ধ করে পানির দখল নিলেন তখন তাদেরকে পানি বিনা শর্তে ব্যবহার করতে দিয়েছেন। বার বার যুদ্ধে এগিয়ে থেকেও নিষ্ঠুরতার পরিচয় দেননি। আমর ইবনুল আসকে বাগে পেয়েও ছেড়ে দিয়েছেন। হত্যা করেন নি। জেতা যুদ্ধ তাদের আহবানে বন্ধ করে দিয়ে সন্ধি করলেন। অবশেষে সেখানেও তারা চুক্তি ভঙ্গ করেছিল। অথচ কুরআনে সূরা আনফালের ৭২ নং আয়াতে কাফিরদের সাথেও 'চুক্তি ভঙ্গ' না করার ব্যাপারে কঠোর নির্দেশনা আছে।

খুলাফায়ে রাশিদার ধারাবাহিক ইতিহাস #রাশিদুন_খিলাফত : পর্ব-৪৬

১৮ মার্চ, ২০২৩

খিলাফত পর্ব-৪৫ : আমীরুল মু'মিনিন আলী রা.-এর বিরুদ্ধে মুয়াবিয়া রা.-এর বিদ্রোহ

উসমান রা.-কে যখন হত্যা করা হলো তখন উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রা. উসমান রা.-এর পরিবার থেকে তাঁর রক্তাক্ত জামা সংগ্রহ করেন। উম্মু হাবিবা রা. নিজেও ছিলেন উমাইয়া গোত্রের। তিনি আবু সুফিয়ানের কন্যা ও মুয়াবিয়া রা.-এর বোন। উম্মু হাবিবা রা. উসমান রা.-এর রক্তাক্ত পোষাক সাথে দিয়ে নুমান বিন বশীর রা.-কে সিরিয়ার তাঁর ভাই মুয়াবিয়া রা.-এর নিকট পাঠান। সাথে উসমান রা.-এর কিছু চুল, দাড়ি ও একটি চিঠিও পাঠান। যেখানে তিনি ভাই মুয়াবিয়া রা.-কে অনুরোধ করেন উসমান রা. হত্যার বদলা নেয়ার জন্য।


নুমান রা. এসব নিয়ে সিরিয়ায় পৌঁছান। মুয়াবিয়া রা. সব শুনেন। এরপর তিনি নুমান রা.-কে মিম্বারে বসান যাতে সবাই নুমান রা.-কে দেখতে পায় ও শুনতে পায়। মুয়াবিয়া রা. উসমান রা.-এর রক্তাক্ত জামা উপরে তুলে ধরেন। সিরিয়ায় মুসলিমরা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন। তারা সবাই উসমান রা. হত্যার প্রতিশোধ নিতে বাইয়াত নিতে থাকেন। মুয়াবিয়া রা. এরপর আলী রা.-এর বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করেন। যতক্ষণ না উসমান রা.- হত্যার বদলা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আলী রা.-এর আনুগত্য করতে অস্বীকার করেন। আলী রা. মুয়াবিয়া রা.-এর কাছে কয়েকটি চিঠি পাঠান ও দূত পাঠান। মুয়াবিয়া রা. বাইয়াত বা সমঝোতা কোনোটাতেই রাজি ছিলেন না।

তার ভাষ্যমতে তিনি উসমান হত্যাকারীদের দখল থেকে মদিনাকে উদ্ধার করবেন। এই লক্ষ্যে তিনি সৈন্য সমাবেশ করতে লাগলেন। এই সমাবেশ মূলত আলী রা.-এর বিরুদ্ধে। তবে আলী রা.-এর খিলাফত গ্রহণ অবৈধ বা আলী রা. আবৈধ শাসক এমন কোনো মতামত মুয়াবিয়া রা.-থেকে পাওয়া যায়নি। মুয়াবিয়া রা.-এর দাবি মূলত উসমান হত্যার বদলা। আলী রা. যদি বদলা নিতে পারে তবে তিনি আলী রা.-কে মান্য করবেন নতুবা নয়। অন্যদিকে আলী রা. তাঁকে এর জন্য ধৈর্য ধরতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। মুয়াবিয়া রা. তা মানতে অস্বীকার করেন। উসমান রা. হত্যার বদলা নিতে দেরি করায় তিনি আলী রা.-এর বিরুদ্ধে সৈন্য সমাবেশ করেন ও বিদ্রোহের প্রস্তুতি নেন।

আলী রা.-ও ইসলামী রাষ্ট্রের সংহতি রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত করেন। সিরিয়ার বিদ্রোহ দমনে সেনাবাহিনী তৈরি করা হলেও বসরায় আগেই আয়িশা রা. বিদ্রোহের ঘোষণা দেন। তাই আলী আলী রা. আগে বসরার দিকে রওনা করেন। সেখানে হৃদয়বিদারক উটের যুদ্ধের ঘটনা ঘটে। আলী রা. বিজয়ী হন। আলী রা. জামাল যুদ্ধ পরিসমাপ্তির পর বসরায় প্রবেশ করলেন এবং উম্মুল মু'মিনীন আয়েশা রা. মক্কায় প্রত্যাবর্তনের ইচ্ছা করলে তাঁকে সসম্মানে বিদায় জ্ঞাপন করলেন। বসরায় কিছুদিন থাকার পর তিনি কুফায় ফিরে গেলেন।

কুফার নেতৃস্থানীয় লোকেরা আলী রা.-কে পারস্য সাম্রাজ্যের শ্বেত প্রাসাদে থাকতে অনুরোধ করেন। আলী রা. বিলাসী জীবন যাপন পছন্দ করতেন না বলে সেখানে থাকতে অস্বীকার করেন। এজন্য তিনি উমার রা.-এর উদাহরণ পেশ করে বলেন, উমার রা. এই প্রাসাদে অবস্থান করতেই অপছন্দ করেছেন। তিনি কুফার কেন্দ্রীয় মসজিদে দুই রাকাআত নফল নামাজ আদায় করেন। তারপর কুফাবাসীর সামনে ভাষণ দেন। ভাষণে তিনি কল্যাণ ও ভাল কাজে উদ্বুদ্ধ করলেন এবং মন্দ কাজ হতে নিষেধ করলেন। এ ভাষণে তিনি কুফাবাসীদের প্রশংসা করলেন। কুফা থেকেই তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। ফলশ্রুতিতে কুফা রাজধানীতে পরিণত হলো। তিনি জারীর ইবন আবদুল্লাহ্ রা. ও আশাআছ ইবন কায়স রা.-এর কাছে তাদের শাসনাধীন অঞ্চলের জনতার বায়'আত গ্রহণ করে তাঁর কাছে আসার জন্য পত্রাদেশ পাঠালেন।

জারীর উসমান রা.-এর সময়কাল হতে হামাদানের শাসনকর্তা ছিলেন এবং আশ'আছ ও উসমান রা.-এর সময়কাল হতে আযারবাইজানের শাসনকর্তা ছিলেন। তারা এ আদেশ প্রতিপালন করলেন। পরে আলী রা. তাঁর প্রতি আনুগত্যের বায়'আতের আহ্বান জানিয়ে মু'আবিয়া রা.-এর কাছে পত্র পাঠাবার ইচ্ছা করলে জারীর ইবন আব্দুল্লাহ রা. বললেন, 'আমীরুল মু'মিনীন, তাঁর কাছে আমাকে যেতে দিন! কেননা, তাঁর সংগে আমার হৃদ্যতার সম্পর্ক রয়েছে। কাজেই আমি আপনার অনুকূলে তার বায়'আত হাসিল করার আশা রাখি।'

আলী রা. তাঁকে পাঠিয়ে দিলেন এবং তাঁর হাতে মু'আবিয়া রা.-এর কাছে একটি পত্র লিখে পাঠালেন। পত্রে তিনি তাকে মুহাজির ও আনসারদের তাঁর বায়'আতে সমবেত হওয়ার কথা অবহিত করলেন এবং জামাল যুদ্ধের আদ্যোপান্ত অবহিত করলেন। তিনি মু'আবিয়া রা.-কে লোকদের সঙ্গে ঐকমত্য পোষণ করে তাঁর বায়'আতের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানালেন। জারীর ইবন আবদুল্লাহ্ রা. মু'আবিয়া রা.-এর কাছে পৌঁছে পত্রটি তাঁর হাতে সমর্পণ করলেন। মু'আবিয়া রা. 'আমর ইবনুল আস রা. ও সিরিয়ার নেতৃস্থানীয়দের উপস্থিত করে তাদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন। তারা উসমান হত্যাকারীদের হত্যা করা অথবা তাদের শাম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া ব্যতীত বায়'আত করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করল। অন্যথায় তারা আলী রা.-এর বিরুদ্ধে যুদ্ধ করা এবং উসমান হত্যাকারীদের হত্যা না করা পর্যন্ত আলী রা.-এর হাতে বায়'আত না করার সিদ্ধান্ত নিল। জারীর রা. আলী রা.-এর কাছে ফিরে এসে তাঁকে মুয়াবিয়া রা.-এর বক্তব্য অবহিত করলেন।

আমীরুল মু'মিনীন আলী রা. সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করলেন এবং সেনা সমাবেশ করতে লাগলেন। কুফায় তিনি আবূ মাস'উদ আনসারী রা.-কে তাঁর স্থলাভিষিক্ত নিয়োগ করলেন।
মু'আবিয়া রা.-এর কাছে আলী রা. নিজেই বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার সংবাদ পৌঁছাল। তিনি আমর ইবনুল আস রা.-এর কাছে এ বিষয়ে পরামর্শ জিজ্ঞেস করলেন। আমর রা. বললেন, আপনিও নিজেই বেরিয়ে পড়ুন। তখন আমর রা. জনতার সামনে ভাষণ দিলেন। ভাষণে তিনি বললেন, 'জামাল যুদ্ধে কুফা ও বসরার নেতৃস্থানীয় লোকগুলো নিঃশেষ হয়ে গিয়েছে। আলীর সঙ্গে মাত্র গুটিকতক লোকই রয়েছে- যারা ইতিপূর্বে খলীফা ও আমীরুল মু'মিনীন 'উসমান ইব্‌ন আফ্ফান রা.-কে শহীদ করেছেন। কাজেই সাবধান! তোমাদের সত্য ও হক নষ্ট করার ব্যাপারে আল্লাহকে ভয় কর। এবং তোমাদের রক্তের দাবি পরিত্যাগ করার ব্যাপারে মহান আল্লাহকে ভয় কর। অল্পসময়েই সিরিয়ার সেনাবাহিনীর প্রস্তুত হলো। সেনানায়কদের ছোট-বড় পতাকা প্রদান করা হলো। এভাবে মুয়াবিয়া রা. সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ফোরাতের পথে সিফ্ফীন অভিমুখে রওয়ানা করল। যে দিক থেকে 'আলী রা. এগিয়ে আসছিলেন।

আলী রা.-এর বাহিনীতে আশিজন বদরী সাহাবী এবং (হুদায়বিয়ার) বৃক্ষছায়ায় বায়'আত গ্রহণীকারী একশত পঞ্চাশ জন সাহাবী ছিলেন। আলী রা. অগ্রবর্তী বাহিনীরূপে আট হাজার লোকসহ যিয়াদ ইবনুন নায়র হারিছীকে সামনে পাঠিয়ে দিলেন। শুরায়হ ইব্‌ন হানি আরও চার হাজার নিয়ে তার অনুগামী হলো। তারা আলী রা.-এর গমন পথ ছেড়ে অন্য পথে সামনে এগিয়ে চলল। 'আলী রা. তাঁর বাহিনী নিয়ে পৌঁছে গেলেন এবং মু'আবিয়া রা.-ও তাঁর বাহিনী নিয়ে সিফফিনে পৌঁছে গেলেন। তখন উভয় দল মুখোমুখি হলো ও সামনাসামনি দাঁড়িয়ে গেল। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষ স্থির দাঁড়িয়ে রইল।

আলী রা. সরে গিয়ে তাঁর বাহিনীর জন্য একটি উপযোগী স্থানের সন্ধান করলেন। কেননা, মু'আবিয়া রা. তাঁর বাহিনী নিয়ে আগেই পৌঁছে গিয়েছিলেন এবং পানির ঘাটের কাছে (পানির সুব্যবস্থা সম্পন্ন) বিস্তীর্ণ পরিসর যুক্ত সমতল স্থানে অবস্থান নিয়েছিলেন।
আলী রা. আগমন করার পরে তাঁকে পানি থেকে দূরবর্তী স্থানে অবস্থান নিতে হলো। ইরাকী বাহিনীর তাড়াহুড়াকারীরা পানির ঘাটে যাওয়ার চেষ্টা করলে সিরিয়া বাহিনী তাদের বাধা দিল। এতে উভয় পক্ষের মধ্যে ছোটখাট লড়াই হয়ে গেল। মু'আবিয়া রা. পানির ঘাটের দখল কর্তৃত্ব আবুল 'আওয়ারের দায়িত্বে ন্যস্ত করেছিলেন এবং সেখানে অন্য কোন সুবিধাজনক জলাধার ছিল না।

ফলে আলী রা.-এর বাহিনী তীব্র পিপাসায় আক্রান্ত হলো। 'আলী রা. আশআছ ইব্‌ন কায়স কিন্দীকে একদল লোকসহ পানির দখল নেওয়ার জন্য পাঠালেন। প্রতিপক্ষ এই কথা বলে তাদের বাধা দিল যে, 'তোমরা পিপাসায় মরে যাও, যে রূপে তোমরা উসমান রা.-কে পানি হতে বঞ্চিত করেছিলে। এ সময় উভয় দল কিছুক্ষণ তীর ছুঁড়ে আক্রমণ পাল্টা আক্রমণ চালাল। পরে তারা বল্লম দ্বারা আঘাত প্রতিঘাত করল। সবশেষে তারা তরবারি দিয়ে হানাহানিতে লিপ্ত হলো এবং পক্ষদ্বয়ের মূল বাহিনী নিজ নিজ দলের সাহায্যে এগিয়ে এল। যুদ্ধ পূর্বের চেয়ে প্রচণ্ড রূপ ধারণ করল।

প্রচণ্ড যুদ্ধে আলী রা.-এর বাহিনী ক্রমান্বয়ে মুয়াবিয়া রা.-এর বাহিনীকে পানি থেকে দখলচ্যুত করতে থাকল এবং এক সময় তাদের পানি হতে হটিয়ে দিয়ে তাদের ও পানির মধ্যবর্তী স্থানে অবস্থান নিল। আলী রা. পানির দখল নিলেন। এরপর আলী রা. বদান্যতা দেখালেন। উভয় বাহিনী পানির ব্যাপারে একটি সমঝোতায় উপনীত হলো এবং উভয়পক্ষ কেউ কাউকে হতাহত না করে এবং কেউ কাউকে পীড়ন না করে সে জলাধার হতে পানি নিতে লাগল।

আলী রা. বাশীর ইবন আমর আনসারী রা., সা'ঈদ ইব্‌ন কায়স হামাদানীসহ একদল লোককে ডেকে বললেন, তোমরা এ লোকের কাছে যাও এবং তাকে আনুগত্য ও একতাবদ্ধতার আহ্বান জানাও এবং সে কি জবাব দেয় তা শুনে এসো। তখন তারা মু'আবিয়া রা.-এর কাছে গেলেন এবং বাশীর ইব্‌ন আমর মু'আবিয়া রা.-কে বললেন, 'হে মু'আবিয়া! দুনিয়া আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে আখিরাতের দিকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ্ আপনার আমলের হিসাব নিবেন এবং আপনার হাত যা আগে (আমল করে) পাঠিয়েছে তার প্রতিদান দিবেন। আমি আপনাকে এ উম্মতের দলবদ্ধতাকে বিক্ষিপ্ত করার ব্যাপারে এবং তাদের পরস্পরের রক্ত প্রবাহিত করার ব্যাপারে কসম (দোহাই) দিচ্ছি!

মু'আবিয়া রা. বললেন, 'এ সদুপদেশ তোমাদের নেতাকে দিয়েছ তো? বাশীর বললেন, 'আমাদের নেতা তাঁর মাহাত্ম্য, তাঁর দীনদারী, তাঁর প্রবীণতা ও (রাসূলের সঙ্গে) তাঁর নিকটাত্মীয়তার কারণে এ (খিলাফতের) বিষয়টির জন্য এ সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক অধিকারসম্পন্ন। তিনি আপনাকে তাঁর বায়'আত গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। তা আপনার দুনিয়ার জন্য অধিক নিরাপত্তার কারণ হবে এবং আপনার আখিরাতের জন্য অধিক উত্তম হবে । মু'আবিয়া রা. বললেন, 'আর উসমান রা.-এর রক্ত কি দায়বিহীন হয়ে যাবে? না, আল্লাহ্র কসম! তা আমি কক্ষনো করব না।

এরপর আদী রা. বললেন, হে মু'আবিয়া! আমরা আপনাকে এমন একটি বিষয়ের দিকে আহ্বান করার জন্য এসেছি যা দিয়ে মহান আল্লাহ্ আমাদের বক্তব্য ও কর্মকে ঐক্যবদ্ধ করে দিবেন, রক্তবন্যা রহিত হবে, জনপথ নিরাপদ হবে এবং পারস্পরিক সম্পর্ক সুষ্ঠু হবে। নিশ্চয় আপনার চাচাত ভাই (আলী রা.) মুসলিম জাতির বরেণ্য নেতা, যিনি ইসলাম গ্রহণে অগ্রণী হওয়ার মর্যাদাসম্পন্ন এবং ইসলামের সেবায় উত্তম অবদানের অধিকারী। জনতা তাঁর পাশে সমবেত হয়েছে এবং মহান আল্লাহ্ তাদের সুবুদ্ধি সুমতি দিয়েছেন। আপনি এবং আপনার অনুগামী কিছু লোক যারা আপনার সংগে রয়েছে এদের ব্যতীত তেমন আর কেউ অবশিষ্ট নেই। কাজেই, হে মু'আবিয়া ! মহান আল্লাহ যেন আপনার ও আপনার সঙ্গীদের পরিণতি জামাল যুদ্ধের ন্যায় না করেন!

মু'আবিয়া রা. বললেন, তুমি তো দেখা যায় হুমকি দেওয়ার জন্য এসেছ, আপোসরফা করার জন্য নয় । আল্লাহর কসম! হে 'আদী! সুদূর পরাহত, কখনও নয়, আল্লাহর কসম। আমি হারবের পুত্র। অলীক ভীতি ও কালচক্র আমাকে নাড়াতে পারবে না। শোন! আল্লাহর কসম! তুমিও নিশ্চয় উসমান ইবন 'আফ্ফানের বিরুদ্ধে বিদ্রোহের উস্কানি দাতাদের অন্যতম, তুমি তাঁর হত্যাকরীদের একজন এবং আশা করি মহান আল্লাহ্ তাঁর বিনিময়ে যাদের হত্যা করবেন তুমিও হবে তাদের অন্তর্ভুক্ত।

পরে শুবায়ছ-ইন রিব'ঈ ও যিয়াদ ইব্‌ন খাসসাও কথা বললেন, তারা বললেন, হে মু'আবিয়া! আল্লাহকে ভয় করুন এবং ভার বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহর কসম! আমরা 'আলী (রা)-এর চেয়ে অধিক তাকওয়ার কর্মপন্থা অনুসরণকারী, দুনিয়ার প্রতি অধিক বিমুখ ও মোহমুক্ত এবং সামগ্রিক সদগুণের সমন্বয়কারী অন্য কাউকে দেখিনি।

জবাবে মু'আবিয়া রা. আল্লাহর হাম্দ-স্তুতি করার পরে বললেন, তারপর তোমরা আমাকে সমষ্টিবদ্ধ হওয়ার ও আনুগত্যের আহ্বান করেছ। তবে জামা'আত ও সমষ্টি তো আমাদের সংগে রয়েছে। আর আনুগত্য! তা আমি কি করে এমন এক ব্যক্তির আনুগত্য করবো যে উসমান হত্যায় সহায়তা করেছে, তদুপরি সে দাবি করছে যে, সে তাঁকে হত্যা করেনি? আমরাও বিষয়টি তার প্রতি আরোপিত করি না এবং তাতে তাকে অভিযুক্ত করি না। কিন্তু সে তাঁর হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। কাজেই হয় সে তাদের (উসমান হন্তাদের) আমাদের হাতে তুলে দিবে, আমরা তাদের হত্যা করব, তারপর আমরা তোমাদের ঐক্যবদ্ধতা ও আনুগত্যের আহ্বানে সাড়া দিব।

জবাবে শুবায়ছ ইব্‌ন রিব'ঈ বলল, হে মু'আবিয়া! আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি আম্মার রা.-কে হাতে পেয়ে গেলে তাকে কি উসমান রা.-এর বদলে হত্যা করতে পারবেন? মু'আবিয়া রা. বললেন, আমি সুমাইয়ার পুত্রকে হাতে পেয়ে গেলে তাকে উসমান রা.-এর বদলে হত্যা করব না, তবে তাকে উসমান রা.-এর গোলাম (নাতিল)-এর বদলে হত্যা করতাম। তখন রিব'ঈ বললেন, আসমান-যমীনের ইলাহের কসম! অনেক অনেক মস্তক তার গর্দান হতে বিচ্ছিন্ন না করে আপনি “আম্মার রা.-এর হত্যা সম্পাদন করতে পারবেন না। এবং তখন পৃথিবীর প্রশস্ত অঙ্গন ও প্রান্তর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। মু'আবিয়া রা. বললেন, তাই যদি হয় তবে তোমার জন্য আরও অধিক সংকীর্ণ হবে।

তারপর তাঁদের তাঁর সামনে থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন এবং মজলুম রূপে শহীদ উসমান রা.-এর খুনের প্রতিবিধানের দাবিতে অবিচল থাকার কথা ঘোষণা করলেন। এ পরিস্থিতিতে উভয় দলের মধ্যে যুদ্ধের আগুন প্রজ্বলিত হলো। আলী রা. তাঁর অগ্রবর্তী বাহিনী ও সেনানায়কদের যুদ্ধ শুরু করার আদেশ দিলেন। তিনি প্রত্যেক উপদলের জন্য (প্রতিদিন) এক একজন আমীর নিয়োগ করলেন। তবে যুদ্ধ শুরু করার আগে দুই পক্ষের মধ্যে দূত চালাচালি চলতে লাগলো এবং বিতর্ক চলতে থাকলো।

ইবন জারীর লিখেছেন, 'তারপর 'আলী রা. ও মুআবিয়া (রা)-এর মধ্যে দূতদের আনাগোনা চলতে থাকল এবং লোকেরা যুদ্ধ হতে বিরত রইল। এভাবে মুহাররম মাস শেষ হয়ে গেল এবং দুই পক্ষে কোন প্রকার সন্ধি সম্পাদিত হলো না। পরে আলী রা. ইয়াযীদ ইব্‌ন ইবনুল হারিছ জুশামীকে আদেশ করলে সে সূর্যাস্তের সময় সিরিয়াবাসীদের লক্ষ্য করে এ ঘোষণা দিল। “শোন! আমীরুল মু'মিনীন তোমাদের অবহিত করছেন, ‘সত্যের দিকে তোমরা ফিরে আসবে এ উদ্দেশ্যে আমি তোমাদের জন্য দীর্ঘকাল প্রতীক্ষা করেছি এবং তোমাদের সামনে প্রমাণ প্রতিষ্ঠিত করেছি, তোমরা তাতে সাড়া দাওনি। আমি এখন তোমাদের প্রতি সম্পর্ক ছিন্নতার স্পষ্ট ঘোষণা দিচ্ছি। আল্লাহ্ বিশ্বাস ভঙ্গকারীদের ভালবাসেন না।”

সিরিয়াবাসীরা অর্থাৎ মুয়াবিয়া রা.-এর অনুসারীরা এ ঘোষণা শুনে তাদের আমীরগণের কাছে ছুটে গেল এবং ঘোষকের ঘোষণা সম্বন্ধে তাদের অবহিত করল। তখন মু'আবিয়া রা. ও আমর ইবনুল আস রা. উঠে পড়লেন এবং বাহিনীকে ডান ও বাম দলে সজ্জিত করলেন। আলী রা.-ও রাতভর সেনা সজ্জা করলেন।

আলী রা. জনতার সামনে এসে বললেন, সিরিয়াবাসীরা যুদ্ধ শুরু না করা পর্যন্ত তারা যুদ্ধ শুরু করবে না; কোন আহতকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না, কোন পলায়নকারীর পশ্চাদ্ধাবন করবে না, কোন নারীর পর্দা নষ্ট করবে না, বেইজ্জত করবে না। তারা আমীর, নেতৃবৃন্দ ও পুণ্যবানদের বকাবকি করলেও করবে না।

৩৭ হিজরির সফর মাসের প্রথম দিন এভাবেই তারা পরস্পর মুখোমুখি অবস্থানে দাঁড়াল। দিনটি ছিল বুধবার। এ দিনের যুদ্ধে ইরাকীদের সেনাপতি ছিল আশতার নাখ'ঈ এবং সিরিয়দের সেনাপতি ছিল হাবীব ইবন মাসলামা। এদিন তারা প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হলো এবং দিন শেষে নিজ নিজ অবস্থানে ফিরে গেল। যুদ্ধের ফলাফলে উভয় পক্ষ ছিল সমান সমান- এক পক্ষ অপর পক্ষকে সমান সমান প্রতিঘাত করল ।

পরদিন বৃহস্পতিবার সকালে আবার তারা যুদ্ধ শুরু করল। এদিন ইরাকীদের সেনাপতি ছিল হাশিম ইব্‌ন উতবা এবং সিরিয়দের সেনাপতি ছিল আবুল আ'ওয়ার সুলামী। এদিনও তারা প্রচণ্ড যুদ্ধ করল। অশ্বারোহীরা অশ্বারোহীদের উপর এবং পদাতিকরা পদাতিকদের উপর আক্রমণ চালাল। দিন শেষে তারা নিজ নিজ অবস্থানে ফিলে গেল। এ দিনের যুদ্ধে পক্ষদ্বয় একে অপরের সামনে দৃঢ়তার পরিচয় দিল এবং যুদ্ধের ফলাফল ছিল সমানে সমান ।

তৃতীয় দিন শুক্রবার উভয় পক্ষ ময়দানে এল। এ দিন ইরাকীদের পক্ষে সেনাপতি ছিলেন 'আম্মার ইবন ইয়াসির রা. এবং সিরিয়দের নিয়ে ময়দানে এলেন 'আমর ইবনুল আস রা.। লোকেরা এদিনও প্রচণ্ড যুদ্ধ করল এবং এক পর্যায়ে 'আমর ইবনুল আস রা. 'আম্মার রা.-এর উপর আক্রমণ চালিয়ে তাঁকে তাঁর অবস্থান হতে হটিয়ে দিলেন। বিকালে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে গেল। এদিনের যুদ্ধেও উভয়পক্ষ বীরত্ব ও দৃঢ় অবস্থানের পরাকাষ্ঠা দেখাল। যুদ্ধে আলী রা. বাহিনী এগিয়ে থাকলেও আম্মার রা. শাহদাতবরণ করেন। এই বিষয়ে রাসূল সা.-এর একটি ভবিষ্যৎবাণী ফলে যায়। আল্লাহর রাসূল সা. বলেছেন, হে আম্মার! সুসংবাদ গ্রহণ কর, বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে। এটা দ্বারা নিশ্চিত হয় আম্মার রা.-এর হত্যাকারীরা ইসলামী রাষ্ট্রের বিদ্রোহী ও সঠিক পথে ছিল না।

যদিও মুয়াবিয়া রা. এই ব্যাপারে উল্টা যুক্তি দেন, তিনি বলেছেন, যারা আম্মারকে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে তারাই মূলত আম্মারের খুনী। এর পাল্টা বক্তব্যে আলী রা. বলেন, তোমার যুক্তিমতে আমীর হামজা রা.-এর খুনী স্বয়ং মুহাম্মদ সা.। কারণ ওহুদে তিনি গিয়েছেন মুহাম্মদ সা.-এর আহ্বানে।

চতুর্থ দিন শনিবার পুনরায় দুই বাহিনী ময়দানে এল। এ দিন ইরাকী বাহিনীর পরিচালনায় ছিলেন মুহাম্মদ ইব্‌ন 'আলী রা. (যিনি মুহাম্মাদ ইবনুল হানাফিয়া নামে সমধিক পরিচিত)। তাঁর সঙ্গে ছিল বিশাল বাহিনী। এ দিন সিরিয়দের বিশাল বাহিনীর নেতৃত্ব করছিলেন উবায়দুল্লাহ্ ইবন উমর রা.। এদিনও উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধ করল। উবায়দুল্লাহ্ ইবন 'উমর রা. সামনে বেরিয়ে এসে মুহাম্মাদ ইবনুল হানাফিয়াকে দ্বৈতযুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানালেন। ইবনুল হানাফিয়াও সামনে এগিয়ে গেলেন।

দুইজন পরস্পরের সন্নিকট হওয়ার প্রাক্কালে 'আলী রা. বললেন, দ্বৈত যুদ্ধে অবতীর্ণ হলো কে কে? লোকেরা বলল, আপনার ছেলে মুহাম্মাদ ও উবায়দুল্লাহ্ বর্ণনামতে, 'আলী রা. তাঁর বাহনটি দ্রুত চালিয়ে নিয়ে ছেলেকে বিরত থাকার আদেশ দিলেন এবং নিজে উবায়দুল্লাহর কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার সংগে এগিয়ে এস। উবায়দুল্লাহ্ বললেন, আপনার সঙ্গে দ্বৈতযুদ্ধে আমার প্রয়োজন নেই। 'আলী রা. বললেন, কেন নয়? উবায়দুল্লাহ্ বলল, না। তখন আলী রা. ফিরে এলেন এবং লোকেরা সে দিনের জন্য যুদ্ধে বিরতি দিল।

পঞ্চম দিন রবিবার আবার দুই বাহিনী ময়দানে হাজির হলো। এদিন ইরাকীদের নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাস রা. এবং সিরিয়দের নেতৃত্বে ছিলেন ওয়ালীদ ইব্‌ন উবা রা.। যুদ্ধ চলল প্রচণ্ড রূপে। এভাবে প্রতিদিন যুদ্ধ চলতে লাগলো।

একদিন আলী রা. আওয়াজ দিয়ে বললেন, হে মু'আবিয়া... (হিম্মত থাকে তো) তুমি আমার সামনে বেরিয়ে এসো। যাতে আমার ও তোমার দৃষ্টির সামনে আরবের মানুষগুলোর জীবন নাশ ঘটতে না থাকে। আওয়ায শুনে 'আমর ইবনুল আস রা. মু'আবিয়া রা.-কে বললেন, 'এ সুযোগ গ্রহণ করো! মু'আবিয়া রা. বললেন, আল্লাহর কসম! তুমি নিশ্চিতই জান যে, 'আলী কখনও পরাভূত হয়নি। তোমার উদ্দেশ্য হচ্ছে আমি নিহত হই, যাতে তুমি আমার পরে নির্বিঘ্নে খিলাফতের মসনদ দখল করতে পার। তুমিই যাও না কেন? আমার মত লোককে প্রতারিত করা যায় না।

অবশেষে আমর ইবনুল আস রা. আলী রা.-এর মুকাবিলায় আসলেন। দন্দ্বযুদ্ধে 'আলী রা. আমর ইবনুল আস রা.-কে আক্রমণ করলেন এবং বল্লম দ্বারা আঘাত করে তাঁকে মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ে যাওয়ার সময় ‘আমর (রা)-এর লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেলে আলী রা. সেখান হতে চলে গেলেন। আলী রা.-এর লোকেরা তাঁকে বললেন, আমীরুল মু'মিনীন! কি ব্যাপার, তাকে ছেড়ে দিলেন কেন? তিনি বললেন, তোমরা কি জান, সে কে (কি ঘটেছে)? তারা বলল, না তিনি বললেন, এই তো 'আমর ইবনুল আস, তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল, তা আমার মনে দায়ার্দ্রতার উদ্রেক করেছে, একারণে আমি সরে এসেছি। পরে আমর রা. মু'আবিয়া রা.-এর কাছে ফিরে গেলে তিনি বললেন, আমি আল্লাহর প্রশংসা করছি- এবং তোমার 'পাছা'রও প্রশংসা করছি। (যেটা তোমাকে জীবন রক্ষা করেছে।)

এরপর বিশাল একদল নিয়ে মুহাম্মাদ ইবনে আলীকে অগ্রবর্তী করা হলো। প্রতিপক্ষ প্রচণ্ডরূপে যুদ্ধ করলে 'আলী রা. অপর একটি দল নিয়ে এগিয়ে চললেন এবং তাদের সঙ্গে নিয়ে আক্রমণ করলেন। এ সময় উভয় দলের অনেক অনেক লোক নিহত হলো যাদের সঠিক সংখ্যা আল্লাহই ভাল জানেন । ইরাকী পক্ষে নিহতের সংখ্যাও ছিল অনেক। এ সময় মাগরিবের সালাতের সময় হয়ে গেল। কিন্তু যুদ্ধের প্রচণ্ডতার কারণে 'আলী রা. লোকদের নিয়ে মাগরিব ও ইশার সালাত ইশারায় আদায় করতে বাধ্য হলেন। এ রাতে রাতভর যুদ্ধ চলতে থাকল এবং রাতটি ছিল মুসলমানদের ইতিহাসে নিকৃষ্টতার বিচারে চরম স্তরের। রাতটি 'লায়লাতুল হারীর' (অপছন্দনীয় বা অকল্যাণকর রাত) নামে অভিহিত। রাতটি ছিল জুমু'আর পূর্ববর্তী রাত। এ রাতে বল্লমগুলো ভেঙ্গে চুড়ে গেল, তীর ফুরিয়ে গেল এবং লোকেরা তরবারি হাতে তুলে নিল।

আলী রা. বিভিন্ন গোত্রকে উদ্বুদ্ধ করে চলছিলেন এবং তাদের কাছে গিয়ে স্থির অবিচল থাকার উপদেশ দিচ্ছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সন্মুখ ভাগে; ডান বাহুর পরিচালনায় ছিল আশতার। বৃহস্পতিবার বিকালে আব্দুল্লাহ্ ইব্‌ন বুদায়ল নিহত হলে শুক্রবারের পূর্ববর্তী রাতে আশতার ডান বাহুর পরিচালন-দায়িত্ব গ্রহণ করেছিল। বাম বাহুর দায়িত্ব দিলেন আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস রা.-কে। সব দিকেই লোকেরা যুদ্ধ করে চলছিল।

শুক্রবার সকাল হওয়া পর্যন্ত তাদের এ অবস্থা চলতে থাকল। ফজরের সালাত তারা যুদ্ধরত অবস্থায় ইশারায় আদায় করল। এভাবে দিনের প্রথম প্রহর পার হয়ে গেল- এবং মুয়াবিয়ার বাহিনী পিছু হটতে বাধ্য হলো। ইরাকীদের জয়ের পাল্লা ভারী হয়ে উঠল। এর কারণ ছিল এই যে, ডান বাহুর পরিচালনা আশতার নাখ'ঈর দায়িত্বে ন্যস্ত হলে সে তার বাহিনী নিয়ে সিরিয়দের বিরুদ্ধে শক্ত আক্রমণ পরিচালিত করল এবং 'আলী রা. তাঁর বাহিনী নিয়ে আশতারের অনুগমন করলে সিরিয়দের প্রায় সকল সারি ভেঙ্গে গেল এবং পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হলো। মুয়াবিয়া বাহিনীর পরাজিত হওয়া নিশ্চিত প্রায় এমন সময়ে মুয়াবিয়ার সৈন্যরা বর্শার মাথায় কুরআন শরীফ তুলে ধরে আওয়াজ দিতে লাগল- “আমাদের ও তোমাদের মাঝে এটিই ফয়সালা করবে। লোকজন শেষ হয়ে গেলে (ইসলামী রাষ্ট্রের) সীমান্ত রক্ষা করবে কারা?

আমর রা. মু'আবিয়া রা.-কে বললেন, আমি একটি বুদ্ধি ঠিক করেছি যা বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের সমন্বিত হওয়ার অধিক সুযোগ সৃষ্টি করতে এবং ওদের বিভক্তি বাড়িয়ে দিবে। আমার মতে আমরা কুরআন শরীফ তুলে ধরে ওদের সেদিকে আহ্বান করব। তাদের সকলে এ আহ্বানে সাড়া দিলে যুদ্ধ স্তিমিত হয়ে যাবে। আর তারা এতে মতবিরোধে লিপ্ত হলে একদল বলবে আমরা তাদের আহ্বানে সাড়া দেই, অপর দল বলবে-না, আমরা সাড়া দিব না। এতে তারা হীনবল হয়ে পড়বে এবং যুদ্ধে তাদের প্রভাব শেষ হয়ে যাবে। বস্তুত তাই হলো। আলী রা. ও তাঁর অনুসারীরা কুরআন দেখে থেমে গেল।

আলী রা.-এর বাহিনীর বড় একটা অংশ যুদ্ধ বন্ধ করে রক্তক্ষয় বন্ধ করতে চাইলো। তবে একটা অংশ যুদ্ধ বন্ধের বিরোধী ছিল। তারা বলেছে এটা আমর রা. ও মুয়াবিয়া রা.-এর কৌশল। তারা যুদ্ধের সুবিধা নিতে এই কাজ করছে। এটা আলী রা.-ও বুঝতে পেরেছেন কিন্তু তিনি মানুষের রক্তক্ষয় বন্ধের সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। উভয়পক্ষেই মুসলিমরা মৃত্যুবরণ করছে।

যাই হোক, ইরাকীদের অধিকাংশ ও সিরিয়দের সকলেই অন্তত কিছুদিনের জন্য হলেও সন্ধি ও যুদ্ধবিরতির প্রতি আগ্রহান্বিত হলো। তাদের লক্ষ্য ছিল হয়তো এভাবে এমন কোন ঐকমত্য সৃষ্টি হবে যা মুসলমানদের জীবন রক্ষা করবে। কেননা, বিগত সংঘাতের দিনগুলিতে অগণিত মুসলিম নিঃশেষ হয়ে গিয়েছিল। উভয়পক্ষ সালিশের বিনিময়ে যুদ্ধ বন্ধে সম্মত হলেন। এর মাধ্যমে সিফফিনের যুদ্ধের সমাপ্তি হলো।

আলী রা.-এর পক্ষে সেনা কমান্ডাররা ছিলেন, হাসান, হুসাইন, মুহাম্মদ ইবনে আল হানাফিয়াহ, মালিক আল-আশতার, কায়েস ইবনে সাদ, আবদুল্লাহ ইবনে আব্বাস, আম্মার, উয়াইস করনি, খুজাইমা ইবনে সাবিত, হাশিম ইবনে উতবাহ, মুহম্মদ ইবনে আবী বকর, মুহাজির ইবনে খালিদ, আবদুল্লাহ ইবন বুদায়েল প্রমূখ।

মুয়াবিয়া রা.-এর পক্ষে কমান্ডাররা হলেন, আমর ইবনুল আস, মারওয়ান ইবনুল হাকাম, আবু আল আওয়ার, হাবিব ইবনে মাসলামা, বুসার ইবনে আবি আরতাত, উতবা ইবনে আবি সুফিয়ান, মুসলিম ইবনে উকবা, আল-হুসাইন ইবনে নুমায়ার, আল-দাহক ইবনে কায়েস, জাফর ইবনে হারিস, ইবনে বাদল, উবায়েদুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে খালিদ প্রমূখ।

২৫ ফেব, ২০২৩

খিলাফত পর্ব-৪৪ : আলী রা.-এর সময়ে প্রাদেশিক গভর্নরগণ

তৎকালীন শাসনব্যবস্থায় প্রদেশগুলো নিয়ন্ত্রণে থাকলে রাজ্য নিয়ন্ত্রণে থাকতো। তাই প্রদেশ নিয়ন্ত্রণে রাখা একটা গুরুত্বপূর্ণ ব্যবপার ছিল। আলী রা. প্রাদেশিক গভর্নরদের নিয়ন্ত্রণ করতে চাইলেন। তিনি প্রায় সকল প্রদেশে রদবদল করে দিলেন। যাতে সবধরণের মতের মানুষ নিয়ন্ত্রণে থাকে। রাষ্ট্রের সংহতি থাকে। এখানে মূল সমস্যা হলো কিছু লোক উসমান রা.-এর রক্তের বদলা ছাড়া কিছুই ভাবতে পারছিলেন না। আবার কিছু লোক উসমান রা.-এর এতই ক্ষিপ্ত ছিল যে, বিদ্রোহীদের বিরুদ্ধে সামান্য ক্ষতি হওয়ার আশংকাকেও সমস্যা হিসেবে দেখছিলো। দুই পক্ষের চরমপন্থীরা আলী রা.-কে সমস্যায় ফেলছিল। এজন্য আলী রা.-এর জন্য পথচলা কঠিন হয়ে পড়েছিল। গভর্নররা নিজ নিজ ইজতেহাদ ও রায় অনুসারে সিদ্ধান্ত নিতে থাকলেন। এই অবস্থায় আলী রা.-এর জন্য গভর্নর নিয়ন্ত্রণ ছিল প্রাথমিক কাজ।

মক্কা :
উসমান ইবনু আফফানের শাহাদাতবরণের সময় খালিদ ইবনু সায়িদ ইবনুল আস রা. ছিলেন মক্কার গভর্নর। তিনি উসমান রা.-এর রক্তের বদলা নিতে আলী রা. বিরুদ্ধে গণজমায়েত তৈরি করেছিলেন। আলি রা. তাঁকে প্রত্যাহার করে আবু কাতাদা আনসারি রা.-কে মক্কার গভর্নর হিসেবে নিয়োগ দেন। তবে তাঁর গভর্নরির মেয়াদ ছিল সংক্ষিপ্ত। কারণ, আলি রা. যখন দারুল খিলাফত তথা রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন, তখন কুসাম ইবনু আব্বাস রা.-কে মক্কার গভর্নর বানানো হয় এবং আবু কাতাদা আনসারি রা.-কে প্রত্যাহার করে সেনা কমান্ডার করা হয়। কুসাম রা.-এর সময়ে উল্লেখযোগ্য কোনো ঘটনা সামনে আসেনি। আলি রা. তাঁকে একই সময়ে মক্কার পাশাপাশি তায়েফেরও দায়িত্ব অর্পণ করেন।

৩৯ হিজরিতে মুআবিয়া রা. সিরীয় নেতাদের একজনকে সিরিয়ার হাজিদের সঙ্গে পাঠান। তাঁকে নির্দেশ দেন মক্কায় পৌঁছে সকলের নেতৃত্ব দিতে। তিনি মক্কায় পৌঁছালে তাঁর এবং কুসাম ইবনু আব্বাস রা.-এর মধ্যে বিরোধ দেখা দেয়। ব্যাপারটি এতদূর গড়ায় যে, কিছু সাহাবি যদি এতে হস্তক্ষেপ করে মীমাংসা করে না দিতেন তাহলে যুদ্ধ বেধে যেত। বুসরা ইবনু আরতাআহ রা.-এর নেতৃত্বে মুআবিয়া রা.-এর বাহিনী মক্কায় অভিযান পরিচালনা করে। কুসাম রা. যুদ্ধে পরাজিত হয়ে পিছু হটেন। এভাবে সমাপ্তি ঘটে কুসাম রা.-এর গভর্নরির। মক্কার কর্তৃত্ব আলী রা.-এর হাতছাড়া হয়ে যায়। এরপর মক্কা পুনরুদ্ধারে আলী রা. তাঁর বাহিনী পাঠান। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই তিনি শাহাদাতবরণ করেন।

মদিনা মুনাওয়ারা :
নববি যুগ এবং তাঁর পরবর্তী তিন খলিফার শাসনামলে মদিনা ছিল ইসলামি সালতানাতের দারুল খিলাফাহ তথা রাজধানী। খলিফা এখানেই অবস্থান করতেন এবং নিজে উপস্থিত থেকে রাষ্ট্রের সব কাজ নিজেই সামাল দিতেন। কোথাও সফরে গেলে কাউকে নিজের নায়েব নিযুক্ত করে যেতেন, যিনি সার্বিক অবস্থা দেখভাল করতেন; কিন্তু আলী রা.-এর শাসনামলে এই অবস্থার পরিবর্তন ঘটে। উসমান রা.-এর শাহাদাতের পর রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা—বিশেষত তালহা, জুবায়ের ও আয়েশা সিদ্দিকার উষ্ট্রের যুদ্ধের পূর্বে ইরাকগমন—আলী রা.-কে ইরাকে দারুল খিলাফত প্রতিষ্ঠায় বাধ্য করে।

আলী রা. মদিনা ছাড়ার সময় সাহল ইবনু হুনাইফ আনসারি রা.-কে এখানে তাঁর নায়েব নিযুক্ত করে যান। এখানে তাঁর গভর্নরির মেয়াদ এক বছরের কিছু বেশি ছিল বলে ধারণা করা হয়। এরপর তাঁকে অপসারণ করে তাম্মাম ইবনু আব্বাস রা.-কে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন পর তাঁকেও অপসারণ করে আবু আইয়ুব আনসারি রা.-কে গভর্নর বানানো হয়। আবু আইয়ুব আনসারি ৪০ হিজরি পর্যন্ত মদিনার গভর্নর ছিলেন। বুসর ইবনু আরতাআহ রা.-এর নেতৃত্বে মুআবিয়ার সিরীয় বাহিনী আক্রমণ করলে আবু আইয়ুব আনসারি মদিনা ছেড়ে কুফায় কাছে চলে যান। এভাবে মদিনাও আলীর শাসনক্ষমতা থেকে বেরিয়ে যায়।

বাহরাইন ও আম্মান :
উসমান রা. শাহাদাতের সময় বাহরাইন ছিল বসরার ইমারতের অধীনে। ইবনু আমির রা. সেখানে তাঁর কর্মকর্তাদের মধ্যে হতে কাউকে দায়িত্বশীল নিযুক্ত করতেন। আলী রা.-এর শাসনকাল এলে তিনি বাহরাইনে কয়েকজন আমির নিযুক্ত করেন। তাঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন উমর ইবনু আবি সালামা রা.। যিনি মদিনা থেকে ইরাক সফরের সময় আলির সঙ্গে ছিলেন। আলি সেখানে পৌঁছে তাঁকে গভর্নর হিসেবে কিছুদিনের জন্য বাহরাইন পাঠান। এরপর নিজের কাছে রাখার জন্য তাঁকে ইরাকে ডেকে আনেন।
আলী রা.-এর পক্ষ থেকে বাহরাইনে নিযুক্ত অন্য গভর্নরদের মধ্যে রয়েছেন কুদামা ইবনু আজলান আনসারি, নুমান ইবনু আজলান আনসারি ও উবায়দুল্লাহ ইবনু আব্বাস রা.। উল্লেখ্য যে, উবায়দুল্লাহ ইবনু আব্বাস রা. প্রকৃতপক্ষে ইয়ামেনের গভর্নর ছিলেন। এখানে তাঁর গভর্নরির দায়িত্ব পালনকালে সম্ভবত বাহরাইন, আম্মান ও নাজদ ইয়ামেনের নিয়ন্ত্রণাধীন ছিল।

ইয়েমেন :
আলী রা. খিলাফতের দায়িত্ব নেয়ার পর ইয়ামেনের গভর্নর হিসেবে উবায়দুল্লাহ ইবনু আব্বাস রা.-কে দায়িত্ব দেন। উবায়দুল্লাহ তখনো ইয়ামেনে পৌঁছুতে পারেননি, এমন সময়ে উসমানের গভর্নরও সেখান থেকে বের হয়ে যান। তাঁরা তালহা ইবনু উবায়দিল্লাহ ও জুবায়ের ইবনুল আওয়ামের সঙ্গে উষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইয়ামেনের রাজধানী সানআয় পৌঁছে উবায়দুল্লাহ ইবনু আব্বাস গভর্নরের দায়িত্ব সামাল দেন। ইয়ামেনের সেনা-অধিনায়ক সায়িদ ইবনু সাআদ ইবনু উবাদা আনসারি রা. সহযোগী হিসেবে তাঁকে সঙ্গ দেন। উসমানের শাহাদাতে ইয়ামেনের অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভ ও শোক দানা বাঁধে। হত্যাকারীদের এহেন অন্যায় তাঁদের জন্য ছিল কষ্টদায়ক। এ কারণে এখানকার কিছু লোক আলী রা.-এর খিলাফতে বায়আত করেনি। তারা হত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চাচ্ছিল।

যখন তারা আলির বিচার-কার্যক্রমে বিলম্ব দেখতে পাচ্ছিল, তখন সে-সকল লোক মুআবিয়া রা. সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান শুরু করে দিলো। এর জবাবে মুআবিয়া বুসর ইবনু আরতাআহকে সেনাবাহিনীর সঙ্গে পাঠান। পরে ইয়ামেনের অভ্যন্তরের বিদ্রোহীদের সাহায্যে বুসর ইয়ামেনের ওপর নিয়ন্ত্রণের সুযোগ পান। তবে এই নিয়ন্ত্রণ ছিল খুব অল্প সময়ের জন্য। এর কিছুদিন পর আলী রা. মুআবিয়া রা. নিয়ন্ত্রণ থেকে ইয়ামেন মুক্ত করতে সক্ষম হন। উবায়দুল্লাহ ইবনু আব্বাসকে পুনরায় গভর্নর হিসেবে সেখানে পাঠান। এরপর আলী রা.-এর শাহাদাতের পূর্বপর্যন্ত তিনি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করে যান।

সিরিয়া
মুআবিয়া রা. উমর রা. ও উসমান রা.-এর সময় হতে সিরিয়ার গভর্নর ছিলেন। আলী রা. যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন তখন তিনি উসমান রা.-এর হত্যার বদলা না নেওয়া বাইয়াত নিতে অস্বীকার করলেন। আলী রা. তাকে পত্র লিখলেন। কিন্তু সেগুলো কোনটাই কাজে আসেনি। বরং মুয়াবিয়া রা. আলী রা.-এর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সৈন্য সমাবেশ করলেন। উটের যুদ্ধের আগে আলী রা. সিরিয়ায় যেতে চেয়েছিলেন। কিন্তু আয়িশা রা. বসরায় দ্রুত সৈন্য সমাবেশ করায় আলী রা. সিদ্ধান্ত পরিবর্তন করে বসরায় গেলেন। উটের যুদ্ধের পর মুয়াবিয়া রা.-কে বরখাস্ত করে তাঁর পরিবর্তে আবদুল্লাহ ইবনু উমরকে নিয়োগ দিতে চেয়েছিলেন। কিন্তু আবদুল্লাহ ইবনু উমর রা. সিরিয়ার গভর্নর-পদ গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি উভয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও শ্বশুরালয়ের ঘনিষ্ঠ আত্মীয়তার কথা উল্লেখ করে অপারগতা প্রকাশ করেন। আলী রা.-ও জোর না করে তাঁর অপারগতার বিষয়টি মেনে নেন।

আলী রা.-এর গোটা খিলাফতকালে মুআবিয়াই ছিলেন সিরিয়ার শাসক। আলী রা. কোনোভাবেই সিরিয়া তাঁর থেকে মুক্ত করতে কিংবা কোনো গভর্নর সেখানে নিযুক্ত করতে পারেননি। সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমানায় উভয়পক্ষের বাহিনীর মধ্যে বেশকিছু যুদ্ধ সংঘটিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ৩৭ হিজরিতে সংঘটিত আলী ও মুআবিয়ার মধ্যকার সিফফিনযুদ্ধ।

জাজিরা
উসমান রা.-এর খিলাফতকালে জাজিরা সিরিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা ছিল। কিন্তু তাঁর শাহাদাতের পর যখন সিরিয়া মুআবিয়ার কর্তৃত্বে এবং ইরাক আলির কর্তৃত্বে চলে গেল, তখন মধ্যখানে থাকা জাজিরা হয়ে গেল উভয় পক্ষের বিরোধপূর্ণ স্থান। কারণ, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জাজিরার এক প্রান্তে ছিল সিরিয়া অপর প্রান্তে ইরাক। ফলে উভয় পক্ষের জন্য জাজিরার নিয়ন্ত্রণ ছিল বাহ্যত সহজ। সেটার নিয়ন্ত্রণ নিতে গিয়ে উভয় দলের সেনাদের মধ্যেই বেশ কয়েক বার তুমুল যুদ্ধও সংঘটিত হয়। আলী রা. সংক্ষিপ্ত সময়ের জন্য সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং আশতার নাখয়িকে গভর্নর নিযুক্ত করেন।

আশতারই এখানকার সর্বাধিক প্রসিদ্ধ গভর্নর। কারণ, আলী রা. তাঁকে কয়েক বার সেখানকার গভর্নর নিযুক্ত করেন। তিনি জাজিরার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধিক অভিজ্ঞ ছিলেন। পরবর্তী সময়ে প্রয়োজনের তাগিদে ৩৮ হিজরিতে আলী তাঁকে মিসরের গভর্নরের দায়িত্ব দেন। এরপর জাজিরায় আবারও বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে ওঠে। মুআবিয়ার অনুসারীরা জাজিরার নিয়ন্ত্রণের জন্য তৎপর হয়ে উঠলে উভয় দলের মাঝে বেশকিছু যুদ্ধও সংঘটিত হয়। ৩৯ হিজরির শেষ দিকে মুআবিয়া রা. একটি সীমানা পর্যন্ত জাজিরায় কর্তৃত্ব লাভ করতে সক্ষম হন। আলী রা. অভিযান চালিয়ে সেখানে আবারো কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।

যারা আলী ও মুআবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধ থেকে দূরে সরে থাকতে চাইতেন, তারাও জাজিরায় আশ্রয় নিতেন। তাঁরা ছিলেন সে-সকল লোক, যাঁরা উভয় দলের মধ্যে সংঘর্ষ চলাকালে আলীর নিকট বায়আত গ্রহণ করেননি। যেহেতু জায়গাটি উভয় পক্ষের মধ্যখানে অবস্থিত, তাই তাঁরা জাজিরাকেই আবাসস্থল হিসেবে মনোনীত করেন। কতেক বর্ণনায় জাজিরায় নিযুক্ত আলির দুজন গভর্নরের নাম রয়েছে। তাঁরা হলেন, আমির" এবং কামিল ইবনু জিয়াদ। সিরিয়া বাহিনীর আক্রমণ প্রতিরোধে তাঁরা উভয়ে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে অগ্রসর হয়ে জাজিরার পক্ষ থেকে শামের ওপর আক্রমণেও তাঁরা বেশ সফল হন।

মিসর
উসমানের শাহাদাতকালে মিসরে জোরপূর্বক ক্ষমতায় ছিলেন মুহাম্মাদ ইবনু আবি হুজায়ফা। উসমান তাঁকে সেখানে নিয়োগ দেননি। উসমানের শাহাদাতের পর আলী রা. তাঁকে নির্দিষ্ট মেয়াদের জন্য গভর্নর হিসেবে সেখানে বহাল রাখেন; কিন্তু মুআবিয়া মিসর অভিমুখে সেনা-অভিযান পরিচালনা করে মুহাম্মাদ ইবনু আবি হুজায়ফাকে গ্রেফতার করেন। এরপর তাঁকে হত্যা করা হয়। এরপর আলী রা. কায়েস ইবনু সাআদ আনসারিকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন।

কায়েস ইবনু সাআদ ফুসতাতে পৌঁছে মিম্বারে দাঁড়িয়ে মিসরবাসীর উদ্দেশে ভাষণ দিলেন। তিনি আলী রা. চিঠি পড়ে তাদের সামনে আলির পক্ষ থেকে বায়আতের দাবি করলেন। কিন্তু এই ভাষণের পর মিসরবাসী দুইভাগে বিভক্ত হয়ে যায়। একদল কায়েসের হাতে বায়আত হয়ে আলীর আনুগত্য প্রকাশ করে। আরেক দল বায়আত থেকে দূরে সরে থাকে। কায়েস ইবনু সাআদ উভয় দলের সঙ্গেই দূরদর্শী আচরণ করেন। যারা বায়আত হয়নি তাদের নিজ অবস্থায় ছেড়ে দিলেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেননি। শুধু তাই নয়, তাদের অসহযোগিতা সত্ত্বেও যেসব জায়গায় তারা অবস্থান করছিল সেসব স্থানে তাদের জন্য বিভিন্ন পুরস্কার পাঠান। তাদের একটি দল তাঁর সঙ্গে সাক্ষাতে এলে তাদেরও অনেক সম্মান জানান এবং দয়ার্দ্র আচরণ করেন।

কায়েস এই উত্তম আচরণ দ্বারা বিরোধীদের সঙ্গে যাবতীয় সংঘর্ষ এড়িয়ে চলতে সক্ষম হন। এতে করে মিসরে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসে। তিনি মিসরকে সর্বক্ষেত্রে সুন্দর ব্যবস্থাপনায় সাজিয়ে তোলেন। বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগ দেন। কর ও পুলিশ বিভাগের নিয়োগকার্যও সম্পন্ন করেন। এভাবেই তিনি মিসরের শাসনব্যবস্থা গুছিয়ে নিতে এবং সবার সন্তুষ্টি অর্জনে সক্ষম হন।

অন্যদিকে কায়েস ইবনু সাআদের এমন অবস্থান সামরিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মুআবিয়া রা. জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠে। কেননা, একে তো সিরিয়া হলো মিসরের নিকটবর্তী এলাকা, অন্যদিকে কায়েসের মাধ্যমে মিসরের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রভূত উন্নতি করতে সক্ষম হন তিনি। এ ছাড়া কায়েস ইবনু সাআদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার খ্যাতি তো ছিলই। তা ছাড়া মিসরীয় বাহিনীর প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপও মুআবিয়ার ভয়ের কারণ ছিল। এ জন্য তিনি কায়েস ইবনু সাআদকে হুমকিসংবলিত পত্র পাঠাতে থাকেন এবং পাশাপাশি তাঁকে নিজের দলে ভেড়াতে প্ররোচিত করেন। কায়েস ইবনু সাআদ এসব চিঠির এমন বুদ্ধিদীপ্ত জবাব প্রদান করতে থাকেন যাতে মুয়াবিয়া রা. তাকে শত্রু হিসেবে গণ্য না করেন।

এতে কায়েসের বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা শুরু হয়। শেষ পর্যন্ত আলির কয়েকজন উপদেষ্টাও এ ব্যাপারে তাঁকে পরামর্শ দেন এবং তাঁর বিরুদ্ধে প্রচারিত প্রোপাগান্ডা সত্য মনে করেন। ফলে আলী রা. কায়েসের কাছে চিঠি লিখলেন, ‘আমি তোমাকে আমার কাছে রাখতে চাচ্ছি। সুতরাং তোমার অনুপস্থিতিতে আরেকজনকে নিয়োগ দিয়ে আমার নিকট চলে এসো। এরপর আলি তাঁর স্থানে আশতার নাখয়িকে মিসরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তিনি পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর আলী রা. মুহাম্মাদ ইবনু আবি বকর রা.-কে মিসরের গভর্নর হিসেবে নিয়োগ দেন। মুহাম্মাদ ইবনু আবি বকর বাকী সময় মিসরের গভর্নর ছিলেন। তাঁর সময়ে মুয়াবিয়া রা. বেশ কয়েকবার মিসরে আক্রমণ করেন। কিন্তু তা অধিকার করতে পারেন নি।

বসরা
আমিরুল মুমিনিন আলি রা. তাঁর শাসনামলে বসরার সাবেক গভর্নর আবদুল্লাহ ইবনু আমির রা.-কে বরখাস্ত করেন। তিনি বসরা ছেড়ে চলে যান মক্কায়। তাঁর পরিবর্তে উসমান ইবনু হুনাইফ আনসারি রা.-কে বসরার গভর্নর হিসেবে পাঠান। উসমান ইবনু হুনাইফ সেই এলাকা সম্পর্কে যথেষ্ট ধারণা ও দক্ষতা রাখতেন। কেননা, উমর রা. তাঁকে ভূমি জরিপ ও খারাজ উসুলের কাজে ইতিপূর্বে বসরায় নিয়োগ দিয়েছিলেন। উসমান ইবনু হুনাইফ বসরার উদ্দেশে রওনা হয়ে গেলেন। বসরাবাসী তখন তিন দলে বিভক্ত। একদল বায়আত হয়ে গোটা জামাআতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, আরেক দল—মদিনাবাসী কী করে, সেই ভাবনায় ছিল। আর তৃতীয় দল বায়আতকে সরাসরি অস্বীকৃতি জানাল।

উসমান ইবনু হুনাইফও বেশিদিন বসরার গভর্নর হিসেবে থাকতে পারেননি। উষ্ট্রের যুদ্ধের আগে তালহা, জুবায়ের ও আয়েশা সিদ্দিকার সৈন্যবাহিনী বসরায় প্রবেশ করে। পরিস্থিতি বিবর্তিত হতে হতে একপর্যায়ে যা যুদ্ধে গিয়ে পৌঁছায়। উসমান ইবনু হুনাইফও চলে আসেন আলীর কাছে। উষ্ট্রের যুদ্ধের কদিন পূর্বেই বসরার পথে আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে শেষ হয় উসমান ইবনু হুনাইফের শাসনকাল। আলি রা. এ সময় বসরায় প্রবেশ করে কিছুদিন সেখানে অবস্থান করেন। উটের যুদ্ধের পর তিনি বসরা ত্যাগের মনস্থ করলে বিখ্যাত তাফসীরকারক আবদুল্লাহ ইবনু আব্বাস রা.-কে বসরার গভর্নর নিযুক্ত করেন এবং তাঁর সঙ্গে জিয়াদ ইবনু আবিহের হাতে খারাজ বিভাগের দায়িত্ব অর্পণ করেন। আলী রা. জিয়াদ ইবনু আবিহের কর্মদক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতার ব্যাপারটি জানতেন। তাই ইবনু আব্বাসকে বলেন, তিনি যেন তাঁর সঙ্গে পরামর্শ করেন এবং তাঁর মতামতকে গুরুত্ব দেন।

কুফা
উসমান রা.-এর শাহাদাতের সময় আবু মুসা আশআরি রা. তাঁর পক্ষ থেকে কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আলী রা. খলিফার পদে আসীন হলে তাঁকে সে পদেই বহাল রাখা হয়। তিনি আলির পক্ষ থেকে কুফাবাসীর কাছে খিলাফতের বায়আত গ্রহণ করেন এবং বায়আতের ব্যাপারে তাদের অবস্থান ও অধিকাংশের বায়আত কবুলের কথা জানিয়ে চিঠি পাঠান। আলি রা. ইরাকের উদ্দেশে মদিনাত্যাগের সময় আবু মুসা আশআরি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পথিমধ্যে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে আলি তার থেকে আবু মুসা আশআরি সম্পর্কে জানতে চান। জবাবে সে বলল, ‘যদি আপনি সন্ধি ও মীমাংসা চান, তাহলে আবু মুসা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারবেন।

আর আপনি যদি যুদ্ধ করতে চান, তাহলে এ ব্যাপারে তিনি উপযুক্ত নন। এ কথা শুনে আলি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তো কেবল সংশোধন চাই— যদি না কেউ আমাদের পথ আগলে না রাখে। শান্তি স্থাপন, সন্ধি এবং মুসলমানদের পারস্পরিক যুদ্ধে না জড়ানোর প্রতি আবু মুসা আশআরির অভিরুচি স্পষ্টভাবে প্রতিভাত হয়। মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর হলে কুফার গভর্নরের পদ বিলুপ্ত হয়। আলী রা. নিজেই কুফার শাসক ছিলেন।

পারস্য
আলি রা. সাহল ইবনু হুনাইফ আনসারি রা.-কে পারস্যের গভর্নর হিসেবে নিয়োগ দেন। একটি মেয়াদ তিনি এই দায়িত্ব পালন করেন; কিন্তু এমন একটা সময় এলো যে, পারস্যবাসী তাঁর বিরুদ্ধাচরণ করতে লাগল। তারা ৩৭ হিজরির দিকে তাঁকে সেখান থেকে বের করে দেয়। আলি এই পরিস্থিতি দেখে আবদুল্লাহ ইবনু আব্বাসের সঙ্গে যোগাযোগ করেন। পারস্য ইস্যুতে তাঁর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে তাঁর অন্যতম সহযোগী জিয়াদ ইবনু আবি সুফিয়ানকে সেখানকার গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে পাঠিয়ে দেন। এ ক্ষেত্রে একটি বিষয় স্পষ্টরূপে প্রতিভাত হয় যে, কেন্দ্রীয় রাজ্য বসরা এবং তাঁর অধীনস্থ রাজ্য পারস্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল। এ ছাড়া ইস্পাহানের বিষয়টিও উল্লেখযোগ্য। এটি পারস্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। মুহাম্মাদ ইবনু সালিম ছিলেন এ অঞ্চলে আলীর পক্ষ থেকে নিযুক্ত শাসক। তাঁর পক্ষ থেকে নিযুক্ত ইস্পাহানের আরও একজন প্রসিদ্ধ শাসক হলেন উমর ইবনু সালামা। তিনি ইস্পাহান থেকে প্রচুর খাদ্য ও সম্পদ খিলাফতের রাজধানীতে নিয়ে আসেন। ২৯ হিজরিতে আলির শাসনামলে পারস্যের এই এলাকায় দিরহামের প্রচলন শুরু হয়। ইরাকের মিউজিয়ামে আরবিভাষ্য খুদাই করা সেই দিরহাম এখনো সংরক্ষিত আছে।

খোরাসান
খোরাসান ছিল পারস্যের একটি রাজ্য। খুলাফায়ে রাশিদিনের শাসনকালে খোরাসান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বসরার সঙ্গে কেন্দ্রীভূত ছিল। আলী রা.-এর খিলাফতকালে গভর্নর ও প্রশাসনিক বিষয়সহ এখানে সংঘটিত হয় বেশকিছু ঘটনা। এ ছাড়া কয়েকজন গভর্নর ও শহরের আমিরের নামও পাওয়া যায়। আবদুর রহমান ইবনু আবজা ছিলেন আলীর পক্ষ থেকে খোরাসানের প্রথম গভর্নর। এ ছাড়াও জাদাহ ইবনু হুবাইরা ইবনু আবি ওয়াহহাবও খোরাসানের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। আলী ৩৭ হিজরিতে সিফফিন থেকে ফেরার পর তাঁকে খোরাসানের গভর্নর বানিয়ে পাঠান।

আজারবাইজান
উসমানের শাহাদাতের সময় আশআস ইবনু কায়েস রা. ছিলেন আজারবাইজানের গভর্নর। তিনি ভালো যোদ্ধা ছিলেন। আলী রা. যুদ্ধের প্রয়োজনে আশআস ইবনু কায়েসকে নিজের কাছে ডেকে পাঠান। তিনি কুফায় এসে আলীর সঙ্গে মিলিত হন। সিফফিনযুদ্ধ এবং খারেজি দমন- অভিযানসহ বিভিন্ন ঘটনায় তিনি আলীর সঙ্গে ছিলেন। এ সময় তিনি সায়িদ ইবনু সারিয়া খুজায়িকে আজারবাইজানের গভর্নর নিযুক্ত করেন আলী রা.। এরপর পুনরায় আশআসকে আজারবাইজানের গভর্নর নিযুক্ত করে আর্মেনিয়াকেও তাঁর অধীন করে দেন। আজারবাইজানের গভর্নর থাকাকালে আশআস ইবনু কায়েস সেখানে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেন। এর মধ্যে একটি হলো, তিনি আরদাবিলায় আরবদের জন্য বসতি স্থাপন এবং এটিকে মুসলিম নগরীতে রূপান্তর করেন। ইসলামের প্রসারের পর সেখানে নির্মাণ করা হয় বিশাল মসজিদ।

আলী রা.-এর ৫ বছরের শাসনামল প্রায় পুরোটায় গৃহযুদ্ধে কেটে গেছে। তাই এসময় নতুন অঞ্চল বিজয় করা সম্ভব হয়নি।