আদর্শ রাষ্ট্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদর্শ রাষ্ট্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০ মে, ২০২৪

আদর্শ রাষ্ট্র, পর্ব -০৩ : আদর্শ রাষ্ট্রের সার্বভৌমত্ব কী হবে?



আদর্শ রাষ্ট্র তথা ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্ব থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহ তায়ালা এই বিশ্ব জগতের স্রষ্টা এবং তিনি সর্বোচ্চ শাসক। সর্বোচ্চ কর্তৃত্ব কেবল তারই। মানুষের মর্যাদা হলো, সে সর্বোচ্চ শাসকের প্রতিনিধি এবং তার রাজনৈতিক ব্যবস্থা হবে শাসকের আইনের অনুগামী। প্রতিনিধির কাজ হলো, শাসকের আইনকে তাঁর প্রকৃত লক্ষ্য অনুযায়ী কার্যকর করা এবং তাঁর নির্দেশিত পথে রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করা। 


১. শাসন ক্ষমতার কর্তৃত্ব কেবল আল্লাহরই

আল্লাহ তায়ালা ইউসুফ আ.এর ঘটনা উল্লেখ করেন সূরা ইউসুফে। ইউসুফ আ. বলেন, 'হে জেলখানার সাথীরা! তোমরা নিজেরাই ভেবে দিখো, ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো, না এক আল্লাহ যিনি সবার ওপর বিজয়ী। তাঁকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামী করছো তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়। যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃ পুরুষরা রেখেছো, আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি। শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তাঁর হুকুম হলো, তোমরা তাঁর ছাড়া আর কারোর দাসত্ব করবেনা। এটিই সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক জানেনা।'[সূরা ইউসূফঃ ৩৯-৪০]

এটি ইউসুফ আ.-এর ভাষণের একটি অংশ। আল্লাহর সার্বভৌমত্ব ও তাওহীদের ব্যাপারে এটি সর্বোত্তম ভাষণসমূহের একটি। এতে হযরত ইউসুফ আ. শ্রোতাদের সামনে দ্বীনের এমন একটি সুচনা বিন্দু তুলে ধরেন যেখানে থেকে সত্যপন্থী ও মিথ্যাবাদীদের পথ পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। অর্থাৎ তিনি তাওহীদ শিরকের পার্থক্য তুলে ধরেছেন। আবার এ পার্থক্যকে এমন যুক্তিসংগত পদ্ধতিতে সুস্পষ্ট করেছেন, যার ফলে সাধারণ বিবেক বুদ্ধিসম্পন্ন যেকোনো ব্যক্তিই তা অনুভব না করে পারেননা। বিশেষ করে সে সময় যাদেরকে সম্বোধন করে তিনি একথা বলছিলেন তাদের মন মস্তিষ্কে তীরের মতো একথা গেঁথে গিয়ে থাকবে। কারণ তারা ছিলো কর্মজীবি গোলাম। নিজেদের মনের গভীর তারা একথা ভালোভাবে অনুভব করতো যে, একজন প্রভুর গোলাম হওয়া ভালো, না একাধিক প্রভুর গোলাম হওয়া? 

আর সারা দুনিয়ার একক প্রভু যিনি, তার দাসত্ব করা ভালো, না তার দাসদের দাসত্ব করা? তারপর তিনি একথাও বলেননি যে, তোমাদের ধর্ম ত্যাগ করো এবং আমার দ্বীন গ্রহণ করো। বরং চমৎকার কৌশল বলছেন, আল্লাহর কতোবড় মেহেরবানী, তিনি আমাদের তাঁর ছাড়া আর কারো দাস হিসেবে পয়দা করেননি , অথচ অধিকাংশ লোক তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনা বরং অনর্থক নিজেরাই মনগড়া প্রভু তৈরী করে তাদের পূজা ও দাসত্ব করছে। তারপর তিনি শ্রোতাদের অনুসৃত ধর্মের সমালোচনাও করেছেন, কিন্তু অত্যন্ত যুক্তিসংগতভাবে এবং কোনো প্রকার মনোকষ্ট না দিয়ে। 

২. ফেরাউনও নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করতো

আল্লাহ তায়ালা ফেরাউনের ঘটনা উল্লেখ করে বলেন, 'আর ফেরাউন বললো, হে সভাসদবর্গ! আমি তো আমাকে ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে জানিনা।' [সূরা আল কাসাসঃ ৩৮]

এ উক্তির মাধ্যমে ফেরাউন যে বক্তব্য পেশ করেছে তার অর্থ এ ছিলোনা যে, আমিই তোমাদের এবং পৃথিবী ও আকাশের স্রষ্টা। কারণ কেবলমাত্র কোনো পাগলের মুখ দিয়েই এমন কথা বের হতে পারতো। অনুরূপভাবে এর অর্থ এও ছিলোনা আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। কারণ মিসরবাসীরা বহু দেবতার পূজা করতো এবং স্বয়ং ফেরাউনকেই যেভাবে উপাস্যের মর্যাদা দেয়া হয়েছিলো তাও শুধুমাত্র এই ছিলো যে, তাকে সূর্য দেবতার অবতার হিসেবে স্বীকার করা হতো। সবচেয়ে বড় সাক্ষী কুরআন মজীদ নিজেই। কুরআনে বলা হয়েছে ফেরাউন নিজে বহু দেবতার পূজারী ছিলো।

তাহলে ফেরাউনের ব্যবহৃত 'ইলাহ' মানে কী? এই 'ইলাহ' মানে হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব তথা আদেশ ও নিষেধের কর্তা ফেরাউন। ফেরাউন নিজেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বভৌম মনে করতো। যারা রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর আইন বা আল্লাহর সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে নিজেদের তথাকথিত রাজনৈতিক ও আইনগত সার্বভৌমত্বের দাবীদার, তাদের সাথে ফেরাউনের কোনো পার্থক্য নেই। বাংলাদেশের নির্বোধ লোকেরা একদিকে ফেরাউনকে অভিসম্পাত করতে থাকে, অন্যদিকে ফেরাউন রীতিনীতির অনুসারী এসব শাসককে বৈধতার ছাড়পত্র দিয়ে দেয়। 

৩. আল্লাহর সার্বভৌমত্বে কারো কোনো অংশীদারত্ব নেই

আল্লাহ তায়ালা বলেন, 'তিনি হলেন সেই সত্ত্বা, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের মালিক। তিনি কাউকেও পুত্র বানাননা। তাঁর রাজত্বে কোনো অংশীদার নেই। প্রতিটি জিনিস তিনি সৃষ্টি করেছেন এবং তাঁর একটি তাকদীর নির্ধারণ করেছেন।' [সূরা আল ফুরকানঃ ২]

মহান আল্লাহই এ বিশ্ব জাহানের সর্বময় কর্তৃত্বের মালিক এবং তাঁর শাসন ক্ষমতায় কারো সামান্যতমও অংশ নেই। মূলকথা এই যে, তিনি ছাড়া আর কোনো মা'বুদ নেই। কারণ, মানুষ যাকেই মা'বুদে পরিণত করে একথা মনে করেই করে যে, তার কাছে কোনো শক্তি আছে, যে কারণে সে আমাদের উপকার বা ক্ষতি করতে পারে এবং আমাদের ভাগ্যের ওপর ভালো মন্দ প্রভাব ফেলতে পারে। ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্যও চাইবে না। 


৪. আল্লাহর কাছেই সবাইকে জবাবদিহি করতে হবে 

যিনি সার্বভৌমত্বের মালিক, তার কাছেই সকল কর্মকান্ডের জবাবদিহি করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, 'আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের অন্তরে যা কিছু আছে তা প্রকাশ কারো কিংবা গোপন রাখো সর্বাবস্থায়ই আল্লাহ সেগুলোর হিসেবে নেবেন। অতপর তিনি যাকে চাইবেন ক্ষমা করে দেবেন, আর যাকে চাইবেন শাস্তি দেবেন, তিনি সবকিছু কারতে সক্ষম।' [সূরা আল বাকারাঃ ২৮৪] 

আল্লাহ এই পৃথিবীর ও আকাশ সমূহের মালিক। আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর একক মালিকানাধীন, প্রকৃতপক্ষে এই মৌলিক সত্যের ভিত্তিতেই মানুষের জন্য আল্লাহর সামনে আনুগত্যের শির নতো করা ছাড়া দ্বিতীয় কোনো কর্মপদ্ধতি বৈধ ও সঠিক হতে পারেনা।
এই বাক্যটিতে আরো দুটি কথা বলা হয়েছে। এক, প্রত্যেক ব্যক্তি এককভাবে আল্লাহর কাছে দায়ী হবে এবং এককভাবে তাকে জবাবদিহি করতে হবে। দুই, পৃথিবী ও আকাশের যে একচ্ছত্র অধিপতির কাছে মানুষকে জবাবদিহি করতে হবে তিনি অদৃশ্য ও প্রকাশ্যের জ্ঞান রাখেন। এমনকি লোকদের গোপন সংকল্প এবং তাদের মনের সংগোপনে যেসব চিন্তা জাগে সেগুলিও তাঁর কাছে গোপন নয়।

আল্লাহর ওপর কোনো আইনের বাঁধন নেই। কোনো বিশেষ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বাধ্য নন। বরং তিনি সর্বময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। শাস্তি দেয়ার এবং মাফ করার পূর্ণ ইখতিয়ার তাঁর রয়েছে।


৫. বৈধ ও অবৈধ নির্ধারণের মালিক আল্লাহ তায়ালা 

ঈশা আ.-এর দাওয়াতের কথা আল্লাহ তায়ালা কুরআনে উল্লেখ করেন। ঈশা আ. বলেন, 'আমি সেই শিক্ষা ও হিদায়াতের সত্যতা ঘোষণা করার জন্য এসেছি, যা বর্তমানে আমার যুগে তাওরাতে আছে। আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিলো তার কতকগুলি হালাল করার জন্য আমি এসেছি। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানী নিয়ে এসেছি। কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। কাজেই তোমরা তাঁর দাসত্ব করো। এটিই সোজাপথ।' [সূরা আল ইমরানঃ ৫০-৫১]

মানুষের জীবনকে হালাল ও হারাম এবং বৈধতা ও অবৈধতার বিধি-নিষেধে আবদ্ধকারী আইন ও বিধিবিধান একমাত্র আল্লাহ দান করবেন। অন্যদের চাপানো সমস্ত আইন ও বিধি নিষেধ বাতিল করতে হবে। আদর্শ রাষ্ট্রের জন্য কোনটি বৈধ বা কোনটি অবৈধ হবে তা নির্ধারণ হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। 

৬. সৃষ্টি যার, আইন চলবে তার  

এটাই আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এখানের স্রষ্টার আইন কার্যকর হবে। স্রষ্ট্রার আইনের সাথে সাংঘর্ষিক সব কিছুই বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তায়ালা বলেন, 'প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব, যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি নিজের কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন তারপর রাতের পেছনে দিন দৌড়িয়ে আসে। তিনি সূর্য ও চন্দ্র ও তারকারাজী সৃষ্টি করেছেন। সবাই তাঁর নির্দেশের অনুগত। জেনে রাখো, সৃষ্টি তাঁরই এবং নির্দেশও তাঁরই। আল্লাহ বড়ই বরকতের অধিকারী। তিনি সমগ্র বিশ্বজাহানের মালিক ও প্রতিপালক।' [সূরা আ'রাফঃ ৫৪]

স্রষ্টা ও সৃষ্টির ম্যধকার সম্পর্ক সুস্পস্ট করার জন্য কুরআন মজীদে মানুষের ভাষা থেকে বেশীরভাগ ক্ষেত্রে এমনসব শব্দ, পরিভাষা, উপমা ও বর্ণনাভংগী গ্রহণ করা হয়েছে, যা রাজত্ব ও শাসনের সাথে সম্পর্ক রাখে। এ বর্ণনাভংগী কুরআনে এতো বেশী স্পষ্ট যে, অর্থ বুঝে কুরআন পাঠকারী যেকোনো ব্যক্তিই এ বিষয়টি অনুভব না করে থাকতে পারবেননা। 

ভূমন্ডলে ও নভোমন্ডলে একমাত্র আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত। সার্বভৌমত্ব [Sovereignty] বলতে যা বুঝায় তা একমাত্র তারই সত্তার একচেটিয়া অধিকার ও বৈশিষ্ট্য। আল্লাহ নিছক স্রষ্টাই নন, তিনি হুকুমকর্তা এবং শাসকও। তিনি সৃষ্টি করার পর নিজের সৃষ্ট বস্তুসমূহকে অন্যের কর্তৃত্বের সোপর্দ করে দেননি অথবা সমগ্র সৃষ্টিকে বা তার অংশ বিশেষকে ইচ্ছামতো চলার জন্য স্বাধীনভাবে ছেড়ে দেননি। 

বরং কার্যত সমগ্র বিশ্বজগতের পরিচালনা ব্যবস্থা আল্লাহর নিজের হাতেই কেন্দ্রীভুত রয়েছে। দিন রাত্রির আবর্তন আপনা আপনিই হচ্ছেনা। বরং আল্লাহর হুকুমে হচ্ছে। তিনি যখনই চাইবেন দিন ও রাতকে থামিয়ে দেবেন আবার যখনই চাইবেন এ ব্যবস্থা বদলে দেবেন। সূর্য, চন্দ্র, তারকা এরা কেউ নিজস্ব কোনো শক্তির অধিকারী নয়। বরং এরা সবাই সম্পূর্ণরূপে আল্লাহর কর্তৃত্বাধীন। এরা একান্ত অনুগত দাসের মতো সেই কাজই করে যাচ্ছে যে কাজে আল্লাহ এদেরকে নিযুক্ত করেছেন।

আর ভূপৃষ্ঠে শুধু নিজেদেরকে নিজেদের ইচ্ছেমতো চলার সামান্য আংশিক ক্ষমতা দিয়েছেন মানুষকে। এটাও আল্লাহর ইচ্ছা ও পরীক্ষা। তারাই সফলকাম হবে যারা আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করবে ও আল্লাহর আইনের কাছে আর্ত্মসমর্পন করবে।   


৭. আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক  

আল্লাহ তায়ালা বলেন, 'নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন।[সূরা মায়েদাঃ ১] অর্থাৎ আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছামতো যে কোনো হুকুম দেবার পূর্ণ ইখতিয়ার রাখেন। তাঁর নির্দেশ ও বিধানের ব্যাপারে কোনো প্রকার উচ্চবাচ্য করার বা আপত্তি জানানোর কোনো অধিকার মানুষের নেই। তাঁর সমস্ত বিধান জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, ন্যায়নীতি ও কল্যাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও ঈমানদার মুসলিম যুক্তিসংগত, ন্যায়ানুগ ও কল্যাণকর বলেই তার আনুগত্য করেনা বরং একমাত্র সর্বশক্তিমান প্রভু আল্লাহর হুকুম বলেই তাঁর আনুগত্য করে। 

যে জিনিসটি তিনি হারাম করে দিয়েছেন তা কেবল তাঁর হারাম করে দেবার কারণেই হারাম হিসেবে গণ্য। আর ঠিক তেমনি যে জিনিসটি তিনি হালাল করে দিয়েছেন সেটির হালাল হবার পেছনে অন্য কোনো কারণ নেই বরং যে সর্বশক্তিমান আল্লাহ এসব জিনিসের মালিক তিনি নিজের দাসদের জন্য এ জিনিসটি ব্যবহার করার অনুমতি দিয়েছেন বলেই এটি হালাল। 

তাই কুরআন মজীদ সর্বোচ্চ বলিষ্ঠতা সহকারে এ মূলনীতি প্রতিষ্ঠিত করেছে যে, কোনো বস্তুর হালাল ও হারাম হবার জন্য সর্বশক্তিমান প্রভু আল্লাহর ইচ্ছা ছাড়া আর দ্বিতীয় কোনো ভিত্তিরে আদৌ কোনো প্রয়োজন নেই। অনুরূপভাবে আল্লাহ যে কাজটিকে বৈধ গণ্য করেছেন সেটি বৈধ এবং যেটিকে অবৈধ গণ্য করেছেন সেটি অবৈধ, এছাড়া মানুষের জন্য কোনো কাজের বৈধ ও অবৈধ হবার দ্বিতীয় কোনো মানদন্ড নেই।

৮. আল্লাহ ছাড়া অন্য কারো বৈধ কিংবা অবৈধ ঘোষণার অধিকার নেই। 

আল্লাহ তায়ালা বলেন, 'আর তোমাদের কণ্ঠ ভূয়া হুকুম জারী করে বলতে থাকে এটি হালাল এবং ওটি হারাম, এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করোনা। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবেনা। [সূরা আন নাহলঃ ১১৬]

এ আয়াতটি পরিষ্কার জানিয়ে দিচ্ছে, হালাল ও হারাম করার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই। অথবা অন্য কাথায়, একমাত্র আল্লাহই আইন প্রণেতা। অন্য যে ব্যক্তিই বৈধতা ও অবৈধতার ফয়সালা করার ধৃষ্টতা দেখাবে, সে নিজের সীমা লংঘন করবে। আদর্শ রাষ্ট্রে এই ধরণের সীমা লংঘণের কোনো এখতিয়ার কারো থাকবে না। 

আল্লাহ তায়ালা আরো বলেন, 'হে নবী তাদের বলো, তোমরা কি কখনো একথা চিন্তা করেছো যে, আল্লাহ তোমাদের জন্য যে রিযিক অবতীর্ণ করেছেন তার মধ্য থেকে তোমরা নিজেরাই কোনোটাকে হারাম ও কোনোটাকে হালাল করে নিয়েছো? নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো?' [সূরা ইউনুসঃ ৫৯]


৯. যারা আল্লাহর আইন মানে না কাফির, ফাসিক ও জালিম। 

আদর্শ রাষ্ট্র আল্লাহর আইন অনুযায়ী চলবে। যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তারা হয় ফাসিক নয়তো জালিম অথবা কাফির। এই মুহুর্তে প্রায় সবক'টি মুসলিম রাষ্ট্রেই শাসকগণ আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না। আল্লাহ তায়ালা বলেন, 'আর যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী ফায়সালা করেনা তারাই কাফির / জালিম / ফাসিক' [সূরা মায়েদাঃ ৪৪-৪৭]

যে ব্যক্তি আল্লাহ্র হুকুম ও তাঁর নাযিল করা আইন ত্যাগ করে নিজের বা অন্য মানুষের মনগড়া আইনের ভিত্তিতে ফয়সালা করে সে আসলে বড় ধরনের অপরাধ করে। প্রথমত তার এ কাজটি আল্লাহর হুকুম অস্বীকার করার শামিল। কাজেই এটি কুফরী। দ্বিতীয়ত তার এ কাজটি সুবিচার ও ভারসাম্যনীতের বিরোধী। কারণ, আল্লাহ্ সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠাকারী। কাজেই আল্লাহর হুকুম থেকে সরে এসে যখন সে ফায়সালা করলো তখন সে আসলে জুলুম করলো। তৃতীয়ত, দাস হওয়া সত্ত্বেও যখনই সে নিজের প্রভুর আইন অমান্য করে নিজের বা অন্যের মনগড়া আইন প্রবর্তন করলো তখনই সে আসলে দাসত্ব ও আনুগত্যের গন্ডীর বাইরে পা রাখলো। আর এটি অবাধ্যতা বা ফাসিকী। 

যে ব্যক্তি আল্লাহর হুকুমকে সত্য বলে বিশ্বাস করে, কিন্তু কার্যত তার বিরুদ্ধে ফালসালা করে, সে ইসলামী মিল্লাত বহির্ভূত না হলেও নিজের ঈমানকে কুফুরী, জুলুম ও ফাসিকীর সাথে মিশিয়ে ফেলছে। আদর্শ রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা থাকায় আল্লাহর আইনের বিরুদ্ধে ফয়সালা করার কোনো সুযোগ থাকবে না। 

১০. তাগুতই কেবল আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে। 

'প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি যে, আল্লাহর বন্দেগি করো এবং তাগুতের বন্দেগি পরিহার করো।' (সূরা নাহল-৩৬)

এমন প্রত্যেক ব্যক্তিকে 'তাগুত' বলা হবে, যে নিজের বৈধ অধিকারের সীমানা লংঘন করেছে। কুরআনের পরিভাষায় তাগুত এমন এক দাসকে বলা হয়, যে দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও খোদা হবার দাবীদার সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের দাসত্বে নিযুক্ত করে। 

তাগুতের ৩ টি পর্যায় 
ক. প্রথম পর্যায় হলো বান্দা নীতিগতভাবে আল্লাহর শাসন কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয় কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধাচারণ করে। একে বলা হয় ফাসেকী। 
খ. দ্বিতীয় পর্যায়ে সে আল্লাহর শাসন কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করতে থাকে। একে বলা হয় কুফরী। 
গ.তৃতীয় পর্যায়ে সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে। 

কোনো ব্যক্তি এই তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কোনো দিন সঠিক অর্থে আল্লাহর মুমিন বান্দা হতে পারেনা।

অপর একটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
'হে নবী! তুমি কি তাদেরকে দেখোনি, যারা এই মর্মে দাবী করে চলছে যে, তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার ওপর নাযিল করা হয়েছে এবং সেইসব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাযিল করা হয়েছেলো; কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ভায়সালা করার জন্য 'তাগুতে'র দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে হুকুম দেয়া হয়েছিলো তাগুতকে অস্বীকার করার।' [সূরা আন নিসাঃ ৬০]

আল্লাহর তায়ালার এই কথা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মুসলিমের জন্য প্রযোজ্য। এখানে 'তাগুত' বলতে সুস্পষ্টভাবে এমন শাসককে বুঝানো হয়েছে, যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন অনুযায়ী ফায়সালা করে এবং এমন বিচার ব্যবস্থাকে বুঝানো হয়েছে যা আল্লাহর সার্বভৌম ক্ষমতার আনুগত্য করেনা।

কাজেই যে আদালত তাগুতের ভূমিকা পালন করছে, নিজের বিভিন্ন বিষয়ের ফায়সালার জন্য তার কাছে উপস্থিত হওয়া যে একটি ঈমান বিরোধী কাজ , এ ব্যাপারে এ আয়াতটির বক্তব্য একেবারে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন। আর আল্লাহ্ ও তাঁর কিতাবের ওপর ঈমান আনার অপরিহার্য দাবী অনুযায়ী এই ধরনের আদালতকে বৈধ আদালত হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানানোই প্রত্যেক ঈমানদার ব্যক্তির কর্তব্য। 

কুরআনের দৃষ্টিতে আল্লাহর প্রতি ঈমান আনা ও তাগুতকে অস্বীকার কার, এদু'টি বিষয় পরস্পরের সাথে অংগাংগীভাবে সংযুক্ত এবং এদের একটি অন্যটির অনিবার্য পরিণতি। আল্লাহ ও তাগুত উভয়ের সামনে একই সাথে মাথা নতো করাই হচ্ছে সুস্পষ্ট মুনাফিকী।

আমাদের আজকের এই আলোচনা থেকে একথা সুস্পষ্ট যে রাষ্ট্র পরিচালনাসহ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়া ঈমানের দাবী। সার্বভৌমত্বে মানুষের বিন্দুমাত্র অংশ থাকতে পারেনা। একইসাথে আল্লাহ ও জনগণের সার্বভৌমত্ব অথবা কোনো শাসকের সার্বভৌমত্ব মানার কোনো সুযোগ নেই। আদর্শ রাষ্ট্রে সার্বভৌমত্ব থাকবে একমাত্র আল্লাহর। 


৩০ এপ্রি, ২০২৪

আদর্শ রাষ্ট্র, পর্ব -০২ : রাষ্ট্র ও রাজনীতি সাথে ইসলামের সম্পর্ক


পৃথিবীর মুসলিমদের কাছে ইসলাম অন্যান্য ধর্মের মতোই একটি ধর্ম মাত্র। মুসলিমদের বেশিরভাগ অংশ মনে করে ইসলামী শরীয়ত কেবলমাত্র নৈতিক চরিত্র ও আল্লাহর সাথে ব্যক্তির সম্পর্ক স্থাপনের বিধিবিধানই পেশ করে। এছাড়া মানব জীবনের অন্যান্য দিক ও বিভাগ সম্পর্কে ইসলামের কিছুই বলার নেই। সমাজ ও রাষ্ট্র সম্পর্কে ইসলাম একেবারেই নীরব এবং সে পর্যায়ে মুসলমানরা যে কোনো নীতি বা আদর্শ গ্রহণে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। ইসলামের পূর্নাঙ্গ বিধান এ ধারণার তীব্র প্রতিবাদ করে। 

ইসলাম তার গোটা ইতিহাসে কখনো রাষ্ট্রের গুরুত্বকে উপেক্ষা করেনি। আম্বিয়ায়ে করাম আলাইহিমুস সালাম তাঁদের স্ব স্ব সময়কালের সামাজিক ও সামষ্টিক শক্তিকে ইসলামের অনুগত ও অনুসারী বানাবার চেষ্টা সংগ্রাম করেছেন। তাদের গোটা দাওয়াতী মিশনের কেন্দ্রবিন্দু এই ধারণার উপরই প্রতিষ্ঠিত ছিলো যে, ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তায়ালার জন্যে নির্দিষ্ট হয়ে যাবে এবং শিরক তা গোপন ও প্রকাশ্য যে রূপেই বর্তমান থাকুকনা কেনো তাকে খতম করে দেওয়া হবে। তাঁদের প্রত্যেকের এই একই আহবান ছিলো,

হে আমার জাতির লোকেরা! তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। [সূরা আরাফঃ ৬৫] 
তোমার আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। [সূরা আশ শুয়ারাঃ ১৬৩]

আল্লাহর এই প্রেরিত বান্দারা মানব জীবনের প্রতিটি বিভাগকে পরিশুদ্ধ করার জন্যে আপ্রাণ চেষ্টা সংগ্রাম করেছেন, যাতে করে আল্লাহর যমীনে তাঁর দ্বীন প্রতিষ্ঠিত হয় এবং তাঁর আইন ও বিধান চালু এবং কার্যকর হয়। তাঁদের এই প্রাণন্তকর চেষ্টা সংগ্রাম ছিলো পূর্ণাংগ জীবনের সংশোধনের জন্যে। আর রাষ্ট্রের সংশোধন ছিলো সেই সংশোধনেরই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

ইউসূফ আ., মূসা আ., দাউদ আ., সুলাইমান আ. এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. নিয়মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তা আদর্শিক মানে পরিচালনা করেছিলেন। বনী ইসরাইলের অন্যান্য নবীগণও রাষ্ট্র সংস্থার সংশোধনের চেষ্টা করেছেন এবং ভ্রান্ত, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী ও অবৈধ নেতৃত্বের অবাধ সমালোচনা করেছেন। ইসলামী চিন্তাধারায় রাষ্ট্র যে কতটা গুরুত্বপূর্ণ তা এই বিষয়টি থেকে অনুমান করা যেতে পারে যে, স্বয়ং আসমান ও যমীনের স্রষ্টাই তাঁর নবী সা.-কে এরূপ দোয়া করতে শিখিয়ে দেন,
'আর তুমি দোয়া করো: হে প্রভু, আমাকে যেখানেই নিয়ে যাবে সত্যতা সহকারে নিয়ে যাও আর যেখান থেকেই বের করবে সত্যতা সহকারে বের করো, আর তোমার নিকট থেকে একটি সার্বভৌম শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। [সূরা বনী ইসরাইলঃ ৮০]

ইসলাম পৃথিবীতে যে সংশোধন ও সংস্কার চায় তা শুধুমাত্র ওয়াজ নসীহত দ্বারা সম্ভব নয়, বরঞ্চ তা কার্যকর করার জন্যে রাষ্ট্র ক্ষমতা অপরিহার্য। তাছাড়া আল্লাহ তা'য়ালাই যখন তাঁর নবী সা.-কে এই দোয়া শিক্ষা দিয়েছেন, তখন তা থেকে এ জিনিসটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, দ্বীন প্রতিষ্ঠা করা, শরীয়াহ কার্যকর করা এবং আল্লাহর আইন জারি করার উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতা চাওয়া এবং তা লাভ করার জন্যে চেষ্টা সংগ্রাম চালানো শুধু বৈধই নয়, বরঞ্চ তা একান্ত কাম্য ও বাঞ্চনীয়। যারা এই কাজকে দুনিয়াদারীর কাজ বলে ব্যাখ্যা করেন তারা সাংঘাতিক ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছেন। কোনো ব্যক্তি যদি নিজের জন্যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তবে সেটা দুনিয়াদারীর কাজ হতে পারে। কিন্তু আল্লাহর দ্বীন কার্যকর করার জন্যে রাষ্ট্র ক্ষমতা পেতে চাওয়া দুনিয়াদারী নয়, বরং আল্লাহর আনুগত্যের অনিবার্য দাবী। 
[তাফহীমুল কুরআন, সূরা বনী ইসরাইল টিকাঃ ১০০]

রাষ্ট্র ও রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা নিয়ে কুরআন ও হাদিসের নির্দেশনাগুলো নিন্মরূপ:
আল্লাহ তায়ালা বলেন, 
আমি আমার রসূলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি। তাদের সাথে কিতাব ও মিযান নাযিল করেছি যাতে মানুষ ইনসাফের ওপর প্রতিষ্ঠিত হতে পারে। আর লোহা নাযিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। এটা করা হয়েছে এজন্য যে, আল্লাহ জেনে নিতে চান কে তাঁকে না দেখেই তাঁকে ও তাঁর রসূলদেরকে সাহায্য করে। নিশ্চিতভাবেই আল্লাহ অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী। 
[সূরা আল হাদীদ : ২৫]

তিনিই [আল্লাহ তা’য়ালা] তো সেই সত্তা যিনি রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যেনো সে তাকে সকল দ্বীনের উপর বিজয়ী করে দেয়। তা মুশরিকদের জন্যে সহ্য করা যতোই কঠিন হোক না কেনো। 
[সূরা আসসফ: ৯]

আর যারা আল্লাহর অবতীর্ণ আইন অনুযায়ী ফয়সালা করেনা তারা কাফির। 
[সূরা আল মায়িদা : ৪৪]

নবী করিম সা. বলেছেন,
ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা দুই সহোদর ভাই। তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন হতে পারেনা। উদাহরণ স্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোনো অট্টালিকার ভিত আর রাষ্ট্র ক্ষমতা হচ্ছে তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার ও রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য। [কানযুল উম্মাল]

মুসলমানরা সবসময় চালিয়ে নিজেদের রাষ্ট্রকে ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা সংগ্রাম চালিয়ে আসছে, ফলে ইসলামী দর্শনে ধর্ম ও রাজনীতি দুটি আলাদা জিনিস হবার কোনো সুযোগ বা অবকাশ নেই। এই চেষ্টা সংগ্রাম তাদের দ্বীন ও ঈমানের দাবী। তারা কুরআন ও সুন্নাহ থেকে যেমন উত্তম চরিত্র এবং সদাচারের শিক্ষালাভ করে, তেমনি সমাজ, সভ্যতা, অর্থনীতি এবং রাজনীতির বিধানও তা থেকেই গ্রহণ করে। এই শেষোক্ত অংশের উপর আমল করার জন্য ইসলামী রাষ্ট্র অপরিহার্য। এই অংশের উপর আমল করা নাহলে শরীয়তের একটি অংশ বাদ পড়ে যায় এবং কুরআন চিত্রিত সমাজ ব্যবস্থা বাস্তবে রূপলাভ করেনা। এ কারণেই উম্মতের ফকীহগণ সর্বসম্মতিক্রমে ইমাম [রাষ্ট্র প্রধান] নির্বাচিত করাকে ফরয বলে ঘোষণা করেছেন। এ ব্যাপারে অসতর্কতা প্রদর্শনকে তাঁরা দ্বীনি বিধান বাস্তবায়নে অসতর্কতা বলে গন্য করেছেন। 

আল্লামা ইবনে হাযম তাঁর 'আল ফাসলু বাইনাল মিলাল ওয়ান নাহল' গ্রন্থে লিখেছেনঃ
গোটা আহলে সুন্নাত, মারজিয়া, শীয়া এবং খারেজীগণ এ ব্যাপারে একমত যে, কাউকে ইমাম নির্বাচন করা ওয়াজিব এবং উম্মতের উপর এরূপ ন্যায় পরায়ণ ইমামের আনুগত্য করা ফরয, যিনি আল্লাহ তা'য়ালার বিধান কায়েম করবেন এবং সেই শরীয়তের বিধানের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেবেন, যা নিয়ে এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা.। [ইবনে হাযমঃ ৪র্থ পৃষ্ঠাটঃ ৮৭]

আল্লাহ তায়ালা বলেন,
'এই মুসলমানরাই সেই লোক, আমরা যদি পৃথিবীতে তাদের ক্ষমতা দান করি [অর্থাৎ পৃথিবীতে যদি তারা কর্তৃত্ব পায়] তবে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সততার নির্দেশ দেবে, অন্যায় অপকর্মে বাধা দেবে। আর সকল বিষয়ের পরিণাম ফল তো আল্লাহরই হাতে।' [সূরা হজ্জঃ ৪১]

ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরীয়তে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ এবং সকল কাজ ও ব্যাপার সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। জীবনের এমন কোনো দিক ও বিভাগের উল্লেখ করা যেতে পারে না, যে বিষয়ে ইসলামী শরীয়তে কোনো নির্দেশ পাওয়া যায় না। ইসলামের পূর্নাঙ্গ ব্যবস্থায় রয়েছে ইবাদাত, নৈতিক চরিত্র, আকীদা-বিশ্বাস এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও কাজকর্ম এবং লেনদেন পর্যায়ে সুস্পষ্ট বিধান। এর প্রত্যেকটি বিষয়ই ব্যাপক অর্থে প্রযোজ্য। মানব সমাজের ব্যক্তি ও সমষ্টি-স্বতন্ত্রভাবে এক একজন ব্যক্তি অথবা সমষ্টিগতভাবে গোটা সমাজ সম্পর্কেই আইন-বিধান রয়েছে ইসলামী শরীয়তে। 

ইসলামী শরীয়তের বিধানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় বিষয়েই আইন-বিধান দেয়া হয়েছে। রাষ্ট্রের প্রকৃতি, তার পরামর্শভিত্তিক তথা গণতান্ত্রিক হওয়া, শাসন কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, ন্যায়সঙ্গত কাজে তাদের আনুগত্য, যুদ্ধ, সন্ধি, চুক্তি প্রভৃতি সর্ববিষয়ে অকাট্য বিধান রয়েছে ইসলামী শরীয়তে। আর তা কুরআনে বর্ণিত হয়েছে তাই নয়, রসূলে করীম স.-এর সুন্নাতেও রয়েছে তার ব্যাখ্যা ও বাস্তবরূপ সংক্রান্ত বিধান। কুরআন-হাদীসে আমীর, ইমাম ও সুলতান প্রভৃতি পারিভাষিক শব্দগুলো বারবার ব্যবহৃত হয়েছে। এ শব্দগুলো বুঝায় সেই ব্যক্তিকে যার হাতে রয়েছে সার্বভৌমত্ব, শাসন ও আইন রচনার ক্ষমতা। আধুনিক পরিভাষায় তাই হলো সরকার বা গভর্নমেন্ট। সরকার বা গভর্নমেন্ট হলো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজেই যেসব আয়াত এবং হাদীসের যেসব উক্তিতে এ পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে তাকে বাস্তবায়িত করা একান্তই জরুরী। কেননা, এগুলো শুধু পড়া বা মুখে উচ্চারণের জন্যেই বলা হয়নি, বরং বলা হয়েছে এজন্যে যে, তা যেমন পড়া হবে তেমনি তাকে কার্যকরী করাও হবে। আর এগুলো কার্যকরী করতে হলে ইসলামী শরীয়তের বিধি-বিধান অনুযায়ী পূর্নাঙ্গ রাষ্ট্র কায়েম করা অপরিহার্য।

শরীয়তের এমন অনেকগুলো আইন-বিধান রয়েছে যা কার্যকরী করতে হলে রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। রাষ্ট্র প্রতিষ্ঠা না করে সেগুলোর বাস্তবায়ন আদৌ সম্ভবপর নয়। আল্লাহর বিধান অনুযায়ী মানুষের পরস্পরের বিচার-ফায়সালা করার এবং আল্লাহর পথে যুদ্ধ করার নির্দেশ রয়েছে কুরআন-হাদীসে। কিন্তু রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এ কাজ না করবে ততক্ষণ কোনো ব্যক্তি বা সমাজের সাধারণ মানুষের পক্ষে তা করা কিছুতেই সম্ভবপর হতে পারে না। এজন্যেই জনগণের উপর কোনো কিছু কার্যকরী করার ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা একান্তই জরুরী। এ পর্যায়ের যাবতীয় হুকুম-বিধানের প্রকৃতিই এমনি। 

একথাটি বোঝাবার জন্যেই ইমাম ইবনে তাইমিয়া বলেছেনঃ
জনগণের যাবতীয় ব্যাপার সুসম্পন্ন করা-রাষ্ট্র কায়েম করা দীনের সর্বপ্রধান দায়িত্ব। বরং রাষ্ট্র ছাড়া দ্বীন প্রতিষ্ঠা হতেই পারে না। আল্লাহ তায়ালা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ এবং নিপীড়িতদের সাহায্য করা ওয়াজিব করে দিয়েছেন। এভাবে তিনি জিহাদ, ইনসাফ ও আইন-শাসন প্রভৃতি যেসব কাজ ওয়াজিব করে দিয়েছেন তা রাষ্ট্রশক্তি ও রাষ্ট্র কর্তৃত্ব ছাড়া কিছুতেই সম্পন্ন হতে পারে না।
-আস-সিযাসাতুশ শরইয়্যাহ, পৃষ্ঠা-১৭২-১৭৩।

অতএব শরীয়তের আইন-বিধান জারী ও কার্যকরী করার জন্যে ইসলামী রাষ্ট্র কায়েম করা একটি অপরিহার্য জরুরী কর্তব্য। আল্লাহর ইবাদাতের দায়িত্ব পালনের জন্যেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। আল্লাহ তায়ালা মানব জাতিকে তাঁরই ইবাদাত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমাদের গোটা সমাজ ও পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে ইবাদত করা সহজ-সাধ্য হয়ে উঠে। কেননা মানুষ সামাজিক জীব। সমাজের মধ্যেই যাপিত হয় মানুষের জীবন আর মানুষ যে সমাজ পরিবেশে বসবাস করে তার দ্বারা প্রভাবান্বিত হওয়াই হচ্ছে মানুষের স্বভাব ও প্রকৃতি। এ প্রভাব স্বীকৃতির ফলেই মানুষ যেমন ভালো হয় তেমন মন্দও হয়। যেমন হয় হেদায়েতের পথের পথিক তেমনি হয় গোমরাহীর আঁধার পথের যাত্রী। সহীহ হাদীস থেকে সমাজ-পরিবেশের এ অনস্বীকার্য প্রভাবের কথা সমর্থিত। 

নবী করীম স. ইরশাদ করেছেনঃ
প্রত্যেকটি সন্তানই প্রাকৃতিক ব্যবস্থাধীন জন্মগত প্রকৃতিতে ভূমিষ্ঠ হয়। অতঃপর তার পিতামাতা হয় তাদের ইহুদী বানিয়ে দেয়, নয় খৃষ্টান কিংবা অগ্নিপূজক। ঠিক যেমন করে পশু প্রসব করে তার পূর্নাঙ্গ শাবক। তাতে তোমরা কোনো খুঁত দেখতে পাও কি, যতক্ষণ না তোমরা নিজেরা তাতে খুঁত সৃষ্টি করে দাও?- আল মুনতাখাব মিনাস সুন্নাহ, ৩৯১ পৃষ্ঠা।

রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তাহলে একটি শিশু ছোট অবস্থা থেকেই সুদ, অশ্লীলতা, দুর্নীতি, অবিচার খোদাদ্রোহীতা, মূর্তিপূজা দেখে বড় হবে। আমাদের সমাজেও আমরা এসবে অভ্যস্থ হচ্ছি। অবস্থা এমন যে, সুদের ব্যবসায়ী ব্যাংকারেরা আজ আমাদের মাথার তাজ হয়ে উঠছে। অথচ আল্লাহ তায়ালা সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল বলে গণ্য করেছেন। ইসলামী রাষ্ট্র না হওয়ায় আজ বাংলাদেশের প্রায় সব মানুষ অনৈসলামিক কর্মকান্ডের সাথে যুক্ত হচ্ছে।    

আল্লাহর রাসূল সা.-এর সীরাত থেকেও রাষ্ট্র গঠনের কর্মসূচি পেয়ে থাকি। রসূলে করীম সা. রাষ্ট্র কায়েমের জন্য মক্কায় থাকাবস্থায়-ই বাস্তব উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর তার সূচনা হয়েছিল আকাবার দ্বিতীয়বারের শপথ কালে এবং মক্কা থেকে মদীনায় হিজরাত করার পূর্বেই এ প্রচেষ্টা সম্পূর্ণতা লাভ করেছিলো। মদীনার মুসলমানদের একটি প্রতিনিধি দল মক্কা শরীফে এক গোপন স্থানে রসূলে করীম স.-এর সাথে মিলিত হয়। পুরুষ ও নারী মিলিয়ে তাদের সংখ্যা ছিলো তিয়াত্তর জন। এ গোপন বৈঠকে রসূলে করীম স. তাদের সামনে আল্লাহর আনুগত্য স্বীকার করার দাওয়াত পেশ করেন। 

এ দাওয়াত পেশ করার পর প্রতিনিধি দলের একজন বলেনঃ হে রসূল! আপনার হাতে বাইয়াত করবো কোন কথার ওপর? রসূলে করীম স. বলেনঃ তোমরা আমার হাতে এই বলে বাইয়াত করবে যে, তোমরা ভালো ও মন্দ উভয় অবস্থাতেই আমার কথা শুনতে ও মেনে চলতে প্রস্তুত থাকবে, তোমরা ভালো কাজের আদেশ করবে ও মন্দ কাজ থেকে লোকদের নিষেধ করবে-বিরত রাখবে। আর তোমরা আল্লাহর কথা বলবে, কিন্তু তাতে কোনো উৎপীড়কের ভয় করবে না। আর তোমাদের বাইয়াত হবে একথার ওপর যে, তোমরা আমার সার্বিক সাহায্য করবে। আর আমি যখন তোমাদের মাঝে এসে বসবাস করতে থাকবো তখন যেসব ব্যাপার থেকে তোমরা নিজেদেরকে, তোমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিকে রক্ষা করো তা থেকে তোমরা আমাকেও রক্ষা করবে। আর এর বিনিময়ে তোমাদের জন্যে জান্নাত নির্দিষ্ট থাকবে। 

এরপর মুসলিমরা বাইয়াত গ্রহণ করেন। এই বাইয়াতের মাধ্যমেই আল্লাহর রাসূল সা. কর্তৃক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়।     


২৯ এপ্রি, ২০২৪

আদর্শ রাষ্ট্র, পর্ব -০১ : আদর্শ রাষ্ট্র ও আদর্শ মুসলিম!


আদর্শ রাষ্ট্রের সংজ্ঞা ও ব্যাখ্যা যার যার আদর্শ অনুযায়ী হবে। আমরা যেহেতু মুসলিম আমাদের আদর্শ রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয়। আরেকটু ব্যাখ্যা করে যদি বলতে হয় তবে বলা যায়, আদর্শ রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যা ইসলামী আকিদা অনুযায়ী পরিচালিত হয়।

ইসলামী আকিদা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'। কালেমা তাইয়্যেবার বেসিক কথা হলো সকল বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তিনিই সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর যেহেতু আল্লাহর মনোনীত রাসূল হলেন মুহাম্মদ সা.। সুতরাং তাঁর কথা ও কর্মকে অনুসরণ করতে হবে।

কালিমা তাইয়্যেবাকে মেনে নেওয়া মানে নিচের বিষয়গুলোও মেনে নেওয়া।

১- আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী, রক্ষাকর্তা ও পালনকর্তা মনে না করা।
২- আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা।
৩- আল্লাহ ছাড়া কারো নিকট দোয়া, প্রার্থনা ও আশ্রয় খোঁজা যাবে না।
৪- আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না।
৫- আল্লাহ ছাড়া কারো কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না।
৬- মুহাম্মদ সা. থেকে প্রামাণ্যসূত্রে প্রাপ্ত সকল বিধান দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে।
৭- আল্লাহ ও মুহাম্মদ সা. থেকে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে।
৮- আল্লাহ ও মুহাম্মদ সা. ছাড়া অন্য কারো নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না। বরং অন্য যে কাউকেই শরিয়ত দিয়ে বিচার করতে হবে।
৯- আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না।
১০- মুহাম্মদ সা. ছাড়া অন্য কারো আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে, তার আনুগত্য করার সাথে ঈমান ও কুফর ফয়সালা জড়িত।

অতএব যে রাষ্ট্রের আকিদা 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ' সেই রাষ্ট্রই আদর্শ রাষ্ট্র। এই রাষ্ট্রের সবচেয়ে সুন্দর উদাহরণ হলো মুহাম্মদ সা. ও খুলাফায়ে রাশিদা শাসিত চল্লিশ বছর। এরপর পৃথিবীর বিভিন্ন স্থানে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও তা পুরো মুসলিম উম্মাহকে ধারণ করতে পারে নি। সেই থেকে বিভিন্নভাবে আদর্শ মুসলিমরা বিভিন্ন পথে চেষ্টা করে যাচ্ছে আদর্শ রাষ্ট্র কায়েম করার জন্য।

কারো কর্মপন্থা রাসূল সা. এর মতো হচ্ছে কিছু রাষ্ট্র গঠন করতে পারে নি। কেউ কেউ রাষ্ট্র গঠন করতে পেরেছে অথচ তাদের কর্মপন্থা রাসূল সা.-এর মতো নয়। কারো সফল হওয়ার সাথে সাথে কর্মপন্থাও সঠিক। কেউ সঠিক কর্মপন্থা ও সফলতা কোনোটারই দেখা পায় নি।

আমি সচেতনভাবে 'আদর্শ মুসলিম' শব্দটা ব্যবহার করেছি। এর একটি দুঃখজনক কারণ রয়েছে। বেশীরভাগ মুসলিমই আদর্শ রাষ্ট্র গঠনের ব্যাপারে উদ্যোগী নয়। উদ্যোগী তো দূরের কথা অনেক মুসলিম ইসলামী আকিদা সম্পন্ন রাষ্ট্র গঠন করতে ইচ্ছুকই নয়। আবার কেউ কেউ একধাপ এগিয়ে ইসলামী রাষ্ট্র তথা আদর্শ রাষ্ট্রের বিরোধীতা করে যাচ্ছে। অথচ সবপক্ষই নিজেদের মুসলিম দাবি করে যাচ্ছে। যারা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্যই আমি 'আদর্শ মুসলিম' শব্দটা ব্যবহার করতে চাই।

আমি মনে করি যে বা যারা আদর্শ রাষ্ট্রের জন্য কাজ করবে না তারা আদর্শ মুসলিম হওয়াটা দূরহ। কিন্তু সমাজে এমন মুসলিম খুবই এভেইলেবল যারা সমাজ ও রাষ্ট্রের অনৈসলামিক নিয়ম কানুন দেখে, কিন্তু তাদের শরীরে জ্বালাপোড়া করে না। সমাজের অনাচার দেখে তাদের কষ্ট হয় না। শিরক, সুদ, ঘুষ, দুর্নীতি, ব্যাভিচার দেখেও তাদের কষ্ট লাগে না। এই সমাজ পরিবর্তনে তারা কোনো ভূমিকাই রাখতে চায় না। তারা মনে করে নিজে নামাজ পড়লে ও রোজা রাখলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়।

আবার কেউ কেউ বলতে চায়, রাজনীতি নোংরা জায়গা। এখানে ইসলামকে এনে ইসলামকে কলুষিত করার কোনো মানে হয় না। ইসলাম ও রাজনীতি আলাদা। আমাদের খ্রিস্টান, মুশরিক ও ইয়াহুদী শত্রুরা আমাদের এভাবেই দেখতে চায়। যাতে করে আমরা রাজনীতি থেকে দূরে চলে যাই আর তারা আমাদের ওপর রাজত্ব করতে পারে। মুসলিমদের একটি বড় অংশ বুঝে কিংবা না বুঝে ইসলাম ও রাজনীতিকে আলাদা করে দেখতে চায়। তারা কীভাবে আদর্শ মুসলিম হতে পারে!

মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে 'আদর্শ রাষ্ট্র' নিয়ে লেখার পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা অবশ্য বিগত বছরের। কিন্তু নানান ব্যস্ততায় লেখালেখি ও পড়াশোনায় আত্মনিয়োগ করা সম্ভব হয়নি। একটি ভূখণ্ডে যারা আদর্শিক রাজনীতি করতে চায় তাদের কয়েকটি বিষয়ে জ্ঞান অর্জন করা আবশ্যক বলে মনে করি।

১. ঐ ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাস
২. যে আদর্শ বাস্তবায়নে কাজ করবে সে আদর্শ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান
৩. আদর্শ বাস্তবায়িত হয়েছে এমন কোনো প্রায়োগিক রাষ্ট্রের উদাহরণ পর্যালোচনা
৪. বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে আদর্শ রাষ্ট্রের রূপরেখা

১ম অর্জিতব্য জ্ঞানের ব্যাপারে আমি একটি বই লিখেছি 'বঙ্গকথা' নামে, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ২য় অর্জিতব্য জ্ঞানের ব্যাপারে 'দ্বীন প্রতিষ্ঠায় রাসূল সা.' নামে একটি ধারাবাহিক লেখা লিখেছি। ৩য় অর্জিতব্য জ্ঞানের ব্যাপারে 'রাশিদুন খিলাফত' নামে ধারাবাহিক লেখা তৈরি করেছি। সর্বশেষ অর্জিতব্য জ্ঞানের ব্যাপারে 'আদর্শ রাষ্ট্র' নামে ধারাবাহিক লেখা আজ শুরু করলাম। সাথে থাকুন। আপনাদের প্রতিক্রিয়া আমাকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস।

আদর্শ ইসলামী রাষ্ট্রের রূপরেখা #আদর্শ_রাষ্ট্র : পর্ব-০১

আগের লেখাগুলোর লিংক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে।