বুক রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুক রিভিউ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৩ ফেব, ২০২৩

শিক্ষাব্যবস্থা : ইসলামী দৃষ্টিকোণ

১৯৩৫ সনে এই প্রশ্নটি বেশ জোরালোভাবেই উত্থাপিত হয়েছিল যে, মুসলমানদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নাস্তিক; নাস্তিকতা ভাবাপন্ন এবং প্রকৃতিবাদে বিশ্বাসী ও তার প্রচারক এত অধিক সংখ্যায় বের হচ্ছে কেন? বিশেষ করে আলীগড় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অভিযোগ ছিলো, এখান থেকে সনদপ্রাপ্ত শতকরা ৯০ ভাগ শিক্ষার্থীই নাস্তিকতা ও প্রকৃতিবাদের পূজারী!


উপমহাদেশে মুসলিমদের নতুন রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রাক্কালে উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ মাওলানা মওদূদী রহ. রাজনৈতিক সংস্কারের পাশাপাশি শিক্ষাব্যবস্থা সংস্কারের দিকে গভীর মনযোগ দেন। মুসলিমদের রাষ্ট্র পাকিস্তানের শিক্ষাব্যবস্থা কেমন হতে পারে এর পাশাপাশি বর্তমান পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার গলদ ও মৌলিক ত্রুটি আলোচনা করেছেন। ইংরেজদের শিক্ষানীতির সমস্যাগুলোর পাশাপাশি সমাধানমূলক অনেকগুলো বক্তব্য ও প্রবন্ধ লিখে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থার প্রস্তাবনা করেছেন মাওলানা মওদূদী। সেই বক্তব্য ও প্রবন্ধগুলো সংকলন করে একটি বই প্রস্তুত করা হয়েছে।    


অনেকটা শিক্ষা বোর্ডের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠান রয়েছে। যার কাজ হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করা ও সে অনুযায়ী পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তৈরি করা। সেই প্রতিষ্ঠান অর্থাৎ 'ইসলামী এডুকেশন সোসাইটি' মাওলানা মওদূদীর শিক্ষাব্যবস্থা নিয়ে লেখা বইটি বাংলায় প্রকাশ করে। বইটির বাংলা নাম 'শিক্ষাব্যবস্থা : ইসলামী দৃষ্টিকোণ'।

বইটি অনুবাদ করেন মোহাম্মদ মোজাম্মেল হক ও হাফেজ আকরাম ফারুক। 


আলীগড় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সামনে রেখে মাওলানা প্রথমেই আলোচনা করেন তৎকালীন ইংরেজ সরকারের আমলে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা ও আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক ত্রুটিগুলো কী কী? মুসলিমদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে এই বিচ্যুতির সয়লাব ঠেকাতে পারে সেই বিষয়ে আলোচনা করেন। 


এরপর তিনি মুসলমানদের জন্য নতুন শিক্ষানীতি ও কর্মসূচীর ব্যাপার আলোকপাত করেন। এখানে তিনি যে বিষয়গুলোতে গুরুত্ব দেন তা হলো, 

(১) মুসলিম বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দী থেকে ফিরিংগীপনার মূলোৎপাটন একান্ত জরুরী।

(২) শিক্ষাঙ্গনে ইসলামী চেতনা ও প্রাণপ্রবাহ সৃষ্টি

(৩) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আরবীকে বাধ্যতামূলক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।


এই অধ্যায়ে মাওলানা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ স্তরে পড়াশোনা কেমন হওয়া উচিত তার একটি নাতিদীর্ঘ বর্ণনা দিয়েছেন। 


এরপর মাওলানা প্রস্তাবিত ইসলামী শিক্ষাপদ্ধতি বাস্তবায়নের পন্থা নিয়ে আলোচনা করেন। এই নিয়ে তিনি ৭ দফা পরিকল্পনা ব্যক্ত করেন। 


এরপর এই বইটিতে মাওলানার একটি সনদ বিতরণী অনুষ্ঠানের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মাওলানা মুসলিম হিসেবে ইসলামী জ্ঞানর্জনের জন্য তিনিটি পরামর্শ দেন। 

প্রথমতঃ আপনারা যতটা সম্ভব আরবী ভাষা শিখতে চেষ্টা করুন।

দ্বিতীয়তঃ পবিত্র কুরআন, হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন কথা এবং সাহাবায়ে কিরামের জীবন চরিত্র অধ্যয়ন করা ইসলামকে বুঝবার জন্য অপরিহার্য। 

তৃতীয়তঃ ইসলাম সম্পর্কে ধারাবাহিক ও নিয়মিতভাবে পড়াশুনা করুন।


ইসলামী শিক্ষাব্যবস্থা ও তার বাস্তবায়ন প্রসঙ্গে মাওলানা লাহোরে বরকত আলী মোহামেডান হলে ছাত্রদের এক সমাবেশে ১৯৫২ সালের ২৫ ফেব্রুয়ারী বক্তব্য দেন। সেখানে, প্রাচীন শিক্ষাব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষা ও এর কুফল আলোচনা করার পর বলেন, 


আমাদের সত্যিই যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ইচ্ছা থেকে থাকে তাহলে কেবল জোড়াতালি ও মেরামত দ্বারা কার্যসিদ্ধি হবে না, বরং সেজন্য একটা বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই কথাটা উপলব্ধি করানোর জন্যই আমাদের এ আলোচনার অবতারণা। আসলে প্রচলিত দু’টো শিক্ষাকেই অর্থাৎ পুরনো ধর্মীয় শিক্ষা এবং বৃটিশ প্রবর্তিত আধুনিক শিক্ষাকে বাতিল করে দেয়া এখন অপরিহার্য হয়ে ‍উঠেছে। এই উভয় ব্যবস্থার পরিবর্তে একটা নতুন একক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। প্রচলিত দুটো শিক্ষাব্যবস্থার যাবতীয় দোষত্রুটি থেকে নতুন শিক্ষাব্যবস্থাকে মুক্ত হতে হবে  এবং একটা মুসলিম স্বাধীন ও উন্নয়নকামী জাতি হিসেবে আমাদের যাবতীয় চাহিদা ও প্রয়োজন পূরণের নিশ্চয়তা তার আওতাভুক্ত থাকতে হবে। এই নয়া শিক্ষাব্যবস্থার কাঠামো ও তা বাস্তবায়নের পদ্ধতি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি।


এ ব্যাপারে মাওলানা ৩ টি পয়েন্টে কথা বলেন, 

১. শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ 

২. ধর্ম ও দুনিয়াদারীর পার্থক্য ঘোচাতে হবে

৩. চরিত্র গঠন


বইটির শেষভাগে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়া হয়েছে। সবশেষে নারী শিক্ষার ব্যাপারে মাওলানার একটি প্রবন্ধ সংযুক্ত করা হয়েছে। 


নারীর শিক্ষা পুরুষের মতই জরুরী। নারীদের অজ্ঞ ও অনগ্রসর রেখে পৃথিবীতে কোন জাতিই উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হতে পারে না। এজন্য মুসলিম পুরুষদের মত মুসলিম নারীদের শিক্ষার জন্যও যতদূর সম্ভব উন্নত ব্যবস্থা করা উচিত। এমনকি তাদের সামরিক ট্রেনিং দেয়ার ব্যবস্থা করতে হবে। কেননা আমাদেরকে এমন সব অত্যাচারী  ও আধিপত্যবাদী জাতির সাথে পাল্লা দিয়ে থাকতে হচ্ছে, যারা মানবতার কোন সীমানা লংঘনেই সংকোচবোধ করে না। খোদা না করুন, তাদের সাথে কোন যুদ্ধ বিগ্রহ বেধে গেলে তারা কি কি ধরনের বর্বরতার পরিচয় দিবে, তার কোন ঠিক ঠিকানা নেই। কাজেই আমাদের কর্তব্য নারীদেরকে আত্মরক্ষার জন্য প্রস্তুত করা। 


তবে আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা মুসলিম। সুতরাং আমরা যা কিছু করবো তা যেন আমাদের ঈমানের পরিপন্থী না হয় এবং যেসব মূল্যবোধ ও সভ্যজনোচিত বিধি-নিষেধ মানতে আমরা ইসলাম কর্তৃক আদিষ্ট, তারও খেলাফ না হয়।


পাশ্চাত্য সভ্যতা ও আমাদের সভ্যতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, সে কথা আমাদের মনে রাখতে হবে। এ দুটোর মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য  এই যে, নারী যতক্ষণ পুরুষ সেজে পুরুষোচিত দায়িত্ব পালনে এগিয়ে না আসে, ততক্ষণ পাশ্চাত্য সভ্যতা নারীকে সম্মান দেয় না এবং তার কোন অধিকার স্বীকার করে না। 


কিন্তু আমাদের সভ্যতা ও শিক্ষা নারীকে নারী রেখেই তার যথোচিত সম্মান ও অধিকার প্রদান করে। তার উপর শুধুমাত্র সেইসব সামাজিক দায়িত্বই অর্পণ করে যা স্বয়ং প্রকৃতি তার উপর স্বাভাবিক নিয়মে অর্পণ করেছে। সুতরাং আমাদের  নারীদের শিক্ষাব্যবস্থাটা তাদের স্বভাবের দাবী ও প্রয়োজন অনুসারে হতে হবে এবং পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। এক্ষেত্রে সর্বনিম্নস্তর থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত কোথাও সহশিক্ষার প্রশ্নই উঠতে পারে না।


এ ছাড়া নারীদের শিক্ষায় এ কথাটা বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার যে, তাদের আসল ও স্বাভাবিক দায়িত্ব হলো গার্হস্থ্য জীবন পরিচালনা ও মানুষ গড়া, কৃষি খামার, কল-কারখানা, অফিস আদালত চালানো নয়। আমাদের শিক্ষাব্যবস্থার কাজ হবে নারী জাতিকে একটা সাচ্চা মুসলিম জাতি গঠনের যোগ্য করে তোলা যে জাতি দুনিয়ার সামনে স্রষ্টার রচিত কল্যাণকর ও স্বাভাবিক জীবনব্যবস্থার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।


১৯৪৭ সালে আমরা ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করলেও দীর্ঘ মুসলিম শাসনেও আমরা আমাদের শিক্ষাব্যবস্থা ইসলামের আলোকে করতে সমর্থ হইনি। ইংরেজ আমল থেকে কিছু কিছু ব্যাপারে আমাদের আরো খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন ১৯৭১ সালের পর থেকে আমাদের শিক্ষাব্যবস্থায় হিন্দুয়ানী কালচার ঢুকে পড়েছে। 


যারা দ্বীন প্রতিষ্ঠার কর্মী তাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বরূপ জানা উচিত। আর এই জানার জন্য মাওলানা মওদূদীর এই বইটি বেশ সহায়ক হবে বলে আমি মনে করি। যদিও মাওলানা ইংরেজ আমলের প্রেক্ষাপটে লিখেছেন তবুও এটি বর্তমান সময়ের জন্য বেশ প্রাসঙ্গিক। 


#বুক_রিভিউ

বই : শিক্ষাব্যবস্থা : ইসলামী দৃষ্টিকোণ

লেখক : সাইয়েদ আবুল আলা মওদূদী

অনুবাদক : মোহাম্মদ মোজাম্মেল হক ও হাফেজ আকরাম ফারুক

প্রকাশনী : ইসলামিক এডুকেশন সোসাইটি

পৃষ্ঠা : ১১৯

মুদ্রিত মূল্য : ৬০

জনরা : শিক্ষা ও গবেষণা 

১৬ নভে, ২০২২

ইসলামী রাষ্ট্র ও সংবিধান

মাওলানা মওদূদীর লেখালেখির একটা বড় অংশ ছিল ইসলামী রাষ্ট্রব্যবস্থাকে ঘিরে। রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা লেখাগুলোকে একত্রিত করে একই মলাটে প্রকাশ করার দাবি ওঠে পাঠক মহল থেকে। জামায়াত নেতা ড. খুরশিদ আহমদ মাওলানার লেখাগুলোকে একত্র করে ইসলামী রিয়াসাত নামে প্রকাশের ব্যবস্থা করেন। এই বইটি বাংলায় 'ইসলামী রাষ্ট্র ও সংবিধান' নামে অনুবাদ হয়েছে।


ইসলামী জীবন ব্যবস্থার সকল দিক ও বিভাগ সম্পর্কে ইসলামী স্কলারগণ বিংশ শতাব্দীতে ব্যাপক আলোচনা করছেন। একদিকে তাঁরা কুরআন সুন্নাহ থেকে ইসলামের মূলনীতি পেশ করছেন, খুলাফায়ে রাশেদীনের রাষ্ট্র পরিচালনার আদর্শ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছেন। অপরদিকে যুক্তি ও বুদ্ধিবৃত্তিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে আধুনিককালে ইসলামী মূলনীতি ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার উপযোগীতা, বাস্তবতা ও অকাট্যতার প্রমাণ পেশ করেছেন।

এই উভয় ক্ষেত্রেই সাইয়েদ মওদূদী অন্যদের চেয়ে অগ্রজ। একদিকে তিনি আধুনিক বিশ্বে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা। অপরদিকে কুরআন সুন্নাহর অগাধ পান্ডিত্য, ইসলামের ইতিহাসের নির্যাস, শানিত যুক্তি আর অসাধারণ বুদ্ধিদীপ্ত প্রতিভা দিয়ে ইসলামী জীবন ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রের বাস্তবতা ও বাস্তব রূপরেখা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

প্রফেসর ডক্টর খুরশীদ আহমেদ প্রথমে সাইয়েদ মওদূদীর এ সংক্রান্ত লেখাগুলোর ইংরেজি সংস্করণ প্রকাশ করেন Islamic Law and Constitution’ নামে। ইংরেজি গ্রন্থটি সারাবিশ্বে অভূতপূর্ব সাড়া জাগায়। তখন প্রবলভাবে দাবি উঠতে থাকে ইংরেজি সংস্কারণের পাশাপাশি সাইয়েদ মওদূদী ইসলামী রাষ্ট্র সংক্রান্ত সমস্ত লেখা একত্রে সংকলিত করে মূল উর্দু ভাষায় একটি গ্রন্থ প্রকাশ করা হোক। সেই দাবি ও চাহিদার প্রেক্ষিতেই প্রফেসর খুরশীদ আহমদ ইসলামী রাষ্ট্র সংক্রান্ত তাঁর সমস্ত লেখা একত্রে করে ইসলামী রিয়াসাত গ্রন্থ তৈরি করেন ১৯৬০ সালে। ইংরেজি Islamic Law and Constitution গ্রন্থটি ৪১২ পৃষ্ঠা আর উর্দু ইসলামী রিয়াসাত গ্রন্থটি ৭২০ পৃষ্ঠা। দুটি গ্রন্থই বিশ্বব্যাপী দারূণভাবে সমাদৃত হয়েছে।

সঙ্গত কারণেই এই অসাধারণ সংকলনটি বাংলায় অনুবাদ হওয়ার দাবি ওঠে। অনুবাদ কর্ম আগে শেষ হলেও বইটি ১ম প্রকাশিত হয় ১৯৯৭ সালে। বইটি অনুবাদ করেন ৪ জন। আবদুস শহীদ নাসিম, আকরাম ফারুক, আব্দুল মান্নান তালিব ও মুহাম্মদ মুসা। বইটির টোটাল আলোচনাকে ১৬ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এই ১৬ অধ্যায়কে আবার ৪ খন্ডে ভাগ করা হয়েছে।

১ম পাঁচ অধ্যায় নিয়ে ১ম খন্ড। ১ম খন্ডের নাম 'ইসলামের রাজনৈতিক দর্শন'। এই খন্ডে ইসলামের রাজনৈতিক থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে।

১ম অধ্যায়ে ধর্ম ও রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। ধর্ম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? ইসলাম কী আচার সর্বস্ব কোনো ধর্ম? নাকি এটি জীবন সংশ্লিষ্ট বিধানের নাম? ইসলামী রাষ্ট্রের কেন প্রয়োজন? রাষ্ট্র ইসলামী না হলে ইসলামকে পূর্ণভাবে মানা যায় না। ইসলামের সকল বিধান মানার জন্য অবশ্যই রাষ্ট্রশক্তি প্রয়োজন। এই অধ্যায়ে আরো আলোচিত হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে। ইসলাম ও রাজনীতিকে আলাদা করার চিন্তা বাতিল মতবাদ এই নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

২য় অধ্যায়ে ইসলামের রাজনৈতিক মতাদর্শ কেমন তা নিয়ে আলোচনা হয়েছে। ইসলামী রাজনীতির উৎস কী? তা দিয়েই এই অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে। নবীদের মিশন ও দায়িত্ব কী ছিল? ইসলামী রাষ্ট্রের প্রকৃতি ও ধরণ নিয়ে আলোচনা হয়েছে এখানে। খিলাফত কী এবং এর রাজনৈতিক উদ্দেশ্য কী তা নিয়েও আলোচনা হয়েছে।

৩য় অধ্যায়ে কুরআনের রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হয়েছে। এই অধ্যায়ে রাজনীতির মৌলিক থিওরি, জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভংগি, দীন এবং আল্লাহর আইন, রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সার্বভৌমত্ব ও খিলাফতের ধারণা এবং আনুগত্যের মূলনীতি এসব বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।

৪র্থ অধ্যায়ে খিলাফতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ আমাদের কী দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন তা সম্পর্কে আলোচনা হয়েছে।

৫ম অধ্যায়ে মাওলানা মওদূদী ইসলামী জাতীয়তার ধারণা ও ইসলামী জাতীয়তার প্রকৃত তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। জাতীয়তার বিভিন্ন উপাদান ও জাহেলি সমাজে জাতিগত বিদ্বেষের কদর্য রূপ তুলে ধরা হয়েছে। এর বিপরীতে ইসলামের প্রশস্ত ও উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া হয়েছে।

৬ষ্ঠ থেকে ১১শ অধ্যায় নিয়ে ২য় খন্ড গঠিত হয়েছে। ২য় খন্ডের নাম ইসলামী রাষ্ট্রব্যবস্থার মূলনীতি ও কর্মপন্থা।

৬ষ্ঠ অধ্যায়ে ইসলামী সংবিধানে আইনের উৎস নিয়ে আলোচনা করা হয়েছে। আইনের উৎস হিসেবে কুরআন মাজীদ, রাসূলূল্লাহ সা.-এর সুন্নাহ, খিলাফতে রাশেদার কার্যক্রম এবং উম্মাতের মুজতাহিদগণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে মাওলানা।

৭ম অধ্যায়ে মাওলানা একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তিওসমূহ নিয়ে আলোচনা করেছেন। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব কার? রাষ্ট্রের কর্মসীমা কতটুকু ব্যপৃত? রাষ্ট্রের বিভিন্ন বিভাগের কর্মসীমা বা অধিক্ষেত্র এবং এগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক কী হতে পারে? রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? সরকার কিভাবে গঠিত হবে? শাসকের গুণাবলী ও যোগ্যতা কী হওয়া উচিত? নাগরিকত্ব কী? নাগরিকদের অধিকার ও নাগরিকদের উপর রাষ্ট্রের অধিকার এসব বিষয় নিয়ে দারুণ আলোচনা হয়েছে এই অধ্যায়ে।

৮ম অধ্যায়ে ইসলামী সংবিধানের ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে যা আলোচনা হয়েছে তা হলো- আল্লাহর সার্বভৌমত্ব, রিসালাতের মর্যাদা, খিলাফতের ধারণা, পরামর্শের নীতিমালা, নির্বাচনের নীতিমালা, নারীদের দায়িত্বপূর্ণ পদে নিয়োগ, রাষ্ট্রের উদ্দেশ্য, শাসক ও তার আনুগত্যের নীতিমালা, মৌলিক অধিকার ও সামাজিক সুবিচার ও জনকল্যাণ।

৯ম অধ্যায়ে ইসলামী রাষ্ট্রের উদাহরণ পেশ করা হয়েছে। নববী যুগের ১০ বছর ও পরবর্তী খুলাফায়ে রাশেদার আমলের বর্ণনা, শাসনপদ্ধতি ও মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন মাওলানা মওদূদী।

১০ম অধ্যায়ে ইসলামের আইন শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামে আইন প্রণয়নের ক্ষেত্র এবং তাতে ইজতিহাদের গুরুত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, মহানবী সা.-এর অনুসরণ, ইজতিহাদ ও ইজতিহাদের জন্য প্রয়োজনীয় গুণাবলী নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এছাড়াও আইন প্রণয়নে শূরা ও ইজমার ভূমিকা এবং ইসলামী ব্যবস্থায় বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সঠিক পন্থা নিয়ে বক্তব্য রেখেছেন মাওলানা মওদূদী।

১১শ অধ্যায়ে রাষ্ট্রের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করেছেন মাওলানা মওদূদী রহ.। এছাড়াও খিলাফাত ও স্বৈরতন্ত্র, জাতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ ও অমুসলিমদের অধিকার নিয়ে এই অধ্যায়ে আলোচনা হয়েছে।

দ্বাদশ থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত ৩য় খন্ড। এই খন্ডের নাম ইসলামী শাসনের মূলনীতি।

১২শ অধ্যায়ে মাওলানা মৌলিক মানবাধিকার নিয়ে কথা বলেছেন। এই অধ্যায়ে মাওলানা মানবাধিকার কী? কবে থেকে এবং কেন এর উতপত্তি তা নিয়ে আলোচনা করেছেন। সবশেষে ইসলাম মানুষকে যেসব অধিকার দান করেছে তা নিয়ে আলোচনা করেছেন।

১৩শ অধ্যায়ে মাওলানা অমুসলিমদের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন। এই অধ্যায়ে মাওলানা একটি ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কী হতে পারে তা নিয়ে বিস্তারিত লিখেছেন। এর পাশাপাশি যেসব বিষয়ে তাদের হক বা অধিকার নেই তাও বিবৃত করেছেন।

১৪শ অধ্যায়ে ইসলাম ও সামাজিক সুবিচার নিয়ে আলোচনা করেছে মাওলানা মওদূদী। মাওলানা এখানে তুলনামূলক আলোচনা করেছেন। ইসলামের সুবিচার ও সাম্যতার পাশাপাশি অন্যান্য মতবাদের শোষণনীতি ও তাদের অসারতা প্রমাণ করেছেন।

১৫শ অধ্যায়ে কুরআনের আলোকে ইসলামী রাষ্ট্রের প্রধান নীতিমালাগুলো কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। এখানে মাওলানা রাষ্ট্রের উদ্দেশ্য, ইসলামী রাষ্ট্রের প্রকৃতি, পরামর্শ বা শূরা, আদল ও ইহসান, নেতৃত্ব নির্বাচনের মূলনীতি, প্রতিরক্ষা এবং যুদ্ধ ও সন্ধির মূলনীতি, সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষানীতির সাধরণ মূলনীতি, নাগরিকত্ব ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ষোড়শ অধ্যায় নিয়ে ৪র্থ খন্ড গঠিত হয়েছে। এই খন্ডের নাম ইসলামী বিপ্লবের পদ্ধতি

১৬শ অধ্যায়ে মূলত একটি ইসলামী রাষ্ট্র কীভাবে গঠিত হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। মাওলানা মওদূদী ৮ টি পয়েন্টে এই অধ্যায় লিখেছেন।
১. ইসলামী বিপ্লবের পদ্ধতি
২. ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট
৩. ইসলামী বিপ্লবের পথ
৪. ইসলামী আন্দোলনের সঠিক কর্মপন্থা
৫.শান্তিপূর্ণ বিপ্লবের পন্থা
৬. আধুনিক রাষ্ট্রে ইসলামী আন্দোলনের কর্মপন্থা
৭. ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠার সঠিক কর্মধারা
৮. রাজনৈতিক বিপ্লব আগে না সমাজ বিপ্লব?

'ইসলামী রাষ্ট্র ও সংবিধান' এই বইটি সকল মুসলিম বিশেষভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের অতীব জরুরি পাঠ্যবই। এই বই অধ্যয়নের মাধ্যমে একজন পাঠক সহজেই ইসলামী রাষ্ট্র ও সংবিধানের রূপ ও প্রকৃতি কীরূপ হওয়া উচিত তা জানতে পারবে। ইসলামী রাষ্ট্রের জন্য কর্মপন্থা কী হবে? এবং ইসলামী রাষ্ট্রের জন্য নিজেকে কী দায়িত্ব পালন করতে হবে তার সঠিক নির্দেশনা পাবে।

মহান রাব্বুল আলামিন আমাদের ইকামাতে দ্বীন তথা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার তাওফিক দান করুন। আমিন।

#বুক_রিভিউ
বই : ইসলামী রাষ্ট্র ও সংবিধান
লেখক : সাইয়েদ আবুল আলা মওদূদী
অনুবাদক : আবদুস শহীদ নাসিম, আকরাম ফারুক, আব্দুল মান্নান তালিব ও মুহাম্মদ মুসা।
প্রকাশনী : শতাব্দি প্রকাশনী
পৃষ্ঠা : ৪৯৬
মুদ্রিত মূল্য : ২৫০
জনরা : থিয়োলজি ও রাজনীতি

২৪ সেপ, ২০২২

আদম সৃষ্টির হাকিকত

 

শহীদ গোলাম আযম তখন তাবলীগ জামায়াতের আন্দোলনের সাথে জড়িত। ইসলামের অনেক বিষয় নিয়ে তাঁর মধ্যে প্রশ্ন তৈরি হতো। কিন্তু তিনি এর যুৎসই জবাব পেতেন না। এর জবাবের জন্য তিনি হন্যে হয়ে বই পুস্তক পড়তেন। তেমনি একটি বিষয় ছিল আদম আ.-এর ইতিহাস। ওয়াজ মাহফিলে ও ধর্মীয় মুরুব্বিদের কাছ থেকে পাওয়া ভুল ব্যাখ্যা তাঁকে কষ্ট দিয়েছিল।

১৯৫৫ সালে এমন পরিস্থিতিতে তার হাতে পড়ে মাওলানা মওদূদী রহ.-এর লেখা তাফহীমুল কুরআনের সূরা বাকারার তাফসীর। তিনি মাওলানার ব্যাখ্যা পড়ে অত্যন্ত সন্তুষ্ট হন। এরপর তিনি মাওলানা মওদূদীর প্রতি আগ্রহী হন। তাঁর কিতাবাদি ও পত্রিকা পড়তে থাকেন। অল্প সময়ের তিনি ইকামাতে দ্বীনের কাজে যুক্ত হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এরপর তো বহু ঘটনা পার হলো। ১৯৮৯ সালে তাঁর প্রস্তাবিত 'কেয়ারটেকার সরকার ব্যবস্থা' মেনে নিয়ে সমস্ত বিরোধীদল আন্দোলন শুরু করলো এরশাদের বিরুদ্ধে। এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলো। ১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সরকারের গঠনের জন্য আরো কিছু সিট তাদের প্রয়োজন ছিল। জামায়াত একটি সুন্দর জনগণের সরকার গঠনের পরামর্শ দিয়ে বিএনপিকে বিনাশর্তে সমর্থন জানালো।

কিন্তু বিএনপি সে মর্যাদা রাখতে সক্ষম হয়নি। ১৯৯২ সালে প্রথম আঘাতটা আসে জামায়াতের আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে। তাঁর নাগরিকত্ব নেই এই মর্মে 'ঘাতক দালাল নির্মূল কমিটি' একটি আন্দোলন শুরু করে অধুনা শাহবাগের আদলে। জামায়াত সরকারের অংশ হওয়ার পরও বহুস্থানে ঘাদানিক জামায়াত-শিবিরের ওপর হামলা করে। অফিস ভাংচুর করে। অন্তত তিরিশজনকে হত্যা করে। বিএনপি সরকার এর বিহিত করা তো দূরের কথা উল্টো ঘাদানিকের প্ররোচনায় অধ্যাপক গোলাম আযমকে গ্রেপ্তার করে ও আদালতের মুখোমুখি করে।

যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। কারাগারে যাওয়ার পর শহীদ অধ্যাপক গোলাম আযম আবার তাঁর পুরনো বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। ১৯৯২ সালে তিনি কারাগারে একটি বই লিখেন 'আদম সৃষ্টির হাকিকত' নামে। এই বইতে তিনি আদম আ.-এর সৃষ্টি এবং কারণ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। বইটির ভূমিকাতে তিনি বলেন, সূরা বাকারার ৪র্থ রুকুর প্রচলিত ভুল ব্যাখ্যার কারণেই মুসলিমদের মধ্যে ইসলাম একটি আচার সর্বস্ব ধর্ম হিসেবে পরিচিত হয়েছে। এর সঠিক ব্যাখ্যা ছাড়া কুরআনের বিপ্লবী দাওয়াত ও রাসূল সা.-এর সংরামী জীবনের সন্ধান পাওয়া অসম্ভব।

সূরা বাকারার ৪র্থ রুকুতে মূলত আদম আ.-এর সৃষ্টি ও পৃথিবীতে তাঁর কাজ অর্থাৎ মানবজাতির কাজ উল্লেখ করা হয়েছে।

কুরআনে মোট আটটি সূরায় আল্লাহ সুবহানাহু তায়ালা আদম আ.-এর সৃষ্টির ইতিহাস ও উদ্দেশ্য বর্ণনা করেছেন। 'আদম সৃষ্টির হাকিকত' বইয়ের লেখক শহীদ অধ্যাপক গোলাম আযম বইয়ের শুরুতেই আটটি অংশের সরল অনুবাদ করেছেন। এরপর তিনি টোটাল ঘটনা ও উদ্দেশ্যের একটি সামারি টেনেছেন।

এরপর তিনি সূরা বাকারা কেন পরে নাজিল হয়েও আগে স্থান পেয়েছে তার একটি ব্যাখ্যা দেন। লেখকের মতে সূরার বাকার ৪র্থ রুকুর গুরুত্বের কারনেই এমনটা হতে পারে।

এরপর তিনি সূরা বাকারার ৪র্থ রুকুর ভুল ব্যাখ্যা যা সমাজে চালু রয়েছে সেগুলো নিয়ে বর্ণনা ও আলোচনা করেন। এসব ব্যাখ্যা যে ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক তা আলোচনা করেন।

লেখক গোলাম আযম এরপর সূরা বাকারার ৪র্থ রুকুর সঠিক ব্যাখ্যা কী হতে পারে তা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি এখানে ১১ টি পয়েন্টে কথা বলেন।
১. খলিফা ও খিলাফত
২. খিলাফতের দায়িত্ব কী?
৩. ফেরিশতাদের সহযোগিতা
৪. ফেরেশতাদের আশংকা
৫. তাসবিহ ও তাকদিস
৬. আদম আ.-কে জ্ঞান দান
৭. আদম আ.-কে সিজদা করার বিষয়
৮. ইবলিসের নাফরমানি থেকে শিক্ষা
৯. আদম আ.-কে কেন বেহেশতে পাঠানো হলো?
১০. আদম আ.-এর তওবা
১১. জান্নাত থেকে আদম আ.-এর বিদায়

এরপর শহীদ গোলাম আযম এই ইতিহাস বর্ণনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। একই কাহিনী থেকে ৫ টি শিক্ষা উল্লেখ করেন ও সেগুলো নিয়ে আলোচনা করেন।

১. দুনিয়ায় আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালনই আমাদের বড় কর্তব্য
২. এই কর্তব্যকে উপেক্ষা করে অন্য লক্ষ্যের কাজ মূলত ইবলিসের কুমন্ত্রণা।
৩. ইবলিস ও তার প্রতিনিধিরা আল্লাহর বিধানের বিরুদ্ধে সংগ্রাম করে।
৪. লজ্জাশীলতা ও পর্দা মানুষের স্বাভাবিক আচরণ। ইবলিস এটা নষ্ট করে দিতে চায়।
৫. মানুষের জন্য ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুলের পর তওবা করা আবশ্যক।

এরপর লেখক মানুষের মর্যাদার কারণ নিয়ে আলোচনা করেন। খিলাফতের দায়িত্বের কারণেই মানুষ সৃষ্টির সেরার মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

লেখক উল্লেখ করেন, মানুষের দায়িত্ব হলো আল্লাহর খিলাফত অর্থাৎ আল্লাহর প্রতিনিধিত্ব করা। আর এই দায়িত্বে ব্যর্থ হওয়া মানেই ইবলিসের খিলাফত বা প্রতিনিধিত্ব করা। সমগ্র মানুষ মূলত দুইটি দলে বিভক্ত। এক. আল্লাহর খলিফা, দুই. ইবলিসের খলিফা।

বইটির শেষে তিনি বাংলাদেশের প্রসঙ্গ আনেন। তিনি প্রশ্ন রাখেন বাংলাদেশে কি আল্লাহর খিলাফত কায়েম আছে? বাংলাদেশ বহু মুসলিমের দেশ হলেও এদেশে আল্লাহর আইন প্রচলিত নয়। যারা এই বাংলাদেশের আইন পরিবর্তনে ভূমিকা রাখছে না, চিন্তা ও ফিকির করছে না তাদেরকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য আহবান করেন।

অনেক আলেম ওলামা ও ইসলামী ব্যক্তিত্বকে দেখা যায় তারা ব্যক্তিগতভাবে খুবই ইসলামপ্রিয় ও তাকওয়াবান। কিন্তু সমাজে ও রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে অর্থাৎ খিলাফতের দায়িত্ব পালনে তাদের সচেষ্ট দেখা যায় না। বরং তাদেরকে বর্তমান প্রচলিত অনৈসলামিক ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে দেখা যায়। তাদের কথা উল্লেখ করে লেখক বলেন আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন না করা মানেই শয়তানের প্রতিনিধির দায়িত্ব পালন করা। এই কথা লেখক আমাদের সকলকে মনে করিয়ে দেন। এই নিয়ে সতর্ক করেন। আমাদের প্রতি আহবান করেন, আমরা যেন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য অর্থ্যাৎ আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনে সচেষ্ট হই।

মহান রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার তাওফিক দান করুন। আমিন।

#বুক_রিভিউ
বই : আদম সৃষ্টির হাকিকত
লেখক : অধ্যাপক গোলাম আযম
প্রকাশনী : আধুনিক প্রকাশনী
পৃষ্ঠা : ৬৬
মুদ্রিত মূল্য : ২৫
জনরা : ইডিওলজি



৯ সেপ, ২০২২

জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি

 


মুসলিম লীগ ১৯৪৭ সালে এই উপমহাদেশের মুসলিমদের জন্য পাকিস্তান রাষ্ট্র আদায় করে দিয়েছে ইংরেজদের কাছ থেকে। এই রাষ্ট্র মুসলিমদের নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখে। মুসলিমরা স্বতন্ত্র জাতির পরিচয় পায়। ১৯২৩ সালে তুর্কি খিলাফত বিলুপ্ত হলে মুসলিম পরিচয়ে আর কোনো রাষ্ট্র অবশিষ্ট থাকে নি। এর কয়েকবছর পর ৬/৭টি ভিন্ন ভাষাভাষি মানুষ শুধুমাত্র মুসলিম পরিচয়ে একত্রিত হয় ও উম্মাহ চেতনায় মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্র গঠন করে। 

কিন্তু মুসলিম লীগের এই বিশাল অর্জন ম্লান হতে থাকে কারণ তারা একটি স্থিতিশীল রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয় নি। একটি সংবিধান বা শাসনতন্ত্র প্রণয়ন করতে পারেনি। পাকিস্তান প্রতিষ্ঠার আগে, আন্দোলনের সময় তারা জাতিকে একটি ইসলামী রাষ্ট্রের কথা বলেছে। কিন্তু রাষ্ট্র গঠন হলে ধর্মনিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছে। এছাড়াও নাস্তিক্যবাদের চিন্তার হামলা, কমিউনিজম চিন্তার হামলা পাকিস্তানের মুসলিমদের অশান্ত করে তুলেছিল। মুসলিম নেতারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। 

এই ব্যর্থতার কথা অনুমান করে মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদূদী ১৯৪০ সাল থেকে সতর্ক করে আসছিলেন। যাই হোক তারপরও তিনি পাকিস্তানে চিন্তার ঐক্য প্রতিষ্ঠার জন্য ও পাকিস্তানকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করার জন্য একটি বক্তব্য দেন ষাটের দশকে। সেখানে জাতীয় ঐক্যের দিকে আহবান জানিয়েছেন সবাইকে। যেভাবে সবাই একত্র হয়েছিল পাকিস্তান আন্দোলনের সময়। 

এই বক্তব্যটি বই আকারে প্রকাশ হয়। পাকিস্তানে বরাবরের মতো এই বইটি বেশ সমাদৃত হয়। বাংলাদেশে এরশাদ ক্ষমতায় আসার পর তার স্বৈরাচারী আচরণ শুরু হয়। জনগণের নেতারা সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হতে থাকে। এই পরিস্থিতিতে ১৯৮৪ সালে আব্বাস আলী খান মাওলানা মওদূদীর এই বইটি বাংলায় অনুবাদ করেন। বাংলায় এর নামকরণ হয় জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি। ছোট বই, কিন্তু নির্দেশনা পরিষ্কার। 

বইটির ভূমিকায় মাওলানা মানুষের প্রকৃতি তুলে ধরে বলেন, সব মানুষ সব বিষয়ে একমত হবে না। হওয়া জরুরীও নয়। তবে মৌলিক কিছু বিষয়ে তাকে একমত হতে হবে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শান্তির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, ধ্বংস থেকে বাঁচার প্রয়োজনে। মাওলানা এরপর স্বাধীনতাত্তর পাকিস্তানের অবস্থা বর্ণনা করেন। এরপর তিনি ঐক্যের জন্য গঠনমূলক উপাদান খুঁজে বের করার আহবান জানান। 

মাওলানা মওদূদী জাতীয় ঐক্যের জন্য পাঁচটি মূলনীতি নির্ধারণ করেন ও সেগুলো ব্যাখ্যা করেন। সেগুলো হলো, 
১. সর্বাবস্থায় সততা ও সুবিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 
২. পারস্পরিক সহনশীলতা এবং অন্যের মত প্রকাশের অধিকার মেনে নেওয়া। 
৩. বিরোধীতার খাতিরে বিরোধীতা পরিহার করতে হবে। 
৪. বলপ্রয়োগ ও প্রতারণার পরিবর্তে যুক্তি প্রদর্শন। 
৫. ছোটখাটো ব্যাপারে বিদ্বেষ ও গোঁড়ামি পরিহার করা।   

এরপর মাওলানা পাকিস্তান রাষ্ট্রের শাসন ব্যবস্থার ভিত্তি/ মূলনীতি নিয়ে আলোচনা করেন। মূলনীতিগুলো হলো, 
১. সর্বক্ষেত্রে কুরআন ও সুন্নাহর প্রাধান্য দেওয়া। 
২. গণতন্ত্র প্রতিষ্ঠা। মুসলিমদের মতামত দেবার ও শাসক বাছাইয়ের অধিকার প্রতিষ্ঠা করা। 
৩. গণতন্ত্রের প্রকৃত প্রাণশক্তি ও এর ৫ মূলনীতি 

প্রথমত, রাষ্ট্রের তিনিটি বিভাগ শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইনসভাকে পৃথক করে দেওয়া। তাদের ক্ষমতার সীমারেখা সুষ্পষ্টভাবে নির্ধারণ করা। 

দ্বিতীয়ত, নাগরিক অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান এবং তা সংরক্ষণের জন্য বিচার বিভাগকে ক্ষমতা প্রদান। 

তৃতীয়ত, স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের ফলাফল যাতে মুসলিমদের জনমতের ভিত্তিতেই হয়। 

চতুর্থত, আইনের শাসন। শাসক ও শাসিতের জন্য একই আইন হবে। সকলে আইন মানতে বাধ্য থাকবে। আদালত আইন সবার ওপর সমানভাবে প্রয়োগ করবে। 

পঞ্চমত, সরকারি সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তারা শাসনপদ্ধতি অনুযায়ী কাজ করবে। জনগণ যাদের শাসক মনোনীত করবে তাদের আনুগত্য করবে। 

৪. নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। 

মাওলানা সবশেষে বলেন। গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য ও স্থিতিশীলতা নির্ভর করবে সরকারের ওপর। যারা সরকার পরিচালনা করবে তারা যদি গণতন্ত্রের মূলনীতি ও শাসন ব্যবস্থার মূলনীতি মেনে চলে ও সংরক্ষণ করে তবে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। 


#বুক_রিভিউ
বই : জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি
লেখক : সাইয়েদ আবুল আলা মওদূদী
অনুবাদক : আব্বাস আলী খান  
প্রকাশনী : মওদূদী রিসার্চ একাডেমি, ঢাকা 
পৃষ্ঠা : ২৬
মুদ্রিত মূল্য : ৯
জনরা : রাজনীতি 

৩১ আগ, ২০২২

ইসলামী সমাজ বিপ্লবের ধারা


সাইয়েদ কুতুব রহ.। জীবনের একটা বড় অংশজুড়ে তিনি ছিলেন কারাগারে। ১৯৬৪ সালে তার একটি বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল معالم فى الطريق  (মা'আলিম ফিত তারিক্ব)। এই কথাটার অর্থ হতে পারে পথনির্দেশক। সাইয়েদ কুতুব এখানে মূলত আমাদের করণীয় কী হবে তা উল্লেখ করেছেন। তাঁর এই বইটি ছিল মুসলিমদের করণীয় বিষয়ক গাইড বুক। 

সেই সময় মিশরের জালিম, তাগুত ও স্বৈরাচারী সরকারের প্রধান ছিল জামাল আব্দুন নাসের। সে তার সরকারের জন্য এই বইটিকে হুমকি হিসেবে দেখেছে। উনিশ শ’পয়ষট্টি সালে কর্নেল নাসের মস্কো সফরে থাকাকালে এক বিবৃতিতে ঘোষণা করে যে, ইখওয়ানুল মুসলিমুন সাইয়েদ কুতুবের নেতৃত্বে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আর এই ঘোষণার সাথে সাথেই সারা মিসরে ইখওয়ান নেতা ও কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয়। আবারো গ্রেপ্তার হন সাইয়েদ কুতুব। 

মা'আলিম ফিত তারিক্ব বইটি লিখে নাসেরকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে(!) ১৯৬৬ সালের ২৯ আগস্ট আমাদের নেতা সাইয়েদ কুতুব শহীদ রহ.-কে ফাঁসী দিয়ে হত্যা করা হয়। এরপর বইটি সারা পৃথিবীতে হটকেক হয়ে যায়। হয়তো আল্লাহ তায়ালার ইচ্ছেই ছিল এমন। আল্লাহ তায়ালা এই শহীদকে দিয়ে শুধু মিসর নয়, সারা পৃথিবীতে দাওয়াতী কাজ করাবেন। 

এই বইটি দিয়ে এখনো দাওয়াতী কাজ করছেন, পথ নির্দেশ করছেন আমাদের নেতা, আমাদের সাইয়েদ। আল্লাহ তায়ালা যথার্থই বলেছেন, শহীদেরা মরে না, তাদের মৃত বলো না। আমি তাদের রিজিক দেই। 

মা'আলিম ফিত তারিক্ব বইটি পৃথিবীর প্রায় সব প্রধান ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজিতে অনুবাদ হয়েছে 'মাইলস্টোন' নামে। বাংলায় অনুবাদ হয়েছে 'ইসলামী সমাজ বিপ্লবের ধারা' নামে। বইটি বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মাদ আব্দুল খালেক। 

বইটি মোট ১২ টি অধ্যায়ে লেখা। বইয়ের ভূমিকাতে লেখক সারা পৃথিবীর মতবাদগুলো নিয়ে আলোচনা করে দেখিয়েছেন মানবরচিত মতবাদের ফলে মানবতা দুরবস্থার মধ্যে রয়েছে। এর বিপরীতে ইসলামী আদর্শ তথা আল্লাহ প্রদত্ত বিধানই মানবতাকে রক্ষা করতে পারে। এছাড়াও তিনি ভূমিকাতে বিশ্ব নেতৃত্বের জন্যে প্রয়োজনীয় গুণাবলী, আধুনিক যুগের জাহেলিয়াত, ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য ও ইসলামী সমাজের পুনরুজ্জীবন এসব পয়েন্টে কথা বলেছেন। 

১ম অধ্যায়ে হাফেজ সাইয়েদ কুতুব কুরআনের কর্মীদের দল নিয়ে আলোচনা করেন। সাহাবীদের মতো কেন আমাদের ডেডিকেশন নেই অথবা আমরা কেন মান হারিয়েছি তা নিয়ে আলোচনা করেছেন। 

২য় অধ্যায় লেখক শুরু করেছেন মাক্কী যুগে মুহাম্মদ সা. ও সাহাবারা কীভাবে দাওয়াতী কাজ করেছেন, কুরবানীর নজরানা দিয়েছে সেই প্রসঙ্গ দিয়ে। সাহাবাদের জীবন বিধান সংক্রান্ত প্রশিক্ষণ/ তারবিয়াত ও সংগঠনিক কর্মকান্ড আলোচনা করেছেন। একই অধ্যায়ে তিনি বিপ্লব বলতে কী বুঝায় ও বিপ্লব কীভাবে প্রতিষ্ঠিত হয় তা নিয়ে আলোচনা করেছেন। ২য় অধ্যায়ে তিনি আরো আলোচনা করেছেন দ্বীন প্রতিষ্ঠার সঠিক উপায় ও এই বিষয়ে আল্লাহ প্রদত্ত কর্মসূচি নিয়ে।   

৩য় অধ্যায় মুফাসসির সাইয়েদ কুতুব শুরু করেছেন ইসলামী সমাজের বৈশিষ্ট্য ও সমাজ গঠনের উপায় নিয়ে আলোচনা দিয়ে। তিনি এই অধ্যায়ে ইসলামী সমজের আদর্শিক ভিত্তি ও জাহেলী পরিবেশে ইসলামী পুনর্জাগরণের পন্থা কী হতে পারে নিয়ে আলোচনা করেছেন। তার এই আলোচনার বেসিক হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলল্লাহ' তথা কালিমাতুত তাওহীদের অর্থ বুঝে আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং মুহাম্মদ সা.-কে আদর্শ হিসেবে অনুসরণ করা। 

৪র্থ অধ্যায়ে মাওলানা সাইয়েদ কুতুব শহীদ আলোচনা করেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে। তিনি প্রথমে জিহাদের স্তর, জিহাদের বিপ্লবী ঘোষণা ও আল্লাহর শাসন প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা বলেছেন। এরপর শুধু আত্মরক্ষার নাম জিহাদ নয়, এটাও ক্লিয়ার করেছেন। মাক্কী জীবনে জিহাদ নিষিদ্ধ থাকার কারণ ও প্রেক্ষাপট উল্লেখ করেছেন। সর্বশেষ মাওলানা কুতুব ইসলাম, দেশরক্ষা ও হিহাদের দাবি নিয়ে আলোচনা করেছেন। একইসাথে জিহাদ সম্পর্কিত কিছু ভুল ধারণার অপনোদন করেছেন। 

৫ম অধ্যায় ছিল ইসলামী জীবন বিধান নিয়ে। এখানেও কালেমাতুত তাওহীদ নিয়ে বিশদ আলোচনা করেছেন। ইসলামী সমাজের বৈশিষ্ট্য, ইসলামী সমাজ গঠনের উপায়, জাহেলিয়াত ও তার প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বর্তমান বিশ্ব ব্যবস্থার অসারতা ও মুসলিম হিসেবে এই ব্যবস্থাকে মেনে নেওয়াকে কুফরি হিসেবে উল্লেখ করেছেন। 

৬ষ্ঠ অধ্যায়ে ইসলামী আদর্শই যে বিশ্বজনীন জীবনাদর্শ তা নিয়ে আলোচনা করেন। মানুষের জৈবিক অংশ যে অন্যান্য সৃষ্টির মতো আল্লাহর বিধান পূর্ণরূপে মান্য করে তা নিয়েও বিশদ আলোচনা করেন। ইসলামের বিধান ত্যাগ অথবা ইসলাম থেকে বিচ্যুতির ফলে মানবতার যে অস্থিরতা তা এই অধ্যায়ের শেষে আলোচনা করেন। 

৭ম অধ্যায়ের আলোচনার বিষয় ছিল সভ্যতা। কাকে আমরা সভ্যতা বলতে পারি আর কোনটা অসভ্যতা এই নিয়েই এই অধ্যায়ের শুরু।  ইসলাম ও জাহিলী সমাজের মৌলিক পার্থক্য ও সভ্যতার প্রকৃত মানদণ্ড কী হতে পারে তা নিয়েও আলোচনা করেন।  এই অধ্যায়ের শেষে শহীদ কুতুব ইসলামী সমাজের ক্রমবিকাশ ও ইসলামী সভ্যতা যে সকল ধর্মের মানুষের জন্যই কল্যাণকর তা নিয়ে ব্যখ্যা করেন। 

৮ম অধ্যায়ে আমাদের সাইয়েদের আলোচনার বিষয় ছিল সংস্কৃতি/ কৃষ্টি। এই অধ্যায়ে লেখক ইসলাম, কৃষ্টি ও এই ব্যাপারে ইসলামের সীমারেখা নিয়ে দারুণ আলোচনা করেছেন। এখানে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও এর প্রয়োজনীয়তা নিয়েও বিস্তর আলোচনা করেছেন।

৯ম অধ্যায় ছিল লেখকের গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি। এখানে তিনি আলোচনা করেছে মুসলিমদের জাতীয়তা কী হবে? কীসের ওপর ভিত্তি করে করে আমাদের জাতীয়তা নির্ধারণ হবে? ঈমানই হবে আমাদের জাতীয়তার পরিচয় ও ঐক্যের ভিত্তি। এরপর তিনি মধ্যপন্থী উম্মাহ'র ব্যবচ্ছেদ করেছেন। দারুল ইসলাম ও দারুল হারব নিয়ে আলোচনা করেছেন। 

লেখক বলেন, দ্বীনের প্রতি আহবানকারীদের অন্তরে ইসলাম ও জাহেলিয়াত এবং দারুল ইসলাম ও দারুল হরবের প্রকৃতি ও পরিচয় সম্পর্কে বিন্দুমাত্র সংশয় থাকা উচিত নয়। কারণ সন্দেহের পথ ধরেই বিভ্রান্তি সৃষ্টি হয়। যে দেশে ইসলামের প্রধাণ্য নেই, যেখানে ইসলামী শরীয়াত বাস্তবায়িত হয়নি এবং যে ভূখণ্ডের আইন-কানুন ইসলাম নয়। ঈমানের বহির্ভূত যা কিছু আছে তাই কুফর এবং ইসলামের বাইরে যা আছে তা শুধুই জাহেলিয়াত এবং সত্যের বিপরীত সবকিছুই মিথ্যা ছাড়া কিছুই নয়।

১০ম অধ্যায় শহীদ কুতুব যারা ইসলামী রাষ্ট্রের দাওয়াত দিবে তাদের উদ্দেশ্যে লিখেছেন। কীভাবে দাওয়াত দিতে হবে, কীভাবে আপোষহীন থাকতে হবে, আমাদের প্রকৃত লক্ষ্য, কীসে আমাদের সাফল্য তা উল্লেখ করেছেন।  

তিনি নসিহত করে বলেন, দ্বীনের প্রতি আহবানকারীদের কোন প্রকারেই জাহেলিয়াতের সাথে খাপ খাইয়ে চলার নীতি গ্রহণ সম্ভব নয়। জাহেলিয়াতের কোন একটি মতবাদ, কোন রীতিনীতি অথবা তার সামাজিক কাঠামোর কোন একটি মতবাদ, কোন রীতিনীতি অথবা তার সামাজিক কাঠামোর কোন একটির সাথেও আপোষ করা আমাদের জন্যে অসম্ভব। এ জন্যে জাহেলিয়াতের ধারক-বাহকগণ যদি আমাদের উপর অত্যাচারের স্টিমরোলারও চালিয়ে দেয় তবু আমরা বিন্দুমাত্র নতি স্বীকার করতে রাজি নই।

১১শ অধ্যায়ে আলোচনার বিষয় ছিল ঈমান ও আকিদা। ঈমান আনার পর একজন মানুষের আচরণ ও চরিত কী রকম হওয়া উচিত তা নিয়েও আলোচনা করেন। মূলত এই অধ্যায়ে একজন মুমিনের চালচলন ও আচার আচরণ কীরূপ হবে তা বর্ণনা করা হয়েছে। 

১২শ অধ্যায়ের নাম রক্তে রঞ্জিত পথ। লেখক বলেন ইসলামী সমাজ কায়েম তথা ঈমানের পথে চলা সহজ কাজ নয়। এর জন্য বহু ত্যাগ স্বীকার করতে হবে। তিনি শুরুতে সূরা বুরুজে বর্ণিত ঘটনার উদাহরণ দিয়েছেন। 

আমাদের নেতা সাইয়েদ কুতুব বলেন, কাহিনী বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের চলার পথে যেসব বাধা বিপত্তি আসতে পারে তা উল্লেখ করেছেন এবং সম্ভাব্য সকল প্রকার বিপদ-আপদ ও দুঃখ-কষ্টকে বরণ করে নেয়ার জন্যে উৎসাহ দিয়েছেন।

একজন মুসলিমের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটা পাঠ্য। এই বইটি আপনাকে পথ দেখাবে। কুরআন ও রাসূল সা.-এর সীরাত বুঝতে আপনাকে সহায়তা করতে। আপনাকে আপনার করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা দিবে। 

বইটি আমাদের সকলের পড়া উচিত। যারা পড়েন নাই তারা তো অবশ্যই পড়বেন, যারা পড়েছেন তারাও পুনরায় পড়বেন। আপনার ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। 

#বুক_রিভিউ
বই : ইসলামী সমাজ বিপ্লবের ধারা
লেখক : সাইয়েদ কুতুব শহীদ
অনুবাদক : মুহাম্মদ আব্দুল খালেক 
প্রকাশনী : আধুনিক প্রকাশনী 
পৃষ্ঠা : ২১৬
মুদ্রিত মূল্য : ১৬৪
জনরা : রাজনীতি 

১৮ আগ, ২০২২

ইসলামী ব্যাংকিং



জনাব আব্দুর রকিব। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৩ সালে অর্থনীতিতে মাস্টার্স করেন। এরপরের বছর স্টেট ব্যাংক অব পাকিস্তানে যোগ দেন। ১৯৬৭ সালে তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান হন। ১৯৭১ এর পর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রধান হন।

সত্তরের দশকের শেষ দিকে সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকিং নিয়ে যখন ব্যাপক আলোচনা ও এর আলোকে ব্যাংক চালু হওয়া শুরু হলো তখন তিনি ইসলামী ব্যাংকিং-এর সাথে জড়িত হন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হন। যারা ইসলামী ব্যাংক নিয়ে কাজ করেছে, পলিসি তৈরি করেছে এমন বহু মানুষের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ একজন।

জনাব শেখ মুহাম্মদ। পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে। ১৯৮৪ সালে কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ১৯৮৬ সালে সরকারি চাকুরি ছেড়ে নবপ্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকে যোগ দেন। ইসলামী ব্যাংকে এসেছেন শুধুমাত্র ইসলামকে ভালোবেসে। এদেশে একটি সুদমুক্ত ব্যাংক চালু করে জাতিকে বিকল্প দেওয়ার জন্য। ইসলামী ব্যাংকের যেমন ভবিষ্যত সম্পর্কে কারো কোনো আইডিয়া ছিল না তেমনি এখানে তার সম্মানীও কমে গেছে। তিনি ইসলামী ব্যাংকের একজন গবেষক ছিলেন। সারা পৃথিবীর অন্যান্য ইসলামী ব্যাংক থেকে আইডিয়া ও অভিজ্ঞতা নিয়ে ও বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সকল ব্যাংকিং পদ্ধতি নিয়ে তিনি গবেষণা করেছেন।

এই দুইজন ব্যক্তি ২০০৪ সালে একটি বই লিখেন 'ইসলামী ব্যাংকিং' নামে। এখানে তারা ইসলামী ব্যাংকের থিওরি, প্রয়োগ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বইটিতে মোট ১৪ টি অধ্যায় রয়েছে। তারা ইসলামী ব্যাংকিং-এর সকল আলোচনা এই বইতে সন্নিবেশ করেছেন।

১ম অধ্যায়ে তারা ব্যাংক ও অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। ব্যাংকের সংজ্ঞা, পুঁজিবাদী অর্থব্যবস্থা, কমিউনিজম, ইসলামী অর্থব্যবস্থা এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন।

২য় অধ্যায়ে সুদ ও সুদের প্রকার নিয়ে আলোচনা করেছেন।

৩য় অধ্যায়ে ইসলামী ব্যাংকের উতপত্তি, বাংলাদেশে এর পটভূমি নিয়ে আলোচনা করেন। এরপর ইসলামী ব্যাংক ও সুদি ব্যাংকের মধ্যেকার পার্থক্য নিয়ে আলোচনা করেন। এরপর তারা ইসলামী ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন।

৪র্থ অধ্যায়ে লেখকদ্বয় মূলত ইসলামী ব্যাংকের টাকা সংগ্রহ/ আমানত/ জমা গ্রহণ নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের দুইটা পদ্ধতি আছে। আল ওয়াদিয়াহ ও মুদারাবা। এই দুইটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অধ্যায়ে। কীভাবে এর মুনাফা বন্টন হয় তা নিয়েও আলোচনা হয়।

৫ম অধ্যায়ে চেক সংক্রান্ত আলোচনা করেন তারা। চেকের প্রকারভেদ, হস্তান্তর, অনুমোদন, অনুমোদনের শর্তাবলী ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

৬ষ্ঠ অধ্যায়টি গুরুত্বপূর্ণ। এখানে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগের পদ্ধতিগুলোকে তারা তিনটি ভাগে ভাগ করেছেন।

ক. ক্রয়-বিক্রয় পদ্ধতি
১. বাই মুরাবাহা
২. বাই মুয়াজ্জাল
৩. বাই সালাম
৪. ইসতিসনা

খ. অংশিদারিত্ব পদ্ধতি
১. মুদারাবা
২. মুশারাকা

গ. মালিকানায় অংশীদারিত্ব

এই অধ্যায়ে লেখকদ্বয় প্রতিটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করেন এবং এক পদ্ধতির সাথে অপর পদ্ধতির পার্থক্য সূচিত করেন। যাতে সাধারণ পাঠক বুঝতে সক্ষম হয়। এখানে তারা আরেকটি দারুণ কাজ করেছেন তা হলো প্রতিটি পদ্ধতির ক্ষেত্রে তারা সম্ভাব্য অনিয়ম ও ত্রুটির কথাও উল্লেখ করেছেন। এজন্য একটা কথা বলা হয়ে থাকে 'ইসলামী ব্যাংকের জন্য পূর্বশর্ত ইসলামী ব্যক্তিত্ব'। কাজী ওমর ফারুক ২০০৬ সালে এই নামেই একটি বই লিখেছেন।

ইসলামী ব্যাংকের মুনাফা সম্পর্কিত একটি প্রশ্নের সমাধান এখানে তারা দিয়েছেন। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের মুনাফার হার বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদের হারের সাথে মিলে যায়। তাহলে ইসলামী ব্যাংকের এই আয় কি সুদ? এই প্রশ্নের সমাধান দেওয়া আছে এই অধ্যায়ে। এরপর সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন লেখকদ্বয়।

এরপর তারা কীভাবে একজন ব্যবসায়ীর সাথে বিনিয়োগে যাবে সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কীভাবে রিস্ক ম্যানেজম্যান্ট করেন তা নিয়ে আলোচনা করেন। শুধু তাই নয়, ইসলামী ব্যাংক যেখানে বিনিয়োগ করে সেই ব্যাবসার তদারকি ও মুনাফা আদায়ের পদ্ধতিও তারা বিস্তারিতভাবে আলোচনা করেন। এরপরও যদি ক্ষতি হয় তবে সেই ক্ষতিপূরণের পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

৭ম অধ্যায়ে চুক্তি নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ে লিখিত চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ গ্রাহকদের সাথে চুক্তি কীভাবে করতে হবে ও মানতে হবে সে পদ্ধতি উল্লেখ করেন।

৮ম অধ্যায়ে বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। এই অধ্যায়ে ঋণপত্র, শরিয়ার আলোকে ঋণপত্র, মুদ্রা বিনিময়, আমদানি ও রপ্তানি বাণিজ্য নিয়ে এবং এসবের শরিয়াহ পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

৯ম অধ্যায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কিছু বিশেষ বিনিয়োগ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এই অধ্যায় থেকে ১৪শ অধ্যায় পর্যন্ত মূলত ইসলামী ব্যাংকের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

১০ম অধ্যায়ে ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করা হয়।

১১শ অধ্যায়ে বিনিয়োগের শ্রেণীবিন্যাস ও প্রভিশনিং নিয়ে আলোচনা হয়।

১২শ অধ্যায়ে ইসলামী ব্যাংকের মূলধন নিয়ে আলোচনা হয়।

১৩শ অধ্যায়ে ব্যাংক গ্যারান্টি নিয়ে আলোচনা হয়।

১৪শ ও সর্বশেষ অধ্যায়ে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং-এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সম্ভাবনার ক্ষেত্রে বলা হয়, জনগণের আস্থা অর্জন করে বিশাল আমানত সংগ্রহ করেছে ইসলামী ব্যাংকগুলো। সেই সাথে বিনিয়োগের ক্ষেত্রেও ভালো ভূমিকা রেখেছে। সবচেয়ে বেশি বিনিয়োগ ও সবচেয়ে বেশি লাভও অর্জন করেছে তারা। এখনো সেই অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।

সমস্যা ও সীমাবদ্ধতার ক্ষেত্রে লেখকদ্বয় যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা হলো,
১. ইসলামী ব্যাংক পরিচালনার আইন নেই।
২. সুদমুক্ত সিকিউরিটিজ/বন্ড-এর অভাব
৩. খেলাপি বিনিয়োগ। অন্যান্য ব্যাংকগুলো দন্ডসুদ আরোপ করে। এখানে যা সম্ভব নয়।
৪. ব্যাংক কর্মকর্তাদের পর্যাপ্ত ট্রেইনিং-এর অভাব
৫. শরীয়তের বিষয়ে দক্ষতার অভাব।

বইটি ইসলামী ব্যাংকিং সম্পর্কে আপনার ধারণাকে পরিপূর্ণ করবে এবং বাজারি কথাবার্তা থেকে আপনাকে মুক্ত করবে। একইসাথে আপনি এখান থেকে সুদ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারবেন। যদি ইসলামী ব্যাংকিং নিয়ে ধারণা নিতে চান তবে এই বইটি আপনার জন্য পাঠ্য।

বইটির পিডিএফ লিংক দেওয়া হয়েছে।

#বুক_রিভিউ
বই : ইসলামী ব্যাংকিং
লেখক : আব্দুর রকীব ও শেখ মোহাম্মদ
প্রকাশনী : আল আমিন প্রকাশনী
পৃষ্ঠা : ২৭২
মুদ্রিত মূল্য : ২০০
জনরা : অর্থনীতি
 

১১ আগ, ২০২২

মুহাররমের শিক্ষা

মাওলানা মওদূদী। উপমহাদেশের এক দারুণ মুজাদ্দিদ। তুর্কি খিলাফত ভেঙ্গে যাওয়া, মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদের উত্থান, উম্মাহর ভাঙ্গন, সারা পৃথিবীতে পরাজিত ও লাঞ্চিত হওয়ার মাধ্যমে মুসলিমরা যখন তাদের গতি, উদ্দেশ্য ও লক্ষ্য হারিয়ে ফেলেছে তখন উত্থান হয়ে মাওলানা মওদূদীর।

মুসলিমদের প্রয়োজনীয় সব দিককে সামনে রেখেই তিনি কলম চালিয়েছেন। মুসলিমদের দিক নির্দেশনা দিয়েছেন। মুসলিমদেরকে তাদের ঈমান ও দায়িত্বের ওপর অবিচল থাকার ব্যাপারে নসিহত করেছেন।

মুহাররম নিয়ে মুসলিমদের মধ্যে শোক প্রকাশ তিনি দেখেছেন। কিন্তু কেন হুসাইন রা. জীবন কুরবানী করলেন, তার কী উদ্দেশ্য ছিল এই নিয়ে মুসলিমদের কোনো কর্মকান্ড বা কর্মতৎপরতা তিনি লক্ষ্য করেন নি। তাই এই উদ্দেশ্যে তিনি একটি বই লিখেছেন 'মুহাররমের শিক্ষা' নামে। এই বইটি বাংলায় অনুবাদ করেছেন আব্দুল মান্নান তালিব।

মাওলানা বইয়ের শুরুতে বলেন, হুসাইন রা.-এর উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি আমরা কিছু না করি, বরং তার বিপরীত কাজই করে যেতে থাকি, তখন নিছক তাঁর ব্যক্তিত্বের জন্যে শোক প্রকাশ এবং তাঁর হত্যাকারীদেরকে গালিগালাজ করে কিয়ামতের দিন আমরা ইমামের নিকট থেকে কোনো বাহবা লাভেরও আশা রাখতে পারিনা। উপরন্তু আমরা এও আশা করতে পারি না যে, আল্লাহ্‌ও আমাদের এ কাজের কোনো মূল্য দিবেন।

এরপর মাওলানা শাহদাতের উদ্দেশ্য সম্পর্কে বলেন, হুসাইন রা.-এর দৃষ্টি ইসলামী সমাজ ও রাষ্ট্রের প্রকৃতি, প্রাণশক্তি এবং ব্যবস্থার মধ্যে কোনো বিরাট পরিবর্তনের পূর্বাভাস লক্ষ্য করছিল এবং এর গতিরোধের জন্যে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া তাঁর নিকট অত্যাধিক প্রয়োজনীয় হয়ে উঠেছিল। এমনকি এজন্যে প্রয়োজনবোধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হওয়াকেও তিনি শুধু বৈধই নয়, অবশ্য করণীয় বা ফরজ বলে মনে করেছেন।

ইয়াজিদের ক্ষমতা দখলের ফলে কী পরিবর্তন এসেছে এই নিয়ে মাওলানা বলেন, শাসনব্যবস্থায় তিনটি পরিবর্তন এসেছে।
১। বৈশিষ্ট্যের পরিবর্তন
২। উদ্দেশ্যে পরিবর্তন
৩। প্রাণশক্তির পরিবর্তন

ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, দেশের মালিক আল্লাহ, জনসাধারণ আল্লাহর প্রজা এবং এই প্রজাপালনের ব্যাপারে রাষ্ট্রকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। রাষ্ট্র জনসাধারণের মালিক নয় এবং জনসাধারণও রাষ্ট্রের গোলাম নয়। ইয়াজিদের ক্ষমতা দখলের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন চালুর সাথে সাথে এই বৈশিষ্ট্যের পরিবর্তন হতে থাকলো।

ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য হলো, আল্লাহর পৃথিবীতে তাঁরই পছন্দের কাজগুলোর প্রতিষ্ঠা এবং প্রসার আর অসৎ কাজের পথরোধ এবং বিলুপ্তি সাধন। কিন্তু মানবীয় কর্তৃত্ব ভিত্তিক রাজতন্ত্র চালু করার পর রাজ্য জয়, মানুষের উপর মানুষের প্রভুত্ব, কর উসূল এবং বিলাসী জীবন যাপন করা ছাড়া রাষ্ট্রের অন্য কোনো উদ্দেশ্য থাকলো না।

ইসলামী রাষ্ট্রের প্রাণশক্তি ছিল তাকওয়া বা আল্লাহ্‌ভীতি। রাষ্ট্রপ্রধানদের মধ্যেই হতো এর শ্রেষ্ঠ প্রকাশ। রাষ্ট্রের সকল কর্মচারী, বিচারপতি এবং সেনাপতিগণ এই রুহানী শক্তিতে ভরপুর হতেন। কিন্তু রাজতন্ত্রের পথে পা রাখার সাথে সাথেই মুসলমানদের রাষ্ট্র এবং শাসক সমাজ রোমের কাইসার ও ইরানের কিসরার রীতিনীতি এবং চাল চলন অনুকরণ করলো। ইনসাফের পরিবর্তে জুলুম ও নিপীড়ন, আল্লাহ্‌ ভীতির পরিবর্তে উচ্ছৃংখলতা, চরিত্রহীনতা, গান-বাজনা এবং বিলাসিতার স্রোত প্রবাহিত হলো।

এরপর মাওলানা ইসলামী রাষ্ট্রের ৭ টি ধারা/ মূলনীতি নিয়ে আলোচনা করলেন।
১। জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে
২। রাষ্ট্রপরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে এবং পরামর্শও করতে হবে তাদের সাথে যাদের ইলম, তাকওয়া এবং নির্ভুল সিদ্ধান্তে পৌঁছার মতো বুদ্ধিবৃত্তির উপর জনসাধারণ আস্থা রাখে।
৩। স্বাধীন মতামত প্রকাশের ব্যাপারে জনসাধারণকে পুর্ণ সুযোগ দান।
৪। খলীফা এবং তাঁর রাষ্ট্রকে আল্লাহর এবং জনগণ উভয়ের নিকট জবাবদিহী করতে হবে।
৫। রাষ্ট্রের কোষাগার আল্লাহর সম্পত্তি এবং মুসলমানদের আমানত।
৬। রাষ্ট্রে আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
৭। অধিকার এবং মর্যাদার দিক দিয়ে পূর্ণ সাম্যের প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামী খিলাফতকে রাজতন্ত্রে রূপান্তরিত করার ফলে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও প্রাণশক্তির পরিবর্তন হয়। ইয়াযিদের উত্তারাধিকার সূত্রে সিংহাসন দখলের ফলে ইসলামী রাষ্ট্রের অত্যাবশ্যকীয় মূলনীতিরও পরিবর্তনের সূত্রপাত হয়েছে।

হুসাইন রা. ভেবেছেন, ইসলামী রাষ্ট্রের বিচ্যুতির ফলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় ইসলাম যে পরিবর্তন সাধন করেছিল তা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এজন্যেই হুসাইন রা. পেরেশান হয়ে গেলেন। তিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। বিপদসাগরে ঝাঁপিয়ে পড়ে এ কথা প্রমাণ করে গেছেন, ইসলামী রাষ্ট্রের বুনিয়াদী নীতিগুলোর সংরক্ষণের জন্য মুমিন যদি তাঁর জান কুরবান করে দেয়, তাঁর আত্মীয় পরিজনকে কুরবানী করে, তাহলেও তাঁর উদ্দেশ্যের তুলনায় এবস্তু নেহায়েত কম মূল্যই রাখে।

আর এই নীতিগুলোর পরিপ্রেক্ষিতে উপরোল্লিখিত সাতটি পরিবর্তন ইসলাম ও মুসলমানদের জন্যে কেউ হয়তো তাচ্ছিল্ল ভরে একে নিছক একটা রাজনৈতিক কার্য বলতে পারে, কিন্তু হুসাইন ইবনে আলী রা.-এর দৃষ্টিতে প্রথম থেকে শেষ পর্যন্ত এটি ছিল একটি দ্বীনি কর্তব্য। এজন্যে শাহাদাতের জযবা নিয়েই তিনি এ কার্যে প্রাণ উৎসর্গ করেছেন।

সুতরাং মুহাররম/ কারবালার শিক্ষা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রকে তার মূলনীতির ওপর প্রতিষ্ঠিত রাখা দ্বীনি কর্তব্য। এর জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। এই শিক্ষা ধারণ করা ছাড়া হুসাইনের জন্য শোক প্রকাশ ও ইয়াজিদের জন্য ঘৃণা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আসুন দ্বীনি দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত হই। এই ছিল মাওলানা মওদূদী কর্তৃক লিখিত 'মুহাররমের শিক্ষা' বইয়ের মূল ভাব।

#বুক_রিভিউ
বই : মুহাররমের শিক্ষা
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী
অনুবাদক : আব্দুল মান্নান তালিব
প্রকাশনী : আইসিএস
পৃষ্ঠা : ২৪
মুদ্রিত মূল্য : ১২
জনরা : আত্মউন্নয়ন ও মোটিভেশন

২৬ জুল, ২০২২

ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক

খুররম জাহ মুরাদ। ছিলেন ইসলামী ছাত্রসংঘ, পাকিস্তানের ২য় নাজিম-ই-আলা বা কেন্দ্রীয় সভাপতি। খুররম জাহ মুরাদ এশিয়ার একজন বিখ্যাত প্রকৌশলী। একই সাথে তিনি ছিলেন দা’য়ী, সংগঠক, ছাত্রনেতা, হাদীস বিশারদ, ইসলামিক চিন্তাবিদ। তাঁর জন্ম হয়েছে ভারতের ভূপালে। ৪৭-এর দেশভাগের সময় তার পরিবার ভূপাল থেকে লাহোরে চলে আসে। 

পড়লেখা শেষে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন। আইয়ুব খানের আমলে ১৯৬৫ সালে মাতুয়াইল, মুসলিম নগর, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, ডেমরা, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানাসহ ৫৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বন্যামুক্ত এলাকা গড়তে প্রতিষ্ঠা করা হয় ডিএনডি বাঁধ। এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন খুররম জাহ মুরাদ। তাঁর উল্লেখযোগ্য কাজ ১৯৭৫ সালে করা কা'বা ঘরের এক্সটেনশন। তিনি জামায়াতের ঢাকা মহানগরীর আমীর ছিলেন।  

সব পরিচয়ের পাশাপাশি খুররম জাহ মুরাদ একজন ভালো লেখকও ছিলেন। তাঁর একটি আর্টিকেল ১৯৫৮ সালে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিলো মাওলানা মওদূদী সম্পাদিত বিখ্যাত পত্রিকা 'তরজুমানুল কুরআনে'। নাম ছিল, তেহরিকে ইসলামী মেঁ কারকুনো কি বেহমি তা'লুকাত। প্রবন্ধটি খুবই জনপ্রিয় হয় তাই পরে এটি বই আকারে পাবলিশ হয়। এই দারুণ বইটি পৃথিবীর সব গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ হয়। বাংলায় এর নাম হয়, 'ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক'। অনুবাদ করেন মুহাম্মদ হাবীবুর রহমান। 

বইয়ের নাম শুনে বুঝা যাচ্ছে এই বইয়ের আলোচ্য বিষয় কী। বইটিতে ভ্রাতৃত্বকে জোর দেওয়া হয়েছে। একটি সফল ইসলামী আন্দোলনের জন্য এর বিকল্প নেই। আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ১০৩ নং আয়াতে বলেন, “আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পরের ঘোরতর দুশমন, তখন তিনিই তোমাদের হৃদয়কে জুড়ে দিলেন এবং তোমরা তাঁর অনুগ্রহ ও মেহরবানীর ফলে ভাই-ভাই হয়ে গেলে। (নিঃসন্দেহে) তোমরা ছিলে আগুনের গর্তের তীরে দাঁড়িয়ে। অতঃপর তিনি তোমাদেরকে সেখান থেকে নাজাত দিলেন"। ইসলামের একটি বেসিক শিক্ষাই হলো মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। বংশ, গোত্র, বর্ণ, জাতি, সম্পদ ইত্যাদির ব্যবধান দূর করে পরস্পর ভাই হয়ে যাওয়া। 

খুররম জাহ মুরাদ ৪ টি অধ্যায়ে এই বইটি লিখেছেন। ১ম অধ্যায়ে তিনি পারস্পারিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। ২য় অধ্যায়ে একজন মুসলিমের ভালো চরিত্রের প্রয়োজনীয়তা ও এর মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। ৩য় অধ্যায়ে যেসব বদ্গুণ সম্পর্কের অবনতি ঘটায় সেগুলো নিয়ে আলোচনা করেছেন। শেষ অধ্যায়ে সম্পর্ক ভালো করার পন্থা ও ভালো গুণ নিয়ে আলোচনা করেছেন। 

১. পারস্পারিক সম্পর্কের ভিত্তিঃ তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
লেখক এখানে সম্পর্কের ভিত্তি হিসেবে ঈমানকে উল্লেখ করেছেন, কারণ সূরা হুজরাতে আল্লাহ তায়ালা বলেছেন “মু’মিনেরাতো পরস্পরের ভাই”। এরপর ভ্রাতৃত্বকে তিনি ঈমানের অনিবার্য দাবী হিসেবে উল্লেখ করেছেন। এরপর এই অধ্যায়ে তিনি আলোচনা করেছেন বিশ্বব্যাপী আমরা যে ইসলামী বিপ্লবের কাজ করছি তার জন্য ভ্রাতৃত্বের কোনো বিকল্প নেই, এটি অপরিহার্য। এরপর খুররম জাহ মুরাদ ভ্রাতৃত্বের দাবি নিয়ে আলোচনা করেছেন। এই ভ্রাতৃত্ব আমাদের কাছে কী চায়! ভ্রাতৃত্বের ফলে আমরা আখিরাতে কী সুবিধা পাবো তা নিয়েও তিনি এই অধ্যায়ে আলোচনা করেছেন। 

২. চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য 
লেখক বলেছেন, ইসলাম পারস্পারিক সম্পর্কের যে মান নির্ধারণ করেছে তাকে কায়েম ও বজায় রাখার জন্যে আল্লাহ এবং তাঁর রাসূল (সাঃ) পারস্পারিক অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি বিধি-বিধানও তৈরী করে দিয়েছেন। সেই বিধি-বিধানকে অনুসরণ করে এ সম্পর্ককে অনায়াসে দ্বীন-ইসলামের অভীষ্ট মানে উন্নীত করা যেতে পারে। এ বিধি-বিধানের ভিত্তি কতিপয় মৌলিক বিষয়ের ওপর স্থাপিত। লেখকের মতে এই মৌলিক বিষয়গুলো হলো আটটি, কল্যাণ কামনা, আত্মত্যাগ, ইনসাফ, ইহসান, রহমত, ক্ষমা, নির্ভরতা ও মর্যাদা। লেখক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ২য় অধ্যায়ে। 

৩. সম্পর্ককে বিকৃতি থেকে রক্ষা করার উপায়
ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যেকার সম্পর্ককে বিকৃত করতে ও নষ্ট করার জন্য কিছু বদ্গুণ দায়ি। লেখক এখানে ১৫ টি বদগুণ চিহ্নিত করেছেন, যেগুলো আমাদের সম্পর্ককে নষ্ট করে। ৩য় অধ্যায়ে লেখক এসব বদ্গুণের ব্যাপারে ও কুফল সম্পর্কে আলোচনা করেছেন। প্রত্যেকটি বদগুণের ব্যাপারে ইসলামের বিধান বর্ণনা করেছেন। 

৪. সম্পর্ক দৃঢ়তর করার পন্থা
পূর্বের অধ্যায়ে বর্ণিত সম্পর্কের বিকৃতি ও অনিষ্টসাধনকারী এ জিনিসগুলো থেকে বারণ করার সঙ্গে সঙ্গে যেগুলো গ্রহণ ও অনুসরণ করার ফলে সম্পর্ক দৃঢ়তর ও স্থিতিশীল হয়, বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং যার ফলে দুটো হৃদয়ের মধ্যে এক হাতের দু’টি অংগুলির মতোই ঘনিষ্ঠতার সৃষ্টি হয়, আল্লাহ্ ও রাসূল (সঃ) সেগুলোও আমাদেরকে সুনির্দিষ্টরূপে বলে দিয়েছেন। এর ভেতর কতকগুলো জিনিসকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা করা হয়েছে। অথবা বলা যায়, সেগুলোকে অধিকার (হক) হিসেবে পেশ করা হয়েছে। আবার কতকগুলো জিনিসের জন্যে করা হয়েছে নসিহত। এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মহত্বের পর্যায়ভূক্ত। লেখক এরকম ১৮ টি গুণের কথা কথা উল্লেখ করে সবিস্তারে বর্ণনা করেছেন।  

খুররম জাহ মুরাদের লেখার সাথে যারা পরিচিত তারা বিষয়টা জানেন। তিনি তাঁর লেখায় প্রচুর কুরান-হাদীসের রেফারেন্স ইউজ করেছ। প্রতিটি বিষয়ে তিনি ইসলামের নির্দেশনার আলোকে বর্ণনা করতে পছন্দ করেন। যারা এই বইটি এখনো পড়েননি, পড়ে নিন। সর্বস্তরের মানুষের সাথে আপনার মুয়ামেলাত সুন্দর করার একটি দারুণ গাইডলাইন পাবেন।  

চরিত্র গঠনের মতো গুরুত্বপূর্ণ জিনিস মানুষ রাতারাতি অর্জন করতে পারে না। তাই আমাদের কর্তব্য হচ্ছে: চরিত্র গঠনের গোটা পরিকল্পনাটিকে বুঝে নিয়ে এক একটি জিনিসকে মনের মধ্যে খুব ভালো মতো বদ্ধমূল করে নেয়া, তারপর তাকে গ্রহণ ও অনুসরণ করার চেষ্টা করা এবং এভাবে প্রথমটির পর দ্বিতীয়টির পর তৃতীয়টিকে গ্রহণ করা। ধীরে ধীরে ভালো গুণগুলো প্র্যাকটিস করা ও বদগুণগুলো আমাদের আচরণ থেকে বাদ দেওয়ার চেষ্টা করে যেতে হবে। তবেই এই বই পড়া সার্থক হবে। ইনশাআল্লাহ।  

#বুক_রিভিউ
বই : ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক
লেখক : খুররম জাহ মুরাদ
অনুবাদক : মুহাম্মাদ হাবীবুর রহমান  
প্রকাশনী : আইসিএস
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ৪০
জনরা : আত্মউন্নয়ন ও মোটিভেশন

২৪ জুল, ২০২২

ইসলাম ও জাতীয়তাবাদ


আজকে যে বইটি রিভিউ করবো এর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এই বইয়ের মাধ্যমে মাওলানা মওদূদী আর দেওবন্দীদের পথ দুইদিকে আলাদা হয়ে গিয়েছে। দেওবন্দীদের মিথ্যাচার ও তাকফিরের টার্গেট হয়েছেন মওদূদী ও তাঁর সমর্থকরা।

উপমহাদেশের সেরা ইসলামিক স্কলার যিনি ইসলামের স্বরূপ উপস্থাপন করে রাষ্ট্র ও জীবন পরিচালনার প্রায় সব দিক নিয়ে বই লিখেছেন সেই মাওলানা মওদূদীর উত্থান হয়েছে দেওবন্দীদের হাত ধরে। খুব কম বয়সে মাওলানা ইসলাম নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। তাঁর এই প্রতিভা দেখে জমিয়তে উলামায়ে হিন্দের মুখপত্র 'মুসলিম' পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করার প্রস্তাব দেয় কর্তৃপক্ষ।


১৯২৩ সালে মাওলানার বয়স যখন মাত্র বিশ বছর, তখন তিনি 'মুসলিম' পত্রিকার সম্পাদক। ইংরেজ সরকার পত্রিকাটি নিষিদ্ধ করলে জমিয়তে উলামায়ে হিন্দ 'আল জমিয়ত' নামে আরেকটি পত্রিকা স্টার্ট করে। মাওলানা এই পত্রিকারও সম্পাদক নিযুক্ত হন। এই পত্রিকার মাধ্যমে সারা উপমাহাদেশের মুসলিমরা মাওলানার লেখার সাথে পরিচিত হতে থাকে। ১৯২৭ সালে জমিয়ত পত্রিকায় ধারাবাহিকভাবে মাওলানা 'আল জিহাদ ফিল ইসলাম' নামের বইটি লিখতে থাকেন। এতে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়। ১৯৩০ সালে বইটি লেখা শেষ হয় ও বই আকারে পাবলিশ হয়।

এর মধ্যে পাকিস্তান আন্দোলন শুরু হয়। পাকিস্তান আন্দোলন হুট করে হিন্দুস্থানে নাজিল হয়নি। ধারাবাহিকভাবে এর একটি প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। লর্ড কার্জন কর্তৃক শুধুমাত্র প্রশাসনিক কারণে ১৯০৫ সালে বাংলাকে ভেঙে আরেকটি প্রদেশ তৈরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে মুশরিকদের বঙ্গভঙ্গরদ আন্দোলন এবং ১৯১১ সালে তা রহিতকরণ থেকে শুরু। এরপর উপমহাদেশের যত্রতত্র এবং যখন তখন মুসলমাদের গায়ে পড়ে হিন্দুদের পক্ষ থেকে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি এবং মুসলমানদের জানমালের প্রভূত ক্ষতিসাধন করে মুশরিকরা। মুসলিম লীগের পক্ষ থেকে বার বার সমঝোতা করার চেষ্টা করা হলেও কংগ্রেস তথা হিন্দুত্ববাদীদের হটকারিতায় সেটা সম্ভব হয়নি। সর্বশেষ ১৯৩৭ সালের নির্বাচনের পর সাতটি প্রদেশে আড়াই বছর কংগ্রেসের হিংস্র শাসন মুসলিমদের আলাদা রাষ্ট্রের কথা তীব্রভাবে ভাবতে শিখায়।

হিন্দুস্থানে মুশরিকরা বিপুল সংখ্যাগরিষ্ঠ ও শক্তিশালী হওয়ার কারণে মুসলিম জাতিকে হয় তাদের দাসানুদাস বানিয়ে রাখতে অথবা নির্মূল করতে চায়। এ লক্ষ্য হাসিলে জন্যেই কংগ্রেসের দাবী ছিল এই যে এ উপমহাদেশের অধিবাসীদের একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ সরকারকে তার হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। হিন্দু সভ্যতা সংস্কৃতি ও হিন্দুধর্মের পুনর্জাগরণ এবং হিন্দুরামরাজ্য স্থাপনই ছিল কংগ্রেসের একমাত্র লক্ষ্য। কংগ্রেস ও তার কর্মকর্তাদের বিভিন্ন সময়ের বিভিন্ন আচরণে এ বিশ্বাস মুসলমানদের হৃদয়ে বদ্ধমূল হয় এবং এ কারণেই মুসলমানগণ পাকিস্তান আন্দোলন করতে বাধ্য হন।

যাই হোক পাকিস্তান আন্দোলনের শুরুর দিকে মাওলানার সাথে জমিয়ত পত্রিকার মালিক জমিয়তে উলামায়ে হিন্দের নেতাদের সাথে দ্বিমত হয়। জমিয়ত নেতারা পাকিস্তান আন্দোলন ও দ্বিজাতিতত্ত্বের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। মাওলানা তাদের এই মুশরিকপ্রধান কংগ্রেসপন্থী কার্যক্রম পছন্দ করেননি। মাওলানা ১৯২৮ সালে জমিয়ত পত্রিকা থেকে সরে দাঁড়ান।

১৯৩৮ সালে দেওবন্দের প্রধান নেতা হুসাইন আহমদ মাদানী ‘মুত্তাহিদা কওমিয়াত আওর ইসলাম’ বা ‘যুক্ত জাতীয়তা ও ইসলাম’ শিরোনামে একটি বই লিখেন। ওনার এই বই প্রকাশিত হওয়ার পর মুসলিমদের মধ্যে হতাশা তৈরি হয়। একদিকে তাদের মন সায় দিচ্ছে পাকিস্তানের প্রতি অন্যদিকে সর্বোচ্চ ধর্মীয় আলেম বলছেন হিন্দুদের সাথে থাকার কথা। তার এই বইয়ের বিপরীতে কিছু দেওবন্দী নেতা বক্তব্য দিলেও তার যুক্তি খণ্ডন করে কেউ কিছু করতে পারে নি।

অবশেষে তাত্ত্বিক দিক দিয়ে জাতীয়তাবাদের বিষয়ে আদ্যোপান্ত গবেষণানির্ভর বই 'মাসয়ালায়ে কওমিয়াত' লিখেন মওলানা মওদূদী রহ.। সেই বইটি বাংলায় “ইসলাম ও জাতীয়তাবাদ” নামে প্রকাশিত হয়েছে। তিনি সেই বইতে হিন্দু-মুসলিম এক জাতি এই ধারণার সব যুক্ত খণ্ডন করে দেখিয়েছেন যে, সমগ্র পৃথিবীর গোটা মানব বসতিতে মাত্র দু’টি দলের অস্তিত্ব রয়েছে; একটি আল্লাহর দল অপরটি শয়তানের দল। তাই এই দুই দল মিলে কখন এক জাতি হতে পারে না, যেমন পারে না তেল ও পানি মিশে এক হয়ে যেতে। মওলানার এই বই তখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ প্রভাব বিস্তার করে।

দ্বি-জাতি তত্ত্ব হঠাৎ করে তৈরি হওয়া কোন তত্ত্ব নয়। এ তত্ত্ব মানুষের সৃষ্টি থেকে, বিশেষ করে ইসলামের আবির্ভাব থেকে সমাজে সুস্পষ্ট ছিল। রসুল সা. বলেছেন “আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা”- সমস্ত কুফর জাতি এক জাতি এবং “আল মুসলেমু আখুল মুসলিম” এক মুসলমান অপর মুসলমানের ভাই। এ এক চরম সত্য।

আমাদের আজকের বই 'মাসয়ালায়ে কওমিয়াত' বা 'ইসলাম ও জাতীয়তাবাদ'। বইটি অনুবাদ করেছেন বাংলার বিখ্যাত পণ্ডিত মুমতাজুল মুহাদ্দিসিন মাওলানা আব্দুর রহীম রহ.। এই বইয়ের মাধ্যমে দেওবন্দের সাথে মাওলানার যে বিরোধ শুরু হয়েছে তা আজো চলমান। মাওলানাকে তাকফির করা শুরু হয়েছে এখান থেকেই। তখনো জামায়াত প্রতিষ্ঠিত হয়নি। ১৯৪১ সালে জামায়াত প্রতিষ্ঠিত হলে জামায়াতে ইসলামও তাকফিরের মুখোমুখি হয়।

বইটিতে মোটাদাগে ৬ টি বিষয়ে আলোচনা করা হয়েছে।
১. ইসলাম ও জাতীয়তা
২. জাতীয়তার মৌলিক উপাদান
৩. ইসলামের মিলনবাণী
৪. একজাতিত্ব ও ইসলাম
৫. জাতীয়তাবাদ কি মুক্তি দিতে পারে?
৬. ইসলামী জাতীয়তার তাৎপর্য

প্রথমত মাওলানা জাতির সংজ্ঞা, জাতীয়তা গঠনের উপকরণ ইত্যাদি আলোচনা করেন। এই জাতীয়তা মানবিকতা ধ্বংস করে বিপর্যের উৎস হিসেবে কাজ করে মাওলানা তা আলোচনা করেছেন একসাথে এটাও দেখিয়েছেন এটা জাহেলি বিদ্বেষ তৈরি করে। আর ইসলাম এর কোনোটাই সাপোর্ট করে না। বরং জাতীয়তাবাদের জাহেলিয়াতকে নির্মূল করা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।

দ্বিতীয়ত মাওলানা জাতীয়তাবাদের মোলিক উপকরণ নিয়ে আলোচনা করেন। গোত্রবাদ, স্বদেশিকতা, ভাষাগত জাতীয়তা, বর্ণবৈষম্য, অর্থনৈতিক জাতীয়তা, রাজনৈতিক জাতীয়তা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। একইসাথে মাওলানা বিদায় হজ্বের ভাষণ ও রাসূল সা. অন্যান্য বক্তব্য থেকে জাতীয়তা বিষয়ে ইসলামের অবস্থান তুলে ধরেন। এই গোত্রবাদের সাথে ইসলামের যে দ্বন্দ্ব তা তুলে ধরেন। আভিজাত্যের অহমিকা ও বিদ্বেষের বিরুদ্ধে ইসলামের বক্তব্য উপস্থানপন করেন।

মাওলানা বলেন, জাহেলী যুগের এ বর্বরতাকে নির্মূল করার পর ইসলাম বিজ্ঞানের ভিত্তিতে জাতীয়তার এক নতুন ধারণা উপস্থাপিত করেছে। ইসলামী জাতীয়তার মানুষে মানুষে পার্থক্য করা হয় বটে; কিন্তু তা জড়, বৈষয়িক ও বাহ্যিক কোনো কারণে নয়; তা করা হয় আধ্যাত্মিক, নৈতিক ও মানবিকতার দিক দিয়ে। মানুষের সামনে এক স্বাভাবিক সত্যবিধান পেশ করা হয়েছে-তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দাসত্ব ও আনুগত্য, হৃদয় মনের পবিত্রতা ও বিশুদ্ধতা, কর্মের অনাবিলতা-সততা ও ধর্মানুসরণের দিকে গোটা মানবজাতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপর বলা হয়েছে যে, যারা এ আমন্ত্রণ কবুল করবে তারা একজাতি হিসাবে গণ্য হবে। আর যারা তা অগ্রাহ্য করবে তারা সম্পূর্ণ ভিন্ন জাতির অন্তর্ভূক্ত হবে। অর্থাৎ মানুষের একটি হচ্ছে ঈমান ও ইসলামের জাতি এবং তার সমগ্র ব্যক্তি সমষ্টি মিলে একটি উম্মাত وَكَذَالِكَ جَعَلناكم اُمَّةً وَّسَطًا অন্যটি হচ্ছে কুফর ও ভ্রষ্টতার জাতি। তার অনুসারীরা নিজেদের পারস্পারিক মতদ্বৈততা ও বৈষম্য সত্ত্বেও একই দল একই জাতির মধ্যে গণ্য। وَاللهُ لاَ يَهْدىِ القَومَ الكافِرِيْنَ

তৃতীয়ত মাওলানা ইসলামে ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। সুদূর প্রাচ্য থেকে পাশ্চাত্যের সীমান্ত পর্যন্ত মুসলমানদের যে অখণ্ড সংহতি বিদ্যমান, এটাও আলাহরই অপার অনুগ্রহের সুস্পষ্ট নিদর্শন সন্দেহ নেই। বিশ্বব্যাপী ঐক্য ও সংহতি স্থাপন একমাত্র চূড়ান্ত কথা ও বিশ্বাসের ভিত্তিতেই সম্ভব। এছাড়া আর যত মত ও পথ রয়েছে, তা সবই ভুল-সবই বিচ্ছেদ ও বিভেদ সৃষ্টিকারী, এটা নিঃসন্দেহ। বস্তুত এ পাঁচটি বিষয়ের প্রতি সংশয়ের লেশহীন বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে মিলনবাণী।

চতুর্থত মাওলানা হুসাইন আহমদ মাদানীর বইয়ের প্রসঙ্গ এনে সেই বইয়ের ভুল ও অবাস্তব কথাগুলো ধরিয়ে দেন। মাওলানা ‘মুত্তাহিদা কওমিয়াত আওর ইসলাম’ বই থেকে হুসাইন মাদানীর কথা, যুক্তি ও পয়েন্ট উল্লেখপূর্বক তাঁর লেখাকে খন্ডন করেছেন। তার এই যুক্তি খন্ডন শুধু উপমহাদেশের আলেম সমাজ নয়, দেওবন্দীদের ওপরও প্রভাব বিস্তার করেছে। দেওবন্দী ও জমিয়তে উলামায়ে হিন্দের প্রতি মুসলিমদের আস্থা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই বইয়ের প্রভাবে জমিয়তে উলামায় হিন্দ থেকে বের হয়ে আসেন মাওলানা শিব্বির আহমদ উসমানীর নেতৃত্বে একটি দল। তারা জমিয়তে উলামায়ে ইসলাম নামে নতুন দল করেন। মাওলানা আশরাফ আলী থানবিও এই নতুন দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

পঞ্চমত মাওলানা আলোচনা করেন, 'জাতীয়তাবাদ কী আসলে মুক্তি দিতে পারে?' এই প্রসঙ্গে। এই আলোচনার প্রেক্ষাপট মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি। রেশমি রুমাল আন্দোলনের নেতা উবাইদুল্লাহ সিন্ধি দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপনের পর কলকাতায় একটা সভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি মুসলিমদের জাতীয়তাবাদী হওয়ার জন্য আহ্বান জানান। ইউরোপীয় স্টাইল অনুসরণের জন্য আহ্বান জানান। মাওলান তার এই ধারণার বিরোধীতা করে বক্তব্য রাখেন। সেই আলোচনায় মাওলানা ইসলাম ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য, ইউরোপের প্রকৃত অবস্থা, পশ্চিমা জাতীয়তাবাদের স্বরূপ ও পরিণতি এবং উবাইদুল্লাহ সিন্ধি প্রস্তাবিত বিদেশী পোষাক গ্রহনের বিরোধীতা করেন।

ষষ্ঠত এবং সবশেষে মাওলানা ইসলামী জাতীয়তার তাৎপর্য উল্লেখ করেন। তিনি এখানে ইসলামী জাতীয়তার ভিত্তি 'ঈমান' তা উল্লেখ করেন। ঈমানের কারনে আমাদের চিন্তা ভাবনা ও আচরণের পার্থক্য সূচিত হয় ও আমরা আলাদা জাতিতে পরিণত হই।

মাওলান বলেন, কুরআন মজীদ ভূ-পৃষ্ঠের এ বিপুল জনতার মধ্যে কেবল দুটি পার্টিরই অস্তিত্ব স্বীকার করেছে : একটি হচ্ছে আল্লাহর দল (حـــزب الله) আর অপরটি হচ্ছে শয়তানের দল (حـــزب الشيطان) শয়তানের দলের পরস্পরের মধ্যে নীতি ও আদর্শের দিক দিয়ে যতোই পার্থক্য ও বিরোধ হোক না কেন, কুরআনের দৃষ্টিতে তা সবই এক। কারণ, তাদের চিন্তা, পদ্ধতি ও কর্মনীতি কোনো দিক দিয়েই ইসলামী নয়। আর খুঁটিনাটি ও ক্ষুদ্র ব্যাপারে মতবিরোধ সত্ত্বেও তারা সকলেই এক শয়তানের পদাংক অনুসরণ করতে সম্পূর্ণরূপে একমত।

বইটি দারুণ একটি বই, যা আপনার চিন্তাজগতকে প্রবলভাবে আন্দোলিত করবে। বইটি পড়ুন, মুসলিমদের ঐতিহাসিক পটভূমি জানুন। যে বিষয়কে নিয়ে মওদূদী ও দেওবন্দের মধ্যে পার্থক্য সূচিত হয়েছে সে সম্পর্কেও জানা যাবে এই বই থেকে।

#বুক_রিভিউ
বই : ইসলাম ও জাতীয়তাবাদ
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী
অনুবাদক : মুহাম্মদ আবদুর রহীম
প্রকাশনী : আধুনিক প্রকাশনী
পৃষ্ঠা : ১৩৩
মুদ্রিত মূল্য : ৬৫
জনরা : থিয়োলজি

২১ জুল, ২০২২

ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়?


১৯৪০ সালের কথা। আমাদের উপমহাদেশ তখন স্বাধীনতার জন্য উত্তাল। স্বাধীনতা দাবীদাররা আবার দুইভাগে বিভক্ত। মুসলিমরা আলাদাভাবে স্বাধীনতা চায়। তারা পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র করতে চায়। এই দাবীর পক্ষে রাজনৈতিক শক্তি নাম 'মুসলিম লীগ'।

অন্যদিকে হিন্দুরা এক ভারত চায়। ভারত ভাঙ্গুক এটা তারা চায় না। এই দাবীর পক্ষে রাজনৈতিক শক্তি হলো 'কংগ্রেস'। মুসলিমরা গত ৫০ বছরে কংগ্রেসের ভয়ংকর বর্ণবাদী আচরণে নিশ্চিত হয়েছে ভারত ইংরেজদের থেকে স্বাধীন হয়ে কংগ্রেসের হাতে পড়লে পরস্থিতি আরো ভয়ংকর হবে। মুসলিমরা পাইকারিভাবে নিধন হবে।

শুনতে ভিন্নরকম শোনালেও হিন্দুপ্রধান সংগঠন কংগ্রেসের মতামতের সাথে একাত্মতা পোষণ করলো দেওবন্দী আলেমদের মূল সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। আর তাদের নেতা হুসাইন আহমদ মাদানী ১৯৩৮ সালে ‘মুত্তাহিদা কওমিয়াত আওর ইসলাম’ বা ‘যুক্ত জাতীয়তা ও ইসলাম’ শিরোনামে একটি বই লিখেন। ওনার এই বই প্রকাশিত হওয়ার পর মুসলিমদের মধ্যে হতাশা তৈরি হয়। একদিকে তাদের মন সায় দিচ্ছে পাকিস্তানের প্রতি অন্যদিকে সর্বোচ্চ ধর্মীয় আলেম বলছেন হিন্দুদের সাথে থাকার কথা। তার এই বইয়ের বিপরীতে কিছু দেওবন্দী নেতা বক্তব্য দিলেও তার যুক্তি খণ্ডন করে কেউ কিছু করতে পারে নি। অন্যদিকে আলিয়া মাদ্রাসার আলেমদেরকে তো দেওবন্দীরা পাত্তাই দিত না।

অবশেষে তাত্ত্বিক দিক দিয়ে জাতীয়তাবাদের বিষয়ে 'মাসয়ালায়ে কওমিয়াত' নামে গবেষণানির্ভর বই লিখেন মওলানা মওদূদী রহ.। সেই বইটি বাংলায় “ইসলাম ও জাতীয়তাবাদ” নামে প্রকাশিত হয়েছে। তিনি সেই বইতে হিন্দু-মুসলিম এক জাতি এই ধারণার সব যুক্ত খণ্ডন করে দেখিয়েছেন যে, সমগ্র পৃথিবীর গোটা মানব বসতিতে মাত্র দু’টি দলের অস্তিত্ব রয়েছে; একটি আল্লাহর দল অপরটি শয়তানের দল। তাই এই দুই দল মিলে কখন এক জাতি হতে পারে না, যেমন পারে না তেল ও পানি মিশে এক হয়ে যেতে। মওলানার এই বই তখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ প্রভাব বিস্তার করে। বিশেষত মুসলিম লীগ একটি তাত্ত্বিক ভিত্তি পায়।

কিন্তু মাওলানা মুসলিম লীগে যোগদান করেননি। তিনি মুসলিম লীগের সাথে এই বিষয়ে একমত যে, মুসলিমদের আলাদা রাষ্ট্রের দরকার আছে। এটা খুবই জরুরি। কিন্তু মুসলিম লীগের নেতারা সেই রাষ্ট্র গঠনের জন্য যে পদক্ষেপ নিচ্ছে, যে কর্মসূচি ঘোষণা করছে তা একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সঠিক পদক্ষেপ নয়। সবচেয়ে বড় কথা একটি ইসলামী রাষ্ট্রের জন্য যে যোগ্যতাসম্পন্ন লোকের দরকার, মুসলিম লীগ সেই লোক তৈরি করছে না এবং লোক তৈরির কর্মসূচিও তাদের নেই। এই নিয়ে মুসলিম লীগের সমালোচনা করেছেন তিনি। মাওলানার এই অবস্থানকে কেউ কেউ পাকিস্তানবিরোধী অবস্থান বলে মিথ্যাচার করেন।

যাই হোক আমরা মূল প্রসঙ্গে আসি। ১৯৪০ সালে মাওলানা রাষ্ট্রের বিষয়ে তাঁর অবস্থান ক্লিয়ার করেন। এটা সেসময়ের কথা, জামায়াতে ইসলাম তখনো প্রতিষ্ঠিত হয়নি। তবে মাওলানা একজন ইসলামিক স্কলার হিসেবে সারা হিন্দুস্থানজুড়ে খ্যাতি পেয়েছেন। ১২ই সেপ্টেম্বর আলীগড় বিশ্ববিদ্যালয়ের স্ট্রেচি হলে ইতিহাস ও সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মাওলানা মওদূদীকে অতিথি করা হয়। সে প্রোগ্রামে অতিথির বক্তব্যে মাওলানা মওদূদী ইসলামী রাষ্ট্র গঠন কীভাবে হবে তা নিয়ে আলোচনা করেন।

তাঁর এই বক্তব্য আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বই আকারে বের করে। বইটির নাম হলো 'ইসলামী হুকুমাত কিসতারাহ কায়েম হোতি হ্যায়'। এই বইটি উপমহাদেশে ব্যাপক তোলপাড় করে। বিচক্ষণ মুসলিমরা এই বইটিকে সাদরে গ্রহণ করে। এই বইটি বাংলায় অনুবাদ হয় প্রথমে 'ইসলামী বিপ্লবের পথ' এই নামে। পরে সংশোধন করে 'ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়?' এই নামে প্রকাশিত হয়। বইটি বাংলায় অনুবাদ করেন আব্দুস শহীদ নাসিম।

মাওলানা মওদূদীর এই বক্তব্যকে ৬টি ভাগে ভাগ করা যায়। বলা যায় তিনি ৬ টি বিষয়ে কথা বলেছেন।
১. রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন।
২. আদর্শিক রাষ্ট্র।
৩. আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের প্রতিনিধিত্ব ভিত্তিক রাষ্ট্র ।
৪. ইসলামী বিপ্লবের পদ্ধতি।
৫. অবাস্তব ধারণা-কল্পনা।
৬. ইসলামী আন্দোলনের সঠিক কর্মনীতি।

১. রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন:
রাষ্ট্রব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। একটা সমাজের মানুষের চিন্তা চেতনা, সংস্কৃতি, আচরণ এর মধ্য দিয়েই রাষ্ট্রের স্বাভাবিক বিবর্তন হয়। অতএব হুট করে একটি জাহেলি সমাজকে ইসলামী সমাজে পরিণত করা যায় না। এর জন্য প্রথমে প্রয়োজন ঐ রাষ্ট্রের মানুষের পরিবর্তন। মাওলানা এখানে বুঝাতে চেয়েছেন শুধু একটি ভৌগলিক সীমারেখা নির্ধারণ করলেই ইসলামী রাষ্ট্র হয়ে যায় না। বরং এর জন্য জনগণকে প্রস্তুত করতে হবে।

২. আদর্শিক রাষ্ট্র:
ইসলামী রাষ্ট্র মানে মুসলিমদের রাষ্ট্র নয়। মুসলিমরা রাষ্ট্র কায়েম করলে সেটি ইসলামী রাষ্ট্র হয়ে যায় না। ইসলামী রাষ্ট্র হচ্ছে সেটি যে রাষ্ট্রে ইসলামের বিধিবিধান অনুসরণ করা হয়। এখানে জাতীয়তাবাদের লেশমাত্র থাকবে না। আদর্শিক রাষ্ট্রব্যবস্থা গোটা মানবজাতিকে তার আদর্শ গ্রহন করে অজাতীয়তাবাদী বিশ্বজনীন রাষ্ট্র গঠনের আহ্বান জানায়।

মাওলানা তাঁর কাঙ্খিত রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন,
১. রাষ্ট্রের আদর্শ হবে ইসলাম
২. সংকীর্ন জাতীয়তাবাদ হতে সম্পূর্ন মুক্ত
৩. অন্যান্য রাষ্ট্রনীতি হতে সম্পূর্ণ পৃথক।
৪. জনগনের অধিকার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা।
৫. যোগ্যতার বলে যে কেউ শাসক হতে পারে।
৬. উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
৭. সার্বভৌমত্ব হবে আল্লাহর, প্রতিনিধিত্ব হবে জনগনের।

৩. আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের প্রতিনিধিত্ব ভিত্তিক রাষ্ট্র:
মাওলানা বলেন, আমরা যে রাষ্ট্র কায়েম করতে চাই সেখানে সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহর। তাঁর বিধান, আইনই শেষ কথা। এই রাষ্ট্রের প্রকৃত স্বরূপ হচ্ছে, এখানে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করবে। এই খিলাফাত প্রতিষ্ঠার কাজে এমন সব লোকই অংশীদার হবে, যারা এই আইন ও বিধানের প্রতি ঈমান আনবে এবং তা অনুসরণ ও কার্যকর করার জন্য প্রস্তুত থাকবে। এই রাষ্ট্রের সকল কাজের জন্য সামষ্টিকভাবে আমাদের সকলকে এবং ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ রাষ্ট্রের পরিচালকদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। তারা রাষ্ট্রীয় কোষাগারের মালিক নয়, আমানতদার হবে। শাসকগণ জনগনের কল্যান চিন্তায় বিনিদ্র রজনী কাটাবে। শাসক নির্বাচিত হবে জনগণের মতামত নিয়ে। বংশানুক্রমিক বা জবরদস্তি করে ক্ষমতা দখল করা যাবে না।

৪. ইসলামী বিপ্লবের পদ্ধতি:
মাওলানা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার জন্য প্রথমে এমন একটি আন্দোলন প্রয়োজন যে আন্দোলনের মধ্যে ইসলামের প্রাণশক্তির সাথে পূর্ণ সামঞ্জস্যশীল। এখানে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় এমনসব বিশেষজ্ঞ তৈরি করবে যারা নিজেদের মন মানসিকতা, ধ্যানধারনা ও চিন্তা দর্শনের দিক থেকে হবে পূর্ণ মুসলিম। যাদের ইসলামের মূলনীতির ভিত্তিতে বাস্তবধর্মী এক পরিপূর্ণ জীবন ব্যবস্থার নকশা তৈরি করার থাকবে পূর্ণাঙ্গ যোগ্যতা।

৫. অবাস্তব ধারণা কল্পনা:
কিছু লোকের ধারণা মুসলমানরা সংগঠিত হলেই তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত জাতীয়তাবাদী চিন্তা থেকে এই ধারণার উদ্ভব। সত্যিকারভাবে জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। তারা ভাবে “মুসলমান” একটি বংশগত বা ঐতিহাসিক জাতির ধারণা। মুসলিমদের ঐক্যের মাধ্যমে সেই জাতিটিরই কেবল উন্নতি সাধন করা এবং একটি জাতীয় রাষ্ট্র অর্জিত হতে পারে। কিংবা কমপক্ষে দেশ শাসনে ভাল একটা অংশীদারিত্ব লাভ হতে পারে। কিন্তু ইসলামী বিপ্লব বা রাষ্ট্র প্রতিষ্ঠার দিক দিয়ে এটাকে প্রথম পদক্ষেপও বলা যেতে পারে না। ইসলামী রাষ্ট্রের জন্য প্রথমেই প্রয়োজন ইসলামকে আদর্শ হিসেবে ধারণ করা। ইসলামী বিধান মোতাবেক জীবন পরিচালনা করা। মাওলানা এখানে মূলত মুসলিম লীগের সমালোচনা করেছেন। মুসলিম লীগ ভেবেছে মুসলিমদের রাষ্ট্র হলেই সেটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু মাওলানা বলেন, এর দ্বারা মুসলিমদের উপকার হতে পারে, একটি ভালো শাসন পাওয়া যেতে পারে তবে কোনোভাবেই এটি ইসলামী রাষ্ট্র হবে না। এই রাষ্ট্র দিয়ে খিলাফতের দায়িত্ব পালন হবে না।

৬. ইসলামী আন্দোলনের সঠিক কর্মনীতি:
সবশেষে মাওলানা আমাদের কর্মনীতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, এক আল্লাহর একচ্ছত্র ও সার্বভৌমত্বের ভিত্তিতে মানবজীবনের পরিপূর্ণ ইমারত রচনা করার প্রচেষ্টা ও আন্দোলনকে বৈপ্লবিক দৃষ্টিতে বলা হয় ইসলাম। আর এর জন্য মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা:) এর অনুসৃত পথেই ইসলামী আন্দোলনের কর্মনীতি পরিচালনা করা আমাদের দায়িত্ব। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আল্লাহর বিধান কায়েম হবে তথা তাঁর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে। আর মুহাম্মদ সা.-এর সীরাত থেকেই এই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ও পদ্ধতি আমরা গ্রহণ করবো।

এটি একটি দারুণ বই! ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য এটা টেক্সট বুক। ইসলামী আন্দোলনের কর্মীদের এটা পড়া দরকার। যারা এখনো পড়েননি তারা অবশ্যই পড়বেন। আপনার চিন্তা পরিশুদ্ধ হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করছেন তাদের অন্তরে যদি চরমপন্থী ধারণা থাকে তবে তা দূর হবে ইনশাআল্লাহ।

#বুক_রিভিউ
বই : ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়?
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী
অনুবাদক : আব্দুস শহীদ নাসিম
প্রকাশনী : শতাব্দী প্রকাশনী
পৃষ্ঠা : ৪৮
মুদ্রিত মূল্য : ২৪
জনরা : থিয়োলজি


১৯ জুল, ২০২২

একটি আদর্শবাদী দলের পতনের কারণ

১৯৭১ সালের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত অনেক খুব পড়ে যায়। রাজনীতি করার অধিকার হারিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আওয়ামীলীগের পতনের পরে আস্তে আস্তে জামায়াত রাজনীতিতে ফিরে আসতে শুরু করে।

১৯৮৪ সালে জামায়াত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলোর সামনে। কারন সে সময়ের ধূর্ত শাসক লে জে হু মু এরশাদের অধীনে নির্বাচন কারো পক্ষে মানা সম্ভব ছিল না। জামায়াতের এই ফর্মুলা সেসময় সরকারি দলতো গ্রহন করেইনি। বিরোধী দলের মধ্যেও কেউ গ্রহন করেনি। একই ফর্মূলা সকল বিরোধী দল গ্রহন করেছে ১৯৮৯ সালে। সকল বিরোধী দল তখন এই ফর্মূলা বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলন শুরু করে। তারই প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয় এরশাদের পতন হয়। 


১৯৯১ সালে তত্ত্বাবধায়ক ফর্মুলাতে নির্বাচন হয়। বিএনপি সবচেয়ে বেশি আসন পায় তবে অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা মিস করে। জামায়াত ১৮টি সিট পায়। এটা ছিল খুবই চমকপ্রদ ঘটনা। জামায়াত বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি সরকার গঠন করে। এর কিছুদিন পরই সংসদে দাবী উঠে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার। আওয়ামীলীগ এই দাবী উত্থাপন করে। বিএনপি এই দাবী প্রত্যাখ্যান করে। এই নিয়ে জামায়াত বিএনপিকে রাজী করানোর চেষ্টা করে। সেই সময় সংসদে মাওলানা নিজামী খালেদাকে বলেন আমরা মোটেই আপনার বিরুদ্ধে আন্দোলন করতে ইচ্ছুক নয়। আমরা দেশগঠনে আপনাকে সহায়তা করতে রাজি। কিন্তু আপনি জোর করে আমাদের আপনার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য করবেন না। কিন্তু সেই সময়ের খালেদা জিয়া সেটা মেনে নিতে অসম্মত হয়। জামায়াত তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলন করে। আওয়ামীলীগও একই দাবিতে যুগপৎ আন্দোলন করে। তত্ত্বাবধায়ক ইস্যু যতটা না আওয়ামীলীগের তার চাইতে বেশী জামায়াতের। 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানতে বাধ্য হয় বিএনপি। ১৯৯৬ তে দু'বার নির্বাচন হয়। ১ম বার সকল বিরোধী দল বয়কট করে। পরবর্তিতে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়। জামায়াত এই নির্বাচনে মাত্র ৩ টি আসন পায়। আগের ১৫ টি আসন হাতছাড়া হয়। এতে জামায়াতের মধ্যে ব্যাপক কথাবার্তা হয়। অনেকে মনে করতে থাকে জামায়াত পতনের মুখে চলে এসেছে। 

এই পরিস্থিতিতে আব্বাস আলী খান একটি বই লিখেন। তিনি সেখানে একটি আদর্শবাদী দলের পতনের কারণ কী হতে পারে এবং তা থেকে বাঁচার কী উপায় হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। বইটির নাম 'একটি আদর্শবাদী দলের পতনের কারণ : তার থেকে বাঁচার উপায়। আব্বাস আলী খান তখন ছিলেন জামায়াতের সিনিয়র নায়েবে আমীর। 

বইটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়। দলের সাফল্যের জন্য যেমন কারণ থাকে, পতনের জন্যও তেমনি কারণ থাকে। কর্মীকে জানতে হয় কি কি কারণে পতন হয় এবং কীভাবে তা থেকে বাঁচা যায়। জামায়াত একটি আদর্শিক দল বিধায় এই বইটি তাদের জন্য গাইড বুক হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।

লেখক আব্বাস আলী খান প্রথমে একটি আদর্শবাদী দলের স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করেন। তিনি এখানে যেটা বুঝাতে চেয়েছেন তা হলো একটি আদর্শবাদী দলের পতন তখনই হয় যখন সেই দল তার আদর্শ থেকে বিচ্যুত হয়। রাজনৈতিক জয় পরাজয় মূখ্য বিষয় নয় বরং আদর্শের সাথে সংগতি রাখাই বেসিক ব্যাপার। এরপর লেখক জামায়াত প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করেন। দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্যে দল গঠনের ইতিহাস নিয়ে কিছু কথা বলেন। 

একটি দলের উন্নতি, অগ্রগতি ও সাফল্যের পেছনে যেমন কিছু কারণ থাকে, তেমনি বিকৃতি ও পতনের পিছনেও কিছু কারণ থাকে। যেহেতু কোন দলই চায় না যে, দলের বিকৃতি ও পতন ঘটুক, সেহেতু কারণগুলো ভাল করে জেনে নিয়ে তা সৃষ্টির আগেই প্রতিরোধ করতে পারলে বিকৃতি ও পতন থেকে রক্ষা পাওয়া যায়।

আব্বাস আলী খানের মতে জামায়াতের বিকৃতি ও পতন হবে ১৩টি কারণে

১. জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহন না করা।
২. কুরআন হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন না করা ।
৩. সময় ও আর্থিক কুরবানীর প্রতি অবহেলা ।
৪. দলীয় মূলনীতি মেনে না চলা ।
৫. দলের ভেতরে ও বাইরে ইনসাফ প্রতিষ্ঠা না করা।
৬. ভ্রাতৃত্ববোধের অভাব।
৭. পারষ্পরিক সম্পর্ক বিনষ্ট হওয়া
৮. জামায়াত ইসলামী দল হিসেবে তার প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে এবং নিষ্ক্রিয় ও প্রাণহীন হয়ে পড়া।
৯. জনশক্তির মধ্যে নৈরাশ্য ও হতাশা সৃষ্টি হওয়া।
১০. নেতৃত্বের অভিলাষ বা আকাঙ্ক্ষা তৈরি হওয়া। 
১১. অর্থ-সম্পদের প্রতি লালসা তৈরি।
১২. জীবন মান উন্নত করার প্রবণতা।
১৩. সহজ সরল জীবন যাপন না করা।

লেখকের মতে জামায়াত তার পতন থেকে বাঁচতে পারে ১২ টি উপায়ে  

১. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন।
২. অতিরিক্ত জিকির আজকার।
৩. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা।
৪. আত্মসমালোচনা।
৫. ক্রোধ দমন করা।
৬. মৌলিক বিষয়ে একমত পোষণ করা।
৭. বিরোধী পরিবেশ পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া।
৮. নেতৃত্বে দুর্বলতা পরিহার।
৯. নেতৃত্বের প্রতি অনাস্থা আন্দোলনের পতন ডেকে আনে।
১০. সমস্যার ত্বরিত ও সঠিক সমাধান।
১১. ত্যাগ ও কুরবানীর জন্য প্রস্তুত থাকা।
১২. বাইতুলমালে আমানতদারীতা ও সততা।

লেখক শেষে এসে বলেছেন নিয়মিত হকের দাওয়াত দেওয়া অপরিহার্য। এটা পতন থেকে বাঁচার কার্যকর পন্থা। আর দাওয়াত দাতার মধ্যে যেসব গুণ থাকা দরকার তা অর্জন করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার। তিনি আরো বলেন, পতনের অন্যতম কারণ হলো, নিয়মিত দ্বীনি সাহিত্য পড়াশুনা বন্ধ হওয়া। তাফহীম, সীরাতে সরওয়ারে আলম, রাসায়েল মাসায়েল, মাওলানার অন্যান্য বই না পড়ার পরিণাম। এর ফলে চিন্তার ক্ষেত্রে বন্ধ্যাত্ব দেখা দেয় এবং ঐক্যের অভাব ঘটে। নৈরাশ্য, অবসাদ, ক্লান্তি, আন্দোলন বিমুখতা ও নিষ্ক্রিয়তা আসে।

#বুক_রিভিউ 
বই : একটি আদর্শবাদী দলের পতনের কারণ : তার থেকে বাঁচার উপায়
লেখক : আব্বাস আলী খান 
প্রকাশনী : প্রকাশনা বিভাগ, জামায়াতে ইসলামী। 
পৃষ্ঠা : ৪০
মুদ্রিত মূল্য : ১৮
জনরা : থিয়োলজি


১৭ জুল, ২০২২

সত্যের সাক্ষ্য


১৯৪৬ সালের কথা। জামায়াতের বয়স তখন মাত্র ৫ বছর। এসময় জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদী রহ. ভারতজুড়ে চষে বেড়াচ্ছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন ও ইসলামী আন্দোলন তথা ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। তেমনি একটি সাধারণ সভার আয়োজন হয়েছিল পাঞ্জাবের শিয়ালকোট জেলার মুরাদপুরে। শিয়ালকোট এখন পাকিস্তানের একটি মোটামুটি প্রসিদ্ধ শহর। ১৯৪৬ সালে তখনো পাকিস্তান গঠিত হয়নি। পাকিস্তানের জন্য জোর আন্দোলন চলছিল।

মুরাদপুরের সেই সভায় সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের সামনে একটি বক্তব্য রাখেন মাওলানা মওদূদী। সেখানে মাওলানা মওদূদীর রহ.-এর বক্তব্যের বিষয় ছিল একজন মুসলিমের ব্যক্তি ও জাতি হিসেবে দায়িত্ব ও কর্তব্য কী? বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক সাইয়েদ আবুল আলা মওদূদী রহ.-এর সেই ভাষণ 'শাহদাতে হক' নামে উর্দুতে বই আকারে প্রকাশিত হয়।

বাংলায় এই বইটি 'সত্যের সাক্ষ্য' নামে প্রকাশিত হয়েছে। উর্দু থেকে এটি অনুবাদ করেছেন মুহাম্মদ নূরুল ইসলাম। যেহেতু বইটি একটি বক্তব্যের লিখিত রূপ তাই এখানে অধ্যায়ভিত্তিক আলোচনা হয়নি। তবে যে কয়টি প্রধান বিষয় এখানে আলোকপাত করা হয়েছে তা হলো, আমাদের দাওয়াত, মুসলিমদের দায়িত্ব, সত্যের সাক্ষ্য, সাক্ষ্যদানের পদ্ধতি, সত্য গোপনের শাস্তি, মুসলিমদের সমস্যা, আমাদের উদ্দেশ্য ও জামায়াত সম্পর্কে কিছু অভিযোগের জবাব।

আমাদের দাওয়াত
মাওলানা মওদূদী এখানে আমাদের দাওয়াত বলতে জামায়াতের দাওয়াত বুঝিয়েছেন। জামায়াতের দাওয়াত দুই শ্রেণির প্রতি। যারা মুসলিম নয় এবং যারা মুসলিম। যারা মুসলিম নয় তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয়। আল্লাহকে একক রব হিসেবে মেনে নেওয়া ও মুহাম্মদ সা.-কে তাঁর প্রেরিত রাসূল হিসেবে মানার দাওয়াত দেওয়া হয়। আর যারা মুসলিম তাদেরকে আল্লাহর দাসত্ব গ্রহণ করার আহবান জানানো। আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়।

মুসলিমদের দায়িত্ব
এই প্রসঙ্গে মাওলানা বলেন, শুধু সত্যের ওপর ঈমান আনলেই হবে না। বরং সে সত্যের ওপর আপনারা ঈমান এনেছেন তার সাক্ষীরূপে সারা দুনিয়ার সামনে দাঁড়াতে হবে। কুরআনে আপনাদেরকে 'মুসলমান' নামে একটি স্বতন্ত্র জাতি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে সাথে এই দায়িত্বও দেওয়া হয়েছে, আপনারা দুনিয়ার মানুষের সামনে হকের সাক্ষী হিসেবে দাঁড়াবেন। এরপর মাওলানা সূরা আল বাকারার ১৪৩ নং আয়াত পাঠ করেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি বানিয়েছি। যাতে তোমরা লোকদের জন্য সাক্ষী হও আর রাসূল যেন তোমাদের জন্য সাক্ষী হন।

মাওলানা এই বক্তব্য যখন দিচ্ছিলেন তখন ভারতীয় উপমহাদেশের আরেকজন মাওলানা বলেছেন। হিন্দু-মুসলিম আমরা এক জাতি। এক মাটির সন্তান। তাই আমরা একসাথে থাকবো। হোসাইন আহমেদ মাদানীর সেই বক্তব্যকেও এখানে খন্ডন করা হয়েছে। কারণ মুসলিমরা স্বতন্ত্র জাতি। তাদের দায়িত্ব ও কর্তব্য আলাদা। এরপর মাওলানা কুরআনের আরো কিছু কুরআনের আয়াত তিলওয়াত করেন যেখানে মুসলিমদের সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সত্যের সাক্ষ্য না দেওয়ার পরিণতি সম্পর্কে বলেছেন। সেগুলো হলো, সূরা নিসা ১৩৫, বাকারা ৬১ ও ১৪০।

সত্যের সাক্ষ্য
মাওলানা বলেন, সত্যের সাক্ষ্য হলো, আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, উদ্ভাসিত হয়েছে, তার সত্যতা দুনিয়ার সামনে এমনভাবে প্রকাশ করা যাতে দ্বীনের যথার্থতা প্রমানিত হয়, এটাই সত্যের সাক্ষ্য।

এই সাক্ষ্যের গুরুত্ব প্রসঙ্গে মাওলানা ৫ টি কথা বলেছেন, সাক্ষ্যদানের ভিতিত্তেই হাশরের ময়দানে ফয়সালা হবে। সাক্ষ্যদান সকল নবীর সুন্নাত। সত্যের সাক্ষী না হলে জালেমদের অন্তভূক্ত হবে। সাক্ষ্য না দিলে দুনিয়ার লাঞ্জনা, অপমান, অধ:পতন চেপে বসবে। সাক্ষ্য দান আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব।

সাক্ষ্য দানের পদ্ধতি
মাওলানা বলেন, দুইভাবে সাক্ষ্য দিতে হবে। মৌখিকভাবে ও বাস্তবে। দুইটাই জরুরি।

নবী সা.-এর মাধ্যমে আমাদের কাছে যে সত্য এসে পৌছেছে তা বক্তৃতা ও লেখনীর মাধ্যমে মানুষের কাছে সহজবোধ্য করাকে মৌখিক সাক্ষ্য বলে। দাওয়াতের সকল পদ্ধতি প্রয়োগ ও জ্ঞান বিজ্ঞানের সকল উপাদান ব্যবহার করে ইসলামকে একমাত্র সঠিক পরিপূর্ণ বিধান হিসাবে প্রমান এবং প্রতিষ্ঠিত বাতিল মতাদর্শের দোষ ক্রটি তুলে ধরা হচ্ছে মৌখিক সাক্ষ্য। এই যে আমরা ফেসবুকিং বা ব্লগিং করছি এটাও মৌখিক সাক্ষ্য। আর আমরা যা মুখে বলছি, যা লিখছি তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের সামনে তার সত্যতা প্রমাণের নাম বাস্তব সাক্ষ্য।

মাওলানা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে পারলেই দ্বীনের পূর্ণ সাক্ষ্য প্রদান করা হবে। ইসলাম প্রতিষ্ঠিত না থাকলে দ্বীনকে পরিপূর্ণভাবে মানা সম্ভব হয় না। সুতরাং শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই সাক্ষ্যদানের পূর্ণতা সম্ভব। নইলে তা পূর্ণতা পাবে না।

১৯৪৬ সালের পরিস্থিতি উল্লেখ করে মাওলানা বইলেন, আজ আমাদের সমাজে খুব কম সংখ্যক লোকই মৌখিক সাক্ষ্য দিচ্ছেন। দেশের অধিকাংশ শিক্ষিত লোকই ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে সত্য বলে গ্রহণ করছেন। আজ পত্র পত্রিকা, ব্যবসা-বানিজ্য, আইন-আদালত সর্বোত্রই বাতিল মতবাদকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে খুব সামান্য সংখ্যক লোক ছাড়া কেউই নিজ জীবনে বাস্তব সাক্ষ্যের প্রতিফলন ঘটাতে পারছে না। অনেক ক্ষেত্রে জাহেলিয়াতের চেয়েও আমাদের সামাজিক রীতিনীতির অবস্থা আরো খারাপ। এমনকি আজ আমরা রাষ্ট্রীয় পর্যায়েও ইসলাম বিরোধী মতবাদকে প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছি। এই অভিযোগটা মূলত মাওলানা মুসলিম লীগকে উদ্দেশ্য করে বলেছেন। মুসলিম লীগের অনেক নেতাই প্রস্তাবিত পাকিস্তান রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ করার কথা বলেছিলেন।

সাক্ষ্য গোপন বা সত্য গোপনের শাস্তি
মাওলানা বলেন, আজ আমরা সত্য গোপন করে যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি এজন্য অবশ্যই ইহকাল ও পরকালে শাস্তি পেতে হবে। ইহকালে আমাদের সত্য গোপনের জন্য অপর জাতির হাতে লাঞ্চিত হতে হবে। যেমনটি ঘটেছে পূর্ববর্তী জাতিদের ক্ষেত্রে। দুনিয়ার চেয়েও কঠিন শাস্তি আমাদের পেতে হবে পরকালে। যদিও দুনিয়ার অশান্তি ও অনৈসলামিক কাজের জন্য আমরা দায়ী নই তবুও এগুলো দূর করার কাজ না করার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে।

মুসলিমদের সমস্যা
১৯৪৬ সালে মুসলিমদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা ভারতীয় উপমহাদেশে মুসলিমরা সংখ্যালঘু। মাওলানা বলেন, এটা আমাদের মূল সমস্যা নয়, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা বাস্তব জীবনে ইসলামকে মানতে পারিনা। আর এজন্য প্রকৃত কল্যাণ লাভ করতে আমরা সক্ষম হচ্ছি না। তাই জীবনের সকল ক্ষেত্রে দ্বীনের হককে প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামের বিধান মোতাবেক যাবতীয় কাজ সমাধানের চেষ্টা করতে হবে। মাওলানা আরো সুন্দর কথা বলেছেন, শাহদাতে হক বা সত্যের সাক্ষ্যের মাধ্যমে সংখ্যালঘু পরিণত হবে সংখ্যাগুরুতে।

আমাদের উদ্দেশ্য
এখানে মাওলানা আমাদের উদ্দেশ্য বলতে জামায়াতে ইসলামীর উদ্দেশ্যকে নির্দেশ করেছেন। উদ্দেশ্য সম্পর্কে মাওলানা বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা। কথা ও কাজের মাধ্যমে তার যথার্থ সাক্ষ্য দুনিয়ার সামনে পেশ করা। মুসলমান হিসেবে দ্বীন ইসলামের প্রতিষ্ঠা ও সত্যের সাক্ষ্য দানই আমাদের জীবনের মূখ্য উদ্দেশ্য। এরপর মাওলানা সংগঠনের কর্মপদ্ধতি, সংগঠন প্রতিষ্ঠা, কাজের ধারা নিয়ে আলোচনা করেন। এই আলোচনা শেষে তিনি উপস্থিত জনগণকে জামায়াতে শামিল হওয়ার জন্য আহ্বান জানান।

অভিযোগের জবাব
আলোচনার শেষ দিকে মাওলানা জামায়াতের ব্যাপারে উত্থাপিত কিছু অভিযোগের জবাব দেন। এর মধ্যে ছিল জামায়াত নতুন ফিরকা তৈরি করে মুসলিমদের মধ্যে দলাদলি করছে। আমীর শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে? এর দাবীদার একমাত্র রাষ্ট্রনায়ক। পৃথক দল গঠনের প্রয়োজনীয়তা কী? জামায়াত কী অধিকারে যাকাত গ্রহণ করে? বাইতুল মাল কেন বানিয়েছে? ইত্যাদি। এসব কিছু প্রশ্নের দারুণ জবাব দিয়েছেন মাওলানা মওদূদী রহ.।

জবাব দান শেষে মাওলানা বলেন, প্রকৃতপক্ষে অধিকাংশ প্রশ্নই এমনি নিরর্থক যে, এগুলোর জবাব দান করে শ্রোতাবৃন্দের সময় নষ্ট করার ইচ্ছা ছিল না। কিন্তু তবু আমি নমুনা স্বরূপ কয়েকটি প্রশ্নের জবাব দান করলাম এ জন্যে যে, যারা নিজেরাও দায়িত্ব পালন করতে চান না, বরং অন্যকেও তা করতে দিতে প্রস্তুত নন, তারা কি ধরণের বাহানা, কুটিল প্রশ্ন এবং সন্দেহজনক বিষয় খুঁজে খুঁজে বের করেন এবং নিজেরা যেমন আল্লাহর পথ থেকে বিরত থাকেন, তেমনি করে অন্যকেও কীভাবে বিরত রাখার চেষ্টা করেন।

বস্তুত অহেতুক ঝগড়া-বিবাদ এবং বিতর্ক-মুনাযারায় লিপ্ত হওয়া আমাদের কাজের পন্থা নয়। যদি কেউ সহজ-সরলভাবে আমাদের কথা বুঝতে চান, তো তাকে বুঝানোর জন্যে আমরা সদা প্রস্তুত। আর যদি কেউ যুক্তি-প্রমাণ দ্বারা আমাদের ভূল-ভ্রান্তি ধরিয়েদিতে চান তা-ও আমরা মেনে নিতে প্রস্তুত। কিন্তু কেউ বিতর্ক সৃষ্টি করলে এবং আমাদের তাতে জড়িত করতে চাইলে আমরা তার সম্মুখীন হতে মোটেই সম্মত নই। বিরুদ্ধবাদীগণ যতক্ষণ ইচ্ছা এ খেলা চালু রাখতে পারেন।

জামায়াতকে বুঝতে ও মুসলিম হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য উৎকৃষ্ট একটি বই। যারা এখনো বইটি পড়েননি, পড়ে নিন। আপনার মন ভরে যাবে। মুসমানিত্বের দায়িত্ব পালনে আপনি সচেষ্ট হবেন ইনশাআল্লাহ।

#বুক_রিভিউ
বই : সত্যের সাক্ষ্য
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী
অনুবাদক : মুহাম্মদ নূরুল ইসলাম
প্রকাশনী : প্রকাশনা বিভাগ, জামায়াতে ইসলামী।
পৃষ্ঠা : ৪০
মুদ্রিত মূল্য : ১৬
জনরা : আত্মউন্নয়ন ও মোটিভেশন

১৬ জুল, ২০২২

ইসলাম পরিচিতি

 


বিংশ শতাব্দির শুরুটা ছিল মুসলিমদের জন্য খুবই হতাশাজনক। ইউরোপিয়ানরা পৃথিবীতে তাদের আগ্রাসন জোরদার করেছে, সাথে সাথে তারা জ্ঞান বিজ্ঞানে প্রভূত উন্নতি করে পৃথিবী শাসনের পথে এগিয়ে যাচ্ছিল। মুসলিম যুবকদের মধ্যে পশ্চিমা প্রীতি ও ইংরেজ প্রীতি বেড়ে যাচ্ছিল। মুসলিম শাসকদের একনায়কতন্ত্র বা স্বৈরাচারীর সুযোগ নিয়ে ইংরেজরা মুসলিম যুবকদের মুসলিম শাসনের প্রতি বীতশ্রদ্ধ করে তুলছিল।

এর মধ্যে ১ম বিশ্বযুদ্ধে ওসমানীয় খিলাফত পরাজিত হওয়ার সূত্র ধরে মুসলিমদের আশা ভরসার শেষ ঠিকানাও নিঃশেষ হয়ে যায়। ১৯২৩ সালে খিলাফত ভেঙ্গে দেওয়া হয়। সারা পৃথিবীতে মুসলিমরা এলাকাভিত্তিক জাতীয়তাবাদে বিভক্ত হয়ে যায়। মুসলিম উম্মাহ বলে আর কিছু অবশিষ্ট থাকে না।

এদিকে রাশিয়ায় ১৯১৭ সালে কম্যুনিস্টদের বিপ্লব মুসলিম আদর্শবাদীদের কম্যুনিস্টদের দিকে ধাবিত করে। সব মিলিয়ে মুসলিম সমাজের অবস্থা ছিল হযবরল। মুসলিমরা নিশ্চিত হয়ে গেছে তত্ত্ব হিসেবে ইসলাম আর ফাংশনাল না। ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না।

মুসলিম যুবকদের কেউ পশ্চিমা পুঁজিবাদী সংস্কৃতিতে গা ভাসিয়ে দিচ্ছে। কেউ কম্যুনিস্টদের বাম বিপ্লবে পা বাড়িয়ে দিয়েছে। এই বাজে অবস্থায় ইসলামের স্বরূপ তুলে ধরে মুসলিমদের ইসলামের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন উপমহাদেশের প্রখ্যাত চিন্তাবিদ ও সংগঠক সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ.।

১৯৩২ সালে তিনি নিজেও যুবক। তাঁর তখন ২৯ বছর। তিনি ইসলাম বলতে কী বুঝায় ও ইসলামের সঠিক তত্ত্ব সবার সামনে উপস্থাপন করার জন্য একটি বই লিখেন 'রিসালায়ে দ্বীনিয়াত' নামে। বইটিতে তিনি ইসলামের স্বরূপ উপস্থাপন করেছেন। এই বইটি উপমহাদেশে ব্যাপক সাড়া ফেলে। পৃথিবীর সকল প্রধান ভাষাসহ প্রায় ২৩ টি ভাষায় বইটি অনুবাদ হয়।

বইটি সবচেয়ে ভালো ভূমিকা রাখে আফগানিস্তানে। ১৯৬০ সালের পর থেকে আফগানিস্তানের মানুষ পার্শ্ববর্তী সোভিয়েত ইউনিয়নের প্রভাবে কম্যুনিস্ট হতে শুরু করে। এই বইটি তাদেরকে কম্যুনিজম থেকে ফিরিয়ে আনতে সহায়তা করে। আর এই বই নিয়ে আফগানিস্তান চষে বেড়িয়েছেন তৎকালীন কাবুল ভার্সিটির শিক্ষক ও পরবর্তিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট শহীদ বুরহান উদ্দিন রব্বানী।

বাংলায় 'রিসালায়ে দ্বীনিয়াত' বইটি অনুবাদ হয় 'ইসলাম পরিচিতি' নামে। অনুবাদ করেন সৈয়দ আব্দুল মান্নান। আন্তর্জাতিক দায়ি বিলাল ফিলিপ্স বলেছেন তাঁর ইসলামের দিকে আসার জন্য দুইটি বই ভূমিকা রেখেছে। এর মধ্যে একটি হলো রিসালায়ে দ্বীনিয়াত।

বইটিকে মাওলানা মওদূদী রহ. ৭ টি চ্যাপ্টারে ভাগ করেছেন।

১ম অধ্যায়ের নাম 'ইসলাম'
এই অধ্যায়ে মাওলানা কেন ইসলাম নাম দেওয়া হয়েছে, ইসলামের অর্থ, এর তাৎপর্য আলোচনা করেছেন। পাশাপাশি কুফর কী? কুফরের তাৎপর্য কী? এই আলোচনা করেছেন। অধ্যায়ের শেষে কুফর তথা ইসলামকে অস্বীকার করার কুফল ও ইসলামের কল্যাণ নিয়ে আলোচনা করেছেন।

২য় অধ্যায়ের নাম 'ঈমান ও আনুগত্য'
এই অধ্যায়ে তিনি প্রথমে আনুগত্যের জন্য জ্ঞান ও প্রত্যয়ের প্রয়োজন এটা নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন, মানুষ ততোক্ষন পর্যন্ত আল্লাহ তা’য়ালার আনুগত্য করতে পারে না, যতোক্ষণ না সে কতগুলো বিশেষ জ্ঞান লাভ করে এবং সে জ্ঞান প্রত্যয়ের সীমানায় পৌঁছে। সবার আগে মানুষের প্রয়োজন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে পূর্ণ প্রত্যয় লাভ। কেননা আল্লাহ আছেন, এ প্রত্যয় যদি তার না থাকলো, তা হলে কি করে সে তার প্রতি আনুগত্য পোষণ করবে?

এরপর তিনি ঈমানের পরিচয় নিয়ে আলোচনা করেছেন এবং এর ভিত্তিতে মানুষকে চারভাগে ভাগ করেছেন। এরপর তিনি জ্ঞানর্জনের মাধ্যম তথা ওহি নিয়ে নিয়ে আলোচনা করেছেন। এই অধ্যায়ের শেষে তিনি ঈমান বিল গায়েবের আলোচনাও করেছেন।

৩য় অধ্যায়ের নাম নবুয়্যত
এখানে মাওলানা মওদূদী নবুয়্যত নিয়ে আলোচনা করেছেন। নবুয়্যতের মূলতত্ত্ব ও এর পরিচয় কথা বলেছেন। নবীর আনুগত্য ও তাদের ঈমানের ব্যাপারে আলোচনা করেছেন। এরপর তিনি নবীদের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করেছেন। তাদের সাথে মানুষের বিভিন্ন আচরণেরও বর্ণনা দিয়েছেন। নবী হিসেবে মুহাম্মদ সা.-এর প্রমাণ ও নবুয়তের ভূমি হিসেবে আরবকে বেছে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। সবশেষে মুহাম্মদ সা. যে শেষ নবী সে বিষয়ে আলোচনা করেন।

৪র্থ অধ্যায়ের নাম 'ঈমানের বিবরণ'
এখানে মাওলানা মূলত কালেমা তাইয়েবার তাৎপর্য উল্লেখ করেন। এই প্রসঙ্গে বলেন, এ কালেমা-ই হচ্ছে ইসলামের বুনিয়াদ-যা দিয়ে এক কাফের এক মুশরিক ও এক নাস্তিক থেকে মুসলিমের পার্থক্য নির্ধারিত হয়। এ কালেমার স্বীকৃতি ও অস্বীকৃতি দ্বারা এক মানুষ ও অপর মানুষের মধ্যে বিপুল পার্থক্য রচিত হয়। এ কালেমার অনুসারীরা পরিণত হয় এক জাতিতে এবং অমান্যকারীরা হয় তাদের থেকে স্বতন্ত্র জাতি। এর অনুসারীরা দুনিয়া থেকে শুরু করে আখেরাতে পর্যন্ত উন্নতি, সাফল্য ও সম্মানের অধিকারী হয় এবং অমান্যকারীদের পরিণাম হচ্ছে ব্যর্থতা অপমান ও পতন। কালেমা তাইয়েবা সম্পর্কে একটি চমৎকার আলোচনা আছে এই অধ্যায়ে। সাথে ঈমানের অন্যান্য বিষয় যেমন রাসূল, কিতাব, ফেরেশতা, আখিরাত, তাকদির ইত্যাদি নিয়েও আচোলনা করেছেন মাওলানা মওদূদী।

৫ম অধ্যায়ের নাম 'ইবাদত'
এখানে মাওলানা ইবাদতের হাকিকত ও গুরুত্ব উল্লেখ করেন। সেই সাথে সালাত, সাওম, যাকাত, হজ্ব ও জিহাদ নিয়ে আলোচনা করেন। জিহাদ ও জিহাদের পরিব্যপ্তি নিয়ে এখানে একটি সুন্দর আলোচনা রয়েছে।

৬ষ্ঠ অধ্যায়ের নাম 'দ্বীন ও শরিয়ত'
এখানে মাওলানা দারুণভাবে দ্বীন ও শরিয়তকে বুঝিয়েছেন। দ্বীন ও শরিয়তের পার্থক্য নির্দেশ করেছেন। শরীয়ত জানাত মাধ্যম নিয়ে আলোচনা করেছেন। ফিকাহ ও এর ডেবলেপমেন্ট নিয়ে কথা বলেছনে। সবশেষে তাসাউফ নিয়ে আলোচনা করেছেন। ফিকহ ও তাসাউফের মধ্যে সম্পর্ক সূচিত করেছেন।

৭ম ও শেষ অধ্যায়ের নাম 'শরীয়াতের বিধি-বিধান'
এই অধ্যায়ে মাওলানা দারুণভাবে শরিয়তে সবার অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করেছেন। মাওলানা বলেন, শরীয়াত হচ্ছে একটি চিরন্তন বিধান। এর কানুন সমূহ কোন বিশেষ কওম ও কোন বিশেষ যুগের প্রচলিত রীতিনীতি ও ঐতিহ্যের উপর গড়ে ওঠেনি, বরং যে প্রকৃতির ভিত্তিতে মানুষ সৃষ্ট হয়েছে, সেই প্রকৃতির নীতির বুনিয়াদেই গড়ে ওঠেছে এ শরীয়াত। এ স্বভাব-প্রকৃতি যখন সকল যুগে সকল অবস্থায় কায়েম রয়েছে, তখন এরই নীতির বুনিয়াদে গড়া আইনসমূহ ও সর্ব যুগে সর্ব অবস্থায় সমভাবে কায়েম থাকবে।

এই বইটি পড়লে ইসলামের ব্যাপারে সম্যক জ্ঞান অল্পতেই গোছানোভাবে জানা সম্ভব। ইসলাম কী? কেন? কীভাবে? ও কী চায়? সব জানা সহজ হয়ে যাবে। যারা এখনো পড়েননি বইটি পড়ে দেখুন। আপনার দিগন্ত উন্মোচন হয়ে যাবে। ইসলামের ব্যাপারে জোরালো আস্থা তৈরি হবে।

#বুক_রিভিউ
বই : ইসলাম পরিচিতি
লেখক : সাইয়েদ আবুল আ'লা মওদূদী
অনুবাদক : সৈয়দ আব্দুল মান্নান
প্রকাশনী : আধুনিক প্রকাশনী
পৃষ্ঠা : ১১১
মুদ্রিত মূল্য : ৬৫
জনরা : থিয়োলজি